তামিম-মাশরাফির চোখে স্বাভাবিক 'দিলশান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলশানের বাড়িয়ে দেওয়া পায়ে লেগে মাটিতে পড়ে গেলেন ইমরুল। ছবি: প্রথম আলো
দিলশানের বাড়িয়ে দেওয়া পায়ে লেগে মাটিতে পড়ে গেলেন ইমরুল। ছবি: প্রথম আলো

খেলাটা টি-টোয়েন্টি। ব্যাট-বলের লড়াই। তার মধ্যে কাল চট্টগ্রামের দর্শকদের একটু ‘কাবাডি’র স্বাদ দিলেন তিলকারত্নে দিলশান। বিষয়টি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটি দিলশানই ভালো বলতে পারবেন, তবে কাল কুমিল্লা-চট্টগ্রাম ম্যাচে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে রইল এই ‘দিল-কাবাড্ডি’ই! যেটিকে স্রেফ মানবিক ভুল বলেই মেনে নিচ্ছেন দুই দলের অধিনায়ক তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা।

ঘটনাটি ঘটেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানসের ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে। ভিক্টোরিয়ানস ওপেনার ইমরুল কায়েস দৌড়ে রান নেওয়ার সময় ক্রিজে দাঁড়ানো দিলশান পা বাড়িয়ে দিয়েছিলেন। পায়ে পা লেগে পড়ে যান ইমরুল। চট্টগ্রামের খেলোয়াড়েরা এই সময় উইকেট ভেঙে দিয়ে রান আউটের আবেদন করেছিলেন। কিন্তু রান আউট তো দেওয়া হয়ইনি, ‘ইচ্ছে’ করে কায়েসকে ফেলে দেওয়ায় বলটিকে ‘ডেড’ ঘোষণা করে আম্পায়াররা উল্টো ৫ রান জরিমানা করেছেন চিটাগাং ভাইকিংসকে।
ম্যাচে বিনা বাক্যব্যয়ে শাস্তি মেনে নিয়েছিলেন চট্টগ্রাম অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ শেষেও যে তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হবে সেটি আগেই বুঝতে পেরেছিলেন। সংবাদ সম্মেলনে ঢুকেই তাই হাসিমুখে বললেন, ‘আজ (কাল) একটা কমন প্রশ্ন থাকবে তাই না? দিলশানের ঘটনাটা!’
তবে ঘটনাটি নাকি মাঠে পরিস্কার দেখতে পাননি তামিম। আম্পায়ারদের সিদ্ধান্তের ওপরই সব কিছু ছেড়ে দিয়েছিলেন ভাইকিংস অধিনায়ক। ঘটনাটা ব্যাখ্যা করলেন এভাবে, ‘যে পজিশনে ফিল্ডিং করেছিলাম সেখান থেকে দেখা কঠিন, আসলে কী ঘটেছিল। তবে দেখে তো মনে হয়েছে কিছু একটা ঘটেছে। ব্যাটসম্যান পড়ে গেছে, আমাদের ফিল্ডারও পড়ে গেছে। আম্পায়ারের কাছে গিয়ে বলেছি, আমি আবেদন করব না। এটাও বলব না, আউট দিতে হবে কিংবা এমন কিছু। আপনারাই সিদ্ধান্ত নেন। আমি তো আর ওই সময় ভিডিও দেখিনি। ইমরুলকেও একই কথা বলেছি। এর পর আম্পায়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাই চূড়ান্ত।’
ম্যাচের সময় দেখেননি। পরে তো ভিডিওতে দেখেছেন আসলে কী হয়েছিল! সেটি দেখে দিলশানের ঘটনাটাকে শুধুই মানবিক ভুল বলে মনে হচ্ছে তামিমের কাছে, ‘পরে ভিডিওটা দেখেছি। দিলশানকে দোষ দিতে পারি না। মুহূর্তের মধ্যে এমন কিছু হতেই পারে, কোনো ফিল্ডার ইচ্ছে করে এমন করে না। দিলশানও আমাকে বলেছে, একসঙ্গে দুজনে ধাক্কা খেয়েছি। ওই মুহূর্তে অনেক কিছু হয়ে যায়।’
ঘটনাটাকে তামিম সহজভাবে ব্যাখ্যা করলেন নিজের ব্যাটিংয়ের অভিজ্ঞতা দিয়ে, ‘একজন ব্যাটসম্যান এলবিডব্লিউ হলে হুট করে ব্যাট উঠিয়ে দেখায়। আমিও জীবনের দু-একবার দেখিয়েছি। যেটাতে হয়তো বলে ব্যাটে লাগেই নাই। এটা আসলে হয়ে যায়।’
আর আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়েও তাঁর কোনো প্রশ্ন নেই। মাঠে মেনে নিয়েছিলেন, ভিডিও দেখেও আম্পায়ারদের সিদ্ধান্তকে সঠিক বলে মনে হয়েছে তামিমের কাছে, ‘ভিডিও দেখে মনে হয়েছে, এমন হলে ব্যাটসম্যানকে আউট দেওয়া যাবে না।’

দিলশানের ব্যাপারটিকে ‘মানবিক ভুল’ মানছেন কুমিল্লার অধিনায়ক মাশরাফিও। তামিমের মতো পুরো বিষয়টাকে আম্পায়ারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছিলেন কুমিল্লা অধিনায়কও, ‘জিনিসটা আসলে আম্পায়ারের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। ওখানে যদি আউটটা দিত, তাও আমাদের করার কিছু ছিল না। নিশ্চয় আইন আছে। আইনের মধ্যে থেকে যা করা দরকার, সেটাই আম্পায়ার করেছেন।’
কিন্তু আম্পায়ারদের সিদ্ধান্তে তো এসেছে, দিলশান ইচ্ছে করেই ওভাবে পা বাড়িয়ে দিয়েছেন। অমন একজন অভিজ্ঞ খেলোয়াড়ের কাছ থেকে এমন কিছু প্রত্যাশিত ছিল না জানিয়েই বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বললেন, ‘ক্রিকেটীয় জায়গা থেকে বলব, জানি না সে এটা করেছে কিনা। করলে অবশ্যই সবাই বলবে, ঠিক হয়নি। আর মানুষ মাত্রই ভুল করে।’ তবে বিষয়টিকে স্রেফ ভুলের বাইরে অন্য কিছু হিসেবে দেখতে চান না ম্যাশ, ‘অভিজ্ঞ খেলোয়াড় হলে মানুষ আশা করে, তার কাছ থেকে যেন ভুল কম হয়। কিন্তু সবাই মানুষ। ভুল হতেই পারে। এ ঘটনাকে অন্যদিকে নিতে চাই না। সব ভুলের শাস্তি বা জরিমানা রয়েছে। এ ক্ষেত্রেও সেটাই হয়েছে।’