তামিম-মুশফিকরা তাঁদেরও অনুপ্রেরণা
প্রতিপক্ষ এখানেও ইংল্যান্ড। তবে টেস্ট নয়, এটি টি-টোয়েন্টি। কিন্তু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তামিম-মুশফিকরা যখন খেলবেন, তাঁরা হয়তো জানবেনও না প্রায় আড়াই হাজার মাইল দূরে বাংলাদেশের অন্য একটা দল তাঁদেরই অনুপ্রেরণা হিসেবে নিয়ে ইংল্যান্ডকে হারানোর লক্ষ্যে মাঠে নামছে। এই দলটা বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেটারদের। দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে আজ যাঁদের প্রতিপক্ষ ইংল্যান্ড প্রতিবন্ধী ক্রিকেট দল।
আজ থেকে শুরু ত্রিদেশীয় এই প্রতিবন্ধী টি-টোয়েন্টি টুর্নামেন্টে অন্য দল পাকিস্তান। স্থানীয় সময় দুপুরে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের আগে সকালে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ দিয়েই আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াবে টুর্নামেন্ট। গ্রুপ পর্বে প্রতিটি দল বাকি দুই প্রতিপক্ষের সঙ্গেই দুটি করে ম্যাচ খেলবে। ফাইনাল ২৪ অক্টোবর।
এ টুর্নামেন্টে খেলা কিংবা ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া কোনোটাই অবশ্য বাংলাদেশের জন্য নতুন নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সহায়তায় আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) গত বছর সেপ্টেম্বরে প্রথমবারের মতো আয়োজন করে শারীরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে। যে টুর্নামেন্টের সাফল্যের পর এবার আইসিসি একাডেমিই উদ্যোগ নেয় দ্বিতীয়বারের মতো এ টুর্নামেন্ট আয়োজনের।
গত বছর ইংল্যান্ড চ্যাম্পিয়ন হলেও তাদের শুরুটা হয়েছিল বাংলাদেশের কাছে হেরে! কিন্তু পরের দুই ম্যাচে পাকিস্তান ও আফগানিস্তানের কাছে হেরে যাওয়ায় শেষ পর্যন্ত ফাইনালে খেলা হয়নি বাংলাদেশের।
এবারও প্রথম ম্যাচে সেই ইংল্যান্ডকেই পেল বাংলাদেশ। এ ধরনের ক্রিকেটে ইংল্যান্ড অভিজ্ঞ হলেও গতবারের জয়টাই বড় প্রেরণা বাংলাদেশের। অধিনায়ক মো. আলম খানের কণ্ঠেও আত্মবিশ্বাস, ‘ওদের হারানোর সামর্থ্য যে আমাদের আছে তা আগেই দেখিয়েছি। আশা করছি, আবারও পারব।’ শুধু এই ম্যাচ ঘিরে নয়, তাঁর স্বপ্নটা আরও বড়, ‘সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ফাইনাল খেলা বা চ্যাম্পিয়ন হওয়াও অসম্ভব নয়।’ দলের প্রধান কোচ মাসুদ হাসানের কণ্ঠেও একই আত্মবিশ্বাস। তবে একই সঙ্গে বাস্তবতাটাও তিনি জানেন, ‘গত বছর খেলেছিলাম নিজের মাঠে। এবার খেলব অচেনা কন্ডিশনে। এটা বড় চ্যালেঞ্জ।’
তবে জীবনের অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে আসা আলম, দ্রুপম তীর্থ আর রিয়াদুল ইসলামরা সেই চ্যালেঞ্জ নিতে ভয় পাচ্ছেন না। দলের পৃষ্ঠপোষক আইসিআরসি শুরু থেকে তাঁদের উজ্জীবিত করেছে ‘আমরাও পারি’ মন্ত্রে। এ টুর্নামেন্টে আলমরাও দেখিয়ে দিতে চান, তাঁরা সত্যিই পারেন!