তামিম যাবেন এক দিন পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ফিরেছেন গত ১৪ জানুয়ারি রাতে। তবে পরের দুই দিন অনুশীলন না থাকায় অস্ট্রেলিয়াফেরত তামিম ইকবাল মাঠে এলেন কালই প্রথম। অস্ট্রেলিয়ান ফিজিওদের দেওয়া সূচি অনুযায়ী এদিন শুরু করে দিলেন জগিং আর নকিংও।
এক মিনিট দৌড়, এক মিনিট হাঁটা—এভাবে জগিং করেছেন ১০ মিনিট। এ ছাড়া ‘নক’ করেছেন ১৫ মিনিটের মতো। তামিম খুশি, কারণ এর কোনোটিতেই কোনো সমস্যা হয়নি, ‘জগিংয়ে কেমন অনুভব করি, সেটা গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহর রহমতে তেমন কোনো ব্যথাই হয়নি জগিংয়ের সময়। ধীরে ধীরে দৌড়ের গতি বাড়বে। এ ছাড়া ১৫ মিনিটের মতো নক করলাম। তাতেও সমস্যা হয়নি।’
নক ও জগিংয়ের সময়ও আস্তে আস্তে বাড়িয়ে ২৩-২৪ তারিখে পুরোপুরি নেট প্র্যাকটিসে নামার কথা তামিমের। বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ২৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিমান ধরবে, তবে তামিম যাবেন পরদিন। কারণ অস্ট্রেলিয়ায় দলের প্রথম গন্তব্য ব্রিসবেন হলেও ডেভিড ইয়াংকে আরেকবার দেখাতে তামিমকে প্রথমে যেতে হবে মেলবোর্ন। একটা ইনজেকশনও নেওয়ার কথা তখন। এরপর ২৮ জানুয়ারি ব্রিসবেনে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর।