তামিমই মুশফিকের ম্যাচসেরা
প্রতিপক্ষ পাকিস্তানই ছিল তো? নাকি আফগানিস্তান কিংবা স্কটল্যান্ড! ৭৯ রানের জয় নিয়েও বাংলাদেশ দলের ক্রিকেটাররা যে রকম নির্লিপ্তভাবে মাঠ ছাড়ল, মনেই হলো না এই জয়ে অবসান ঘটেছে ১৬ বছরের অপেক্ষার।
মাঠ ছেড়ে ড্রেসিংরুমে যাওয়ার পরও ঘটল ব্যতিক্রম। যেকোনো জয়ের পরই ‘আমরা করব জয়...’ গান দিয়ে সাফল্য উদ্যাপন করে বাংলাদেশ দল। কাল সেটাও হলো না। সবার মধ্যে এমন একটা ভাব যেন কিছুই ঘটেনি। অথচ এই মাত্র তারা হারিয়ে এল পাকিস্তান দলকে, আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে যারা বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে।
কেন এমন নির্লিপ্ততা? আজহার আলীর পাকিস্তান অভিজ্ঞতায় অনেকটাই পিছিয়ে বলে? নাকি জয়টা প্রাপ্য ধরে নিয়েছিল বাংলাদেশ! ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সাকিবের কথা শুনে মনে হলো দ্বিতীয়টাই কারণ, ‘আমরা এখন বিশ্বাস করি যে আমরা জিততে পারি।’ সিরিজ শুরুর আগেই নিজেদের ফেবারিট বলে ঘোষণা দিয়েছিলেন। প্রথম ওয়ানডেতে সে দাবি অনেকটা প্রমাণিতও। সাকিবের সিরিজ জয়ের স্বপ্নটা তাই এখন আরও বেশি গাঢ়, ‘অবশ্যই সিরিজ জেতা সম্ভব। আবারও বলছি, আমি বিশ্বাস করি আমাদের সিরিজ জয়ের সামর্থ্য আছে।’ এমনকি সেটা ৩-০ তে হওয়াও অসম্ভব মনে করছেন না। যদিও এই মুহূর্তে বাংলাদেশ দলের ভাবনায় শুধুই কালকের দ্বিতীয় ম্যাচটি।
পাকিস্তানের বিপক্ষে এর আগে একবারই জয়ের মুখ দেখেছে বাংলাদেশ—১৯৯৯ বিশ্বকাপে। অনেক ছোট ছিলেন বলে সেই জয়ের স্মৃতি খুব একটা মনে নেই সাকিবের। তবে ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠার বয়সটাতে নিজের মনের মধ্যেও হয়তো পাকিস্তানকে আরেকবার হারানোর ক্ষুধা তৈরি হয়েছে। সে ক্ষুধা মেটাতে পেরে তৃপ্ত বাঁহাতি এই অলরাউন্ডার, ‘গত ১৬ বছরে কোনো ধরনের ক্রিকেটেই আমরা পাকিস্তানের বিপক্ষে জিতিনি। এই জয় তাই অনেক বড় ব্যাপার।’
কিন্তু এক যুগেরও বেশি সময় ধরে যেটির জন্য অপেক্ষায় ছিল সবাই, সেটির অবসান এত সহজে ঘটে গেল? পাকিস্তান যে দাঁড়াতেই পারল না বাংলাদেশের সামনে! শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই মনে হয়নি ম্যাচটা তারাও জিততে পারে। আর তাতে সবচেয়ে বড় অবদান ওপেনার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের। এই দুই জনের সেঞ্চুরির সৌজন্যেই বাংলাদেশ দলের স্কোর চলে যায় পাকিস্তানের ধরাছোঁয়ার বাইরে।
শুরুটা করেছিলেন তামিম। ২১ ইনিংস পর ওয়ানডেতে সেঞ্চুরির উদ্যাপন যেভাবে করলেন, সেটাও এখন আলোচনার বিষয়। সংবাদ সম্মেলনে তামিম আসেননি বলে তার মুখ থেকে শোনা যায়নি ব্যাখ্যাটা। তবে উইকেটে তামিমের ওই সময়ের সঙ্গী ম্যান অব দ্য ম্যাচ মুশফিকুর রহিমের কাছ থেকে অনুমিত ধারণাটাই পাওয়া গেল, ‘কারণটা যে কেউই বুঝতে পারবে। গত ৪-৫ মাস ওকে নিয়ে এত কথা হয়েছে...। আমি বিশ্বাস করি ওর মতো ব্যাটসম্যান খুব কমই এসেছে বাংলাদেশে, কম আসবে ভবিষ্যতেও।’ মুখে হাসি ফুটিয়ে তামিমের উদ্যাপনের ভঙ্গির প্রতি সমর্থনও জানালেন, ‘সেলিব্রেশন যেটা করেছে ভালো করেছে। আমার পছন্দ হয়েছে। আশা করি ভবিষ্যতে ও আরও বড় ইনিংস খেলবে।’
একসঙ্গে অন্তত ৪৫ ওভার পর্যন্ত উইকেটে থাকার পরিকল্পনা ছিল তামিম-মুশফিকের। তামিম তার আগেই আউট হয়ে গেলেও মুশফিকের কণ্ঠে তার প্রশংসা যেন শেষই হতে চায় না! পারলে নিজের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও তুলে দেন তামিমের হাতে, ‘ও খুব হিসাব করে খেলেছে। আমি খুব অবাক হয়েছি আমাকে ম্যান অব দ্য ম্যাচ করায়। আমি এখনো মনে করি ও-ই (তামিম) এটার যোগ্য।’
ওয়ানডেতে নিজের আগের দুটি সেঞ্চুরির চেয়ে কালকেরটাকেই বেশি এগিয়ে রেখেছেন মুশফিক। এটি তাঁর কাছে বিশেষ হয়ে উঠেছে আরেকটা কারণেও, ‘বিয়ের পর এটা আমার প্রথম সেঞ্চুরি...।’ অথচ এমন একটা সেঞ্চুরির পর সংবাদ সম্মেলনে তিনি কিনা বেশির ভাগ কথা বললেন তামিমের ইনিংস নিয়েই।
সত্যিই বাংলাদেশ এখন একটা দল, এক মন এক প্রাণ!