তামিম-দিলশানে উড়ে গেল সিলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানের জন্য ছুটছেন তিলকরত্নে দিলশান ও তামিম ইকবাল। দুজনই শেষ পর্যন্ত অপরাজিত ৬৭ রানে। তাঁদের ১৪০ রানের অবিচ্ছিন্ন জুটিই কাল সিলেটের বিপক্ষে ১০ উইকেটে জেতাল স্বাগতিক চট্টগ্রামকে l শামসুল হক
রানের জন্য ছুটছেন তিলকরত্নে দিলশান ও তামিম ইকবাল। দুজনই শেষ পর্যন্ত অপরাজিত ৬৭ রানে। তাঁদের ১৪০ রানের অবিচ্ছিন্ন জুটিই কাল সিলেটের বিপক্ষে ১০ উইকেটে জেতাল স্বাগতিক চট্টগ্রামকে l শামসুল হক

মোহাম্মদ শহীদের করা প্রথম বলটিই ডাউন দ্য উইকেটে এসে চালালেন তামিম ইকবাল। অফসাইডে চার! বুঝিয়ে দিলেন সিলেটের সঙ্গে বোঝাপড়াটা এখনো বাকি। প্রথম ওভারেই তিনটি চার মেরে যে ইঙ্গিত দিয়েছিলেন, ইনিংসজুড়েই সেটার প্রভাব রইল। তিলকরত্নে দিলশানও পরে তাণ্ডবে মেতে ওঠায় সিলেট অসহায় আত্মসমর্পণ করল। ১০ উইকেটে সিলেট সুপারস্টারসকে হারাল চিটাগং ভাইকিংস। তামিমের কাছে হারলেন শহীদ আফ্রিদিও।
আজ বিপিএলে প্রথম খেলতে নেমেছিলেন আফ্রিদি। নেমেই ৪১ বলে ৬২। মূলত তাঁর ব্যাটে চড়েই ৯ উইকেটে ১৩৯ রান তোলে সিলেট। প্রথম ছয় ম্যাচের পাঁচটিতেই হেরে যাওয়া চট্টগ্রাম পারবে কি না, সেই সংশয় যেন শুরু থেকেই মুছে দিতে থাকেন তামিম। সঙ্গী দিলশানও দিলেন দারুণ সঙ্গ। দুজনই ছিলেন ৬৭ রানে অপরাজিত। ৫১ বলের ইনিংসটিতে আটটি চার মেরেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। ৪৬ বলের ইনিংসে ৬টি চারের পাশাপাশি তিনটি ছক্কা হাঁকিয়েছেন দিলশান। টুর্নামেন্টে উইকেটের দিক দিয়ে সবচেয়ে বড় জয়টাও তুলে নিল তামিমের দল।
১৪০ রান তাড়া করতে নেমে ৪.২ ওভারেই ৫০ রান তুলে ফেলেন দুজনে মিলে। পাওয়ার প্লের ৬ ওভারে আসে ৬৯ রান! ম্যাচের ফল নিয়ে সব সংশয় মিলিয়ে যায় যেন তাতেই। তখন বরং আগ্রহ ছিল দুটি বিষয়েই—কে আগে ফিফটি পাবেন, আর দুই ওপেনারই ম্যাচ শেষ করে আসতে পারেন কি না। প্রথমটির উত্তর মিলল ১০.৫ ওভারে। সোহেল তানভীরকে এক্সট্রা কভার দিয়ে চার মেরে নিজের ফিফটি আর দলের ১০০ পূরণ করেন তামিম।
৪৮ রান নিয়ে অপর প্রান্তে দাঁড়িয়ে তখন দিলশান। একটু পরে দিলশানও পেয়ে গেলেন বিপিএলের এ আসরের প্রথম ফিফটি। দুজন মিলেই যখন ম্যাচ শেষ করলেন, তখনো খেলার ২৩ বল বাকি!
খেলার প্রথম ভাগটি ছিল আফ্রিদিময়। শহীদ আফ্রিদিকে কেন্দ্র করে সিলেট দল ঘোষণা দিয়েছিল টুর্নামেন্ট শুরুর বহু আগেই। সেই আফ্রিদি দলে যোগ দেওয়ার আগেই পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে সিলেট। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক ছয় ম্যাচের পঞ্চম হারটি দেখলেন দলে যোগ দিয়েই।
আফ্রিদি অবশ্য নেমেই সামাল দেন দলের ব্যাটিং বিপর্যয়। চার ওভারের মাঝেই মাত্র ২২ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল সিলেট। সেখান থেকেই দলকে বিপদমুক্ত করার কাজে নামেন আফ্রিদি। কিন্তু উল্টো দিক থেকে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল থামছিল না। ফলে ১০.৩ ওভারেই মাত্র ৬৩ রানে ষষ্ঠ উইকেট হারায় সিলেট। এরপরই পাল্টা-আক্রমণের শুরু। সোহেল তানভীরকে সঙ্গী করে মাত্র ৩৬ বলেই ৬০ রানের জুটি গড়েন আফ্রিদি, নিজেও পেয়ে যান ফিফটি। তবে এ জন্য চট্টগ্রামের ফিল্ডারদের ধন্যবাদ দিতে পারেন তিনি। তাঁরা ক্যাচ হাতছাড়ার মহড়া না শুরু করলে মাত্র ২৫ রানেই আউট হতেন আফ্রিদি। পরে যার মাশুল গুনতে হয়েছে আফ্রিদির ঝড়ের মুখে পড়ে। একসময় মনে হচ্ছিল বড় এক স্কোরই গড়তে যাচ্ছে সিলেট। কিন্তু মাত্র পাঁচ বলের মধ্যে আফ্রিদি-তানভীর দুজনেই আউট হয়ে গেলে স্বপ্নটা শেষ হয়ে যায় সিলেটের। আফ্রিদিকে ফিরিয়ে তাঁরই স্বদেশি মোহাম্মদ আমিরের উল্লাস ছিল দেখার মতো।
তবে শেষ পর্যন্ত তৃপ্তির হাসি হাসলেন তামিমই।

সংক্ষিপ্ত স্কোর
সিলেট সুপারস্টারস: ২০ ওভারে ১৩৯/৯ (মুনাবীরা ৪, নুরুল ৬, বোপারা ১১, মুশফিক ০, মুমিনুল ৯, আফ্রিদি ৬২, নাজমুল ৭, তানভীর ১৭, রাজ্জাক ১০*, শহীদ ৪; আমির ১/১৮, শফিউল ২/৩৭, বিলওয়াল ১/২০, তাসকিন ১/২৭, আসিফ ১/৩১)। চিটাগং ভাইকিংস: ১৬.১ ওভারে ১৪০/০ (তামিম ৬৭*, দিলশান ৬৭*; শহীদ ০/২৫, তানভীর ০/২৪, মুনাবীরা ০/২২, রাজ্জাক ০/২৭, রুবেল ০/১২, আফ্রিদি ০/১৫, বোপারা ০/১০)।
ফল: চিটাগং ১০ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: তিলকরত্নে দিলশান।