তামিম বলতেই পারেন, হোয়াই অলওয়েজ মি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালকের সেই উদ্‌যাপন। ছবি: শামসুল হক
কালকের সেই উদ্‌যাপন। ছবি: শামসুল হক

‘হোয়াই অলওয়েজ মি? সব সময় আমিই কেন?’
২০১১-র অক্টোবর। উত্তেজনার আগুনে উত্তাপ ছড়ানো ম্যানচেস্টার ডার্বিতে গোল করলেন মারিও বালোতেল্লি। এরপর অদ্ভুত উদ্‌যাপন। জার্সিটা টেনে বুকের ওপরে তুললেন। নিচের জামায় একটা লেখা ফুটে উঠল-‘হোয়াই অলওয়েজ মি?’
সব সময় বিতর্কের কেন্দ্রে থাকেন। সব সময় তাঁকে নিয়ে বেরোয় বেখবর। বর্ণবাদী আচরণের শিকার হন। কখনো ধেয়ে যায় সমালোচনার বিষমাখা তির। বালোতেল্লি সেদিন পাল্টা শ্লেষ ছুড়ে দিয়েছেন-আমাকে বেছে নিতে খুব ভালো লাগে, না! নাকি বালোতেল্লির সেই উদ্‌যাপনে ছিল ক্লান্তি? অসহায়ত্ব?
তামিম ইকবালের কালকের উদ্‌যাপন কারও কাছে ঔদ্ধত্য মনে হয়েছে। কারও কাছে মনে হয়েছে বাড়াবাড়ি। তামিম স্বীকার করুন আর না-ই করুন, তাঁর উদ্‌যাপনের দুটোই অর্থ হয়: ‘নিন্দুকেরা, তোমরা বড্ড বেশি বকবক করো।’ কিংবা, ‘অনেক হয়েছে, এবার থামো।’
তামিমের এই উদ্‌যাপনে শুধু ঔদ্ধত্যটাই দেখলেন? কষ্টটা একবারও খুঁজে পাননি? একবারও মনে হয়নি, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস খেলে, দর্শকদের তুমুল করতালির বৃষ্টি আর ‘তামিম’ ‘তামিম’ গর্জনের পরেও, একবারও তিনি সেদিকে তাকালেন না! তামিম যেন বলছেন, ‘এই অভিবাদনের আমার দরকার নেই। দোহাই, ফুল দিয়ো না, ঢিলও ছুড়ো না।’ এই তামিম বড্ড অভিমানী।
অভিমান তাঁর হওয়ারই কথা। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক কে? তামিম ইকবাল! বর্তমান খেলোয়াড়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি রান কার? তামিম ইকবাল! টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক কে? মাত্র ৫০টি রানের জন্য উত্তরটা তামিম ইকবাল হতে পারল না! কিন্তু যদি প্রশ্ন করেন, তিন ধরনের ক্রিকেট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান কার? এখানেও তামিম ইকবাল! তিন ধরনের ক্রিকেট মিলিয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি কার? তামিম ইকবাল!

ওয়ানেডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসটা কার? তামিম ইকবাল! ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ছয়টি ইনিংসের চারটিই তাঁর। টি-টোয়েন্টির সর্বোচ্চ ইনিংসের মালিক? তামিম।
তিন ধরনের ক্রিকেটে দেশের বাইরে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান? সবচেয়ে বেশি সেঞ্চুরি? একই উত্তর কবার দেওয়া যায়! দেশের বাইরে ২৭টি সেঞ্চুরি আছে বাংলাদেশের। তামিমের পাঁচটি, আশরাফুল চার, সাকিব তিন, হাবিবুল বাশার দুইটি। পাঁচটি মহাদেশ ক্রিকেট খেলে। অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, আফ্রিকা, ইউরোপ আর এশিয়া। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আর পাঁচটি রান করতে পারলে পাঁচ মহাদেশেই সেঞ্চুরি করার কৃতিত্ব হতো তামিমের! তামিম বাংলাদেশের একমাত্র ক্রিকেটার, ১৫০ বছরেও বেশি সময় ধরে প্রকাশিত হতে থাকা, ক্রিকেটের বাইবেল উইজডেন অ্যালম্যানাকের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন।

মারিও বালোতেল্লি বলছেন: হোয়াই অলওয়েজ মি! ফাইল ছবি
মারিও বালোতেল্লি বলছেন: হোয়াই অলওয়েজ মি! ফাইল ছবি

তামিম ধারাবাহিক নন। ক্রিকেটে ‘কনসিসটেন্সি’টাই শেষ কথা। বটে! ধারাবাহিকতার মাপকাঠি কী? ব্যাটিং গড়? তিন ধরনের ক্রিকেট মিলিয়ে বাংলাদেশের সেরা পাঁচজনের মধ্যেই আছেন তিনি। টেস্টের কারণে মুমিনুলের গড়টা ৪০.০২ দেখাচ্ছে। দুইয়ে থাকা আবুল হাসানকে (৩৫.৬০) এই আলোচনায় রাখবেন কিনা আপনিই বিবেচনা করুন। সাকিব (৩৪.০২) আর নাসিরের (৩২.৮৪) চেয়ে তামিমের গড়টা (৩১.৪৩) বড্ড বাজে দেখাচ্ছে কি?
কিন্তু তামিমের যে দুই বছর লাগল সেঞ্চুরি পেতে...। বেশ শক্ত যুক্তি বটে। এ সময়ে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান? সেই মুশফিকুর রহিম ১৯ ইনিংস পর সেঞ্চুরি পেয়েছেন। তামিমের লেগেছে ২১ ইনিংস। হ্যাঁ, এই সময়টায় তামিম বড্ড বাজেভাবে বেশ কয়েকটা ইনিংসে আউট হয়েছেন। কিন্তু মনে রাখবেন, তামিম ওপেনার, মুশফিক খেলেন মিডল অর্ডারে। মুশফিকের চেয়ে তামিমের কাজটা অনেক অনেক কঠিন। ইনিংসের প্রথম বলটা তাঁকেই সামলাতে হয়। নতুন বলটা তাঁকেই খেলতে হয়। ইনিংসের ভিত্তি ওপেনাররাই দাঁড় করিয়ে যান। কালকে তামিম ওই ইনিংসটা খেলছেন বলেই মুশফিক বাংলাদেশের পক্ষে তৃতীয় দ্রুততম সেঞ্চুরিটা পেয়েছেন। ম্যাচ সেরা মুশফিক ম্যাচ শেষেও বলেছেন, ‘আমার ম্যান অব দ্য ম্যাচ তামিম।’
তামিমকে বাদ দাও বাদ দাও বলে চিৎকার করছে যারা, তাদের জন্য এই পরিসংখ্যান: বর্তমান ওপেনারদের মধ্যে ওয়ানডেতে তামিমের রান ৪ হাজার ২৫৭, ইমরুলের ১ হাজার ৩২৯। এনামুলের ৯৫০, তিনিও ইনজুরিতে। জুনায়েদের রান ৪১৮...। নতুনদের সুযোগ দেওয়া যায় বটে। এখন আপনিই ঠিক করুন, অন্তত পরিসংখ্যান বিবেচনায় বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যানটিকে ছেঁটে ফেলে দুই নতুন অনভিজ্ঞকে দিয়ে ওপেন করাবেন, নাকি অভিজ্ঞতার মিশেল চান?
তামিমকে বাদ দাও বাদ দাও বলে চিৎকার করছে যারা, এরাই কদিন আগে মাহমুদউল্লাহর নাম ধরে একই চিৎ​কার করেছে। ভাগ্য ভালো আমাদের নির্বাচকেরা ফেসবুক-টেসবুক খুব একটা দেখেন না। দেখেন না বলেই, বিশ্বকাপে টানা দুটো সেঞ্চুরি দেখেছে বাংলাদেশ। বিশ্বকাপে সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় এক সময় ছিল মাহমুদউল্লাহর নাম।
তামিম খুব উদ্ধত। বিনয়ী-ভদ্র নন। আপনি যখন তামিমের চাচার যোগসূত্র টেনে একজন মানুষের জন্য সর্বোচ্চ অপমানজনক মন্তব্য করেন, আপনি যখন লেখেন ডানো বয়, আপনি যখন লেখেন, ও তো ম্যাগি নুডুলস, দুই মিনিটের বেশি টেকে না-তখন কোথায় থাকে বিনয়? কোথায় থাকে ভদ্রতা? তামিমকে তামিমের মতো থাকতে দিন। তাঁর বয়স মাত্র ২৬। এই বয়সে অনেকের ক্রিকেট ক্যারিয়ারই শুরু হয়। তামিমকে পরিণত হতে দিন। ওপরের সব পরিসংখ্যান-যুক্তিও যদি আপনার মনে না ধরে, দোহাই, তামিমকে মুক্তি দিন! দোহাই, ফুল দেওয়ার দরকার নেই, ঢিলও যেন ছুড়বেন না!
ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতেই শূন্য রানে আউট হয়েছিলেন এক খেলোয়াড়। বাংলাদেশ হলে তৃতীয় ম্যাচ খে​লার সুযোগ তাঁর হতো না, কে জানে, ক্যারিয়ারটাই শেষ হয়ে যেত কিনা। কী নাম সেই ব্যাটসম্যানের? শচীন টেন্ডুলকার।