তামিম নিজেও অবাক

স্টেপ ডাউন করে এগিয়ে এলেন আর সপাটে বোলারের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দিলেন বাউন্ডারির দিকে—তামিম ইকবাল নামটি শুনলেই তো এই ছবি ভেসে আসে মাথায়। কিন্তু মারকুটে তামিম এখন বেশ পরিণত। আট বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। সেই অভিজ্ঞতায় অনেকটা শান্তও হয়ে এসেছেন। একসময় বাংলাদেশের ম্যাচ মানেই আলোর কেন্দ্রে তামিম। এখন যেন অনেকটাই পার্শ্ব চরিত্র। ‘বড় ভাই’য়ের ভূমিকা নিয়ে পথ দেখাচ্ছেন বিশ্বকে দেখিয়ে দেওয়ার অসীম সাহস নিয়ে এগিয়ে আসা অনুজদের।
আজ অনেক দিন পর তামিমের হাতে উঠল ম্যাচ সেরার পুরস্কার। আজকের জয়ে অবশ্যই বড় ভূমিকা আছে তাঁর। কিন্তু তামিম নিজেই অবাক হয়েছেন ম্যাচ সেরার পুরস্কার পেয়ে। বলেছেন, তাঁর বদলে মুস্তাফিজ পেলেই বরং খুশি হতেন বেশি।
তিন ফরম্যাটেই তিনি বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক। এ জন্যই যেন আরও বেশি দায়িত্বশীল হয়ে উঠেছেন। এখন আর প্রথম বল থেকেই তেড়েফুঁড়ে ছোটেন না বোলারদের পিছে। বরং ইনিংস গড়ার দিকেই মনোযোগটা বেশি। আজ তো এমনও হলো, ইমরুলের সঙ্গে জুটিটায় তাঁর স্ট্রাইক রেটই কম! ইমরুল যেখানে ৪টি ছক্কা হাঁকিয়েছেন, সেখানে তামিমের ছক্কা সংখ্যা মাত্র একটি।
বদলে যাওয়ার প্রমাণ পাওয়া যায় তাঁর বর্তমান স্ট্রাইক রেটেও। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরির পর ওয়ানডেতে মোট দশটি ইনিংস খেলেছেন। এই দশ ম্যাচে একবারও তাঁর স্ট্রাইক রেট ১০০ পেরোয়নি। কিন্তু এর মানে এই নয় যে মারতে ভুলে গেছেন তামিম, বরং কারণটি উল্টো। এখন দলের প্রয়োজন বুঝে ইনিংস গড়ায় মন দিচ্ছেন তামিম। ‘রিস্ক ফ্যাক্টর’ কমিয়ে এনেছেন। আর সে জন্যই নিজের খেলাটাকে খানিকটা বদলেছেন।
এক সময় বাংলাদেশ দলের কেউ সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা মানেই তো ছিল পরিচিত কয়েকটি নাম। যাদের মধ্যে প্রথম দিকেই থাকতেন তামিম। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সেরা হওয়ার পর বাংলাদেশ সাতটি ম্যাচ জিতলেও আর সেই পুরস্কার তোলা হয়নি হাতে। তবে তামিম জানালেন, ‘খুবই অবাক হয়েছি। মুস্তাফিজ পাঁচ উইকেট পেয়েছে। ম্যাচ সেরার পুরস্কার ওরই পাওনা।’
এখানেও ‘বড় ভাই’ তামিমের পরিচয় মিলল। অনুজদের আনন্দই যাঁর আনন্দ।