তামিম নিজেই বিস্মিত

তামিম ইকবাল বিস্মিত। মুস্তাফিজুর রহমান ৫ উইকেট পাওয়ার পরও তিনি কেন ম্যান অব দ্য ম্যাচ! বিস্ময়টা বাংলাদেশ ওপেনার ছড়িয়ে দিলেন ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও, ‘অবাক হয়েছি। ৫ উইকেট পাওয়া খেলোয়াড়ই এর বড় দাবিদার ছিল। ভেবেছিলাম আমি হয়তো দ্বিতীয় বিবেচনায় থাকব।’
সিরিজ শেষের সংবাদ সম্মেলনে কিছু প্রসঙ্গ প্রথাগতভাবেই আসে। জিম্বাবুয়েকে ধবলধোলাই করে কেমন লাগছে, টি-টোয়েন্টি সিরিজ নিয়ে কী চিন্তা করছেন...ইত্যাদি। তবে কাল প্রথার বাইরের প্রসঙ্গও কম ছিল না। ম্যাচে মুস্তাফিজের শেষ ওভারে স্লিপ-গালি-পয়েন্ট মিলিয়ে আট ফিল্ডার রাখা নিয়ে তো বেশ কয়েকটা প্রশ্নই হলো। মাহমুদউল্লাহর ‘রানআউট’ হওয়ার পর আবার ফিরে আসা নিয়েও প্রতিক্রিয়া জানাতে হলো দুই দলের অধিনায়ককে। এত কিছুর মধ্যে ম্যান অব দ্য ম্যাচ নিয়ে ওই কথা বলে তামিম নিয়ে এলেন নতুন প্রসঙ্গ।
না, তামিম না হয়ে মুস্তাফিজ কেন ম্যাচসেরা হলেন না, সে বিতর্ক ডালপালা মেলেনি। তবে তামিম আর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সংবাদ সম্মেলনের অনেকটা অংশজুড়েই থাকল নয় ওয়ানডেতে মুস্তাফিজের তৃতীয় ৫ উইকেট। তামিম তো শুধু কালকের ম্যাচেই নয়, বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্যেই দেখছেন বাঁহাতি এই পেসারের গুরুত্বপূর্ণ অবদান, ‘ও যখনই বোলিংয়ে আসে, আমরাও মনে করি কিছু না কিছু হবে। আমাদের সাফল্যের পেছনে তার অনেক বড় অবদান। এ রকম একজন উইকেটশিকারি পেসারের অভাব ছিল আমাদের। দলে নিজের ভূমিকা খুব ভালোভাবে পালন করছে সে।’
তামিমের কথার সূত্র টেনে পরে মাশরাফিও বলেছেন, ‘ওর বলে অনেক বৈচিত্র্য। দুই রকম কাটার করতে পারে সে, যেটা ব্যাটসম্যানদের সব সময়ই বিভ্রান্তিতে ফেলে। মুস্তাফিজ এখন যেভাবে খেলছে, অনেক বড় বড় বোলারের রেকর্ডও একদিন ভেঙে ফেলবে।’
মুস্তাফিজের শেষ ওভারে যে উইকেটকিপার মুশফিকুর রহিমের পাশে সারি বেঁধে আট ফিল্ডার দাঁড়িয়ে গেলেন, সেটাও কি তাহলে বিশ্বকে এই বার্তা দিতেই? অধিনায়কের কথা শুনে অবশ্য মনে হলো না এর পেছনে ক্রিকেটীয় কোনো কারণ ছিল, ‘আসলে ওই সময় নাসির বারবার চিৎকার করে বলছিল, আটটা স্লিপ রাখেন। আমিও ভাবলাম রেখে দিই, আটটা স্লিপ...। পরে অবশ্য একটা ফিল্ডার মিড অফে নিয়ে এসেছি।’ ক্রিকেটীয় কারণ না থাকলেও মাশরাফির সহজ-সরল ব্যাখ্যায় ওই সময়ে দলের উত্তুঙ্গ আত্মবিশ্বাসটাই যেন ফুটে উঠল। না হলে নিছক খেয়ালের বশে ম্যাচে ও রকম সিদ্ধান্ত নেয় কোনো অধিনায়ক!
জিম্বাবুয়েকে দাপট দেখিয়ে হারানোর প্রতিজ্ঞা সিরিজের বাতাবরণে ছড়িয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান। সন্তানের মুখ দেখতে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় প্রথম ম্যাচের পর থেকেই তিনি দলের সঙ্গে নেই। জিম্বাবুয়েকে ধবলধোলাই করার পরও সাকিবের অভাবটা মনের মধ্যে রয়ে গেছে মাশরাফির, ‘সাকিব থাকলে নির্ভার হয়ে খেলা যায়। ও না থাকলে অনেক ঝুঁকি নিতে হয়।’
সাকিব অবশ্য না থেকেও ছিলেন। জিম্বাবুয়ের সঙ্গে নিজেদের আসল পার্থক্যটা তুলে ধরতে তাঁর ছড়িয়ে দেওয়া দাপুটে জয়ের নেশা যে পেয়ে বসেছিল সবাইকেই! তামিমের কথাটাই শুনুন, ‘বড় দলগুলো যে রকম আমাদের সঙ্গে ম্যাচে সব সময় চাপে থাকে, আমরাও সবচেয়ে বেশি চাপে থাকি জিম্বাবুয়ের বিপক্ষে খেলার সময়। কারণ আমরা জানি ওদের বিপক্ষে হারা যাবে না, ভালোভাবে জিততে হবে।’ তবে আফ্রিকার দলটা খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও তাদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্যের পক্ষে নন তিনি, ‘ওদের সঙ্গে আমাদের খেলাই উচিত না, এই চিন্তাটা ঠিক নয়। জিম্বাবুয়ের সঙ্গেও কিছু কিছু পরিস্থিতিতে আমাদের লড়াই করতে হয়। তাদের বিপক্ষে খেলে অনেক কিছু শেখার আছে। খারাপ সময়ে এসব অভিজ্ঞতা কাজে লাগবে।’
আরেকটি ধবলধোলাইয়ের স্বাদের চেয়ে এই বোধটাই বোধ হয় বড় প্রাপ্তি তামিম-মাশরাফিদের।