তামিম তো আর এখন তরুণ তামিম নেই
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিম ইকবালের ‘ছুটি’ শেষ হবে আগামী ২৭ জুলাই। এরপর তিনি টি-টোয়েন্টিতে ফিরবেন কি না, সে সিদ্ধান্ত এখনো জানাননি তামিম। তবু বাংলাদেশের ক্রিকেট আবহে এখন টি-টোয়েন্টিতে তামিমের ভবিষ্যৎ নিয়েই শোরগোলটা বেশি।
বিসিবি পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ অবশ্য সেই শোরগোলে যোগ দিলেন না। তিনি বিষয়টা তামিমের ওপরই ছেড়ে দিয়েছেন। কাল ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দেশ ছাড়ার আগে নিজের বাসায় সাংবাদিকদের মাহমুদ বলেছেন, ‘এটা তামিমের সিদ্ধান্ত, তার ক্যারিয়ার। তামিম তো আর এখন তরুণ তামিম নেই, বড় হয়েছে। তিন সংস্করণে খেলা অনেকের জন্যই কঠিন হচ্ছে। টানা খেলা, ফিটনেস ধরে রাখা—সবকিছুই গুরুত্বপূর্ণ। সিনিয়র খেলোয়াড়েরা নিজেরাই বেছে নেবে কে কোনটা খেলবে। কেউ যদি মনে করে এক ফরম্যাট ছেড়ে দেবে, সেটা ওদের সিদ্ধান্ত।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরই অবশ্য এ বছরের জানুয়ারিতে নেওয়া টি-টোয়েন্টি থেকে তামিমের ছয় মাসের ‘ছুটি’ শেষ হয়ে যাওয়ার কথা। বাংলাদেশ দল এরপর জিম্বাবুয়ে সফরে তিন টি-টোয়েন্টির সিরিজের পর খেলবে এশিয়া কাপ টি-টোয়েন্টি। বিশ্বকাপের আগে আগামী সেপ্টেম্বরের শেষে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজও খেলবে।
তামিম সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। করোনার কারণে এরপর প্রায় এক বছর খেলাই বন্ধ ছিল। তামিম আর টি-টোয়েন্টিতে ফিরবেন কি না, গত সোমবার একটি মুঠোফোন কোম্পানির পণ্যদূত হিসেবে নাম ঘোষণার অনুষ্ঠানে এমন প্রশ্ন করা হয়েছিল তামিমকে। তাঁর উত্তর ছিল, ‘টি-টোয়েন্টি নিয়ে যে পরিকল্পনা, সেটা তো আমাকে বলার সুযোগই দেওয়া হয় না। হয় আপনারা বলে দেন, নাহয় অন্য কেউ বলে দেয়। ওটাই চলতে থাকুক (হাসি)।’
এরপর অনেকটা আক্ষেপ করেই বলেছেন, ‘এত দিন ধরে আমি ক্রিকেট খেলি। এতটুক আমি আশা করতেই পারি যে আমি কী চিন্তা করি না করি, এটা আমার মুখ থেকে শোনানোর। কিন্তু হয় আপনারা (সংবাদমাধ্যম) কোনো ধারণা দিয়ে দেন বা অন্য কেউ এসে বলে দেয়। যখন বলেই দেয়, তখন আমার এখানে কিছু বলার নেই।’
তামিমের এ বক্তব্যই পরে নানাভাবে ব্যাখ্যা হয়েছে। তার প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান। পরে তামিমও সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। সেখানে ওয়ানডে দলের অধিনায়ক বলেছেন, সময় হলে তিনি নিজেই টি-টোয়েন্টি নিয়ে তাঁর সিদ্ধান্তের কথা জানাবেন।