তামিমই শুধু মনে রাখবেন এই টেস্ট!

টেস্ট ম্যাচ কখন যন্ত্রণার প্রতিশব্দ হয়?
উত্তরটা হাতের কাছেই। প্রথম চার দিনে যখন ১৩৩.৪ ওভার খেলা হয়। ফতুল্লা টেস্ট।
শিখর ধাওয়ান ও মুরালি বিজয়ের বড় দুটি সেঞ্চুরির কথা ভুলে যান। ভুলে যান হাবিবুল বাশারকে ছাড়িয়ে তামিম ইকবালের বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার কথা। ‘ভুলে যান’ মানে এসব যে মনেই থাকছে না। সব ছাপিয়ে বড় হয়ে উঠছে ফতুল্লা টেস্টের এই ছবিটা—
প্রথম দিন: ৫৬ ওভার।
দ্বিতীয় দিন: একটি বলও নয়।
তৃতীয় দিন: ৪৭.৩ ওভার।
চতুর্থ দিন: ৩০.১ ওভার।
যোগ করে যা হয়, সেটি আসলে দেড় দিনের খেলার চেয়েও ১.২ ওভার কম।
বর্ষায় কাব্য চলে, খিচুড়ি-ইলিশ চলে, কাঁথামুড়ি দিয়ে ঘুমও—কিন্তু ক্রিকেট যে নয়, প্রকৃতি যেন তা বুঝিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে। সঙ্গে এই ম্যাচ নিয়ে কৌতুক করারও। নইলে রোদ ঝলমল দিনটি দেখতে না-দেখতেই এমন আঁধার হয়ে যাবে কেন!
লাঞ্চের মিনিট দশেক আগে নামা বৃষ্টিতেই লেখা হয়ে গেল চতুর্থ দিনের খেলার অপমৃত্যু। যখন ‘মরা’ ম্যাচটায় সামান্য একটু প্রাণের স্পন্দন পাওয়া যাচ্ছে। সকালে আগের দিনের স্কোরেই ইনিংস ঘোষণা করেছে ভারত। ৭ বল ও ২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ ৩ উইকেটে ১১১। ভারতের দুই অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও হরভজন সিং মনে করিয়ে দিচ্ছেন, ফলোঅন এড়াতে বাংলাদেশকে করতে হবে ২৬৩ রান। তখনই বৃষ্টি। অপেক্ষা আর অপেক্ষা...যেটির শেষ হলো গিয়ে বিকেলে।
ড্রেসিংরুমে ক্রিকেটাররা অপেক্ষায়। প্রেসবক্সে সাংবাদিকেরা। গ্যালারিতে ছড়িয়ে-ছিটিয়ে হাতে গোনা কয়েকজন দর্শক। এর বাইরে কারও এই টেস্টের জন্য অপেক্ষা ছিল বলে মনে হয় না। হতে পারে, কেউ হয়তো কিছুক্ষণ পর পর টেলিভিশনের রিমোট টিপে আপডেটটা জেনে নিয়েছেন।
সেটি বাংলাদেশ আর ভারতেই। এই দুই দেশের বাইরে আর কোথাও এই টেস্ট নিয়ে কারও কোনো আগ্রহ কি আদৌ ছিল? বাংলাদেশের ইনিংস শুরুর সময় একজনের হয়তো ছিল। ২৭তম ওভারের পঞ্চম বলটির পর তাঁরও আর থাকল না। যখন মুমিনুল হক প্রায় দুই বছর পর টেস্ট উইকেট উপহার দিলেন হরভজন সিংকে। ‘উপহার’-ই!
সংক্ষিপ্ত ক্যারিয়ারে বাজে শট নিশ্চয়ই এর আগেও খেলেছেন। তবে কালকেরটি হয়তো সবার ওপরেই থাকবে। অহেতুক উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে দিলেন উমেশ যাদবের হাতে। ইতিহাস তখন মাত্র ২০ রান দূরে।
‘ইতিহাস’-এর বদলে এবি ডি ভিলিয়ার্সও পড়তে পারেন। বাংলাদেশের ইনিংস নিয়ে যাঁর আগ্রহ আছে বলে অনুমান করা হলো, তাঁর নামও এবি ডি ভিলিয়ার্সই। শারীরিক আকৃতিতে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে ছোট মুমিনুল যাঁর বিশাল এক কীর্তিকে চ্যালেঞ্জ জানিয়ে বসেছিলেন। টানা ১২ টেস্টে ফিফটি বা এর বেশি রানের ইনিংস খেলার সেই রেকর্ডটি এবি ডি ভিলিয়ার্সেরই থাকছে। এই টেস্টে মুমিনুল আর ব্যাটিং করার সুযোগ পাবেন বলে তো মনে হচ্ছে না।
পেলে তা একটু হলেও দুশ্চিন্তা সঙ্গী করে নিয়ে আসবে। এই ম্যাচে মুমিনুলের আবার ব্যাটিং পাওয়ার শর্ত যে একটাই—বাংলাদেশকে ফলো অনে পড়তে হবে। সেটি এড়াতে আরও ১৫২ রান চাই। হাতে ৭ উইকেট নিয়ে সেটি কোনো ব্যাপারই হওয়ার কথা নয়। কিন্তু ক্রিকেটের আরেক নাম যে ‘ফানি গেম!’
এসব হিসাব-নিকাশকেই ‘ফানি’ বানিয়ে দিচ্ছে আবহাওয়া। আজ শেষ দিনের খেলাও তো বৃষ্টির কৃপাপ্রার্থী এবং সেই প্রার্থনায় ফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যে কারণে টেস্ট ক্রিকেটে এক দিনে ২৭ উইকেট পড়ার রেকর্ড থাকার পরও নিশ্চিন্তে সবাই এই টেস্টকে ড্র বলে দিচ্ছে। র্যাঙ্কিংয়ে ২ রেটিং পয়েন্ট যোগ হবে বলে বাংলাদেশ ‘যা হচ্ছে ভালোই হচ্ছে’ বলে সান্ত্বনা খুঁজছে। মন খারাপ হয়ে যাচ্ছে ভারতের। র্যাঙ্কিং তো আর এই বৃষ্টি-টৃষ্টি বোঝে না। সেখানে ড্র মানে ড্র। যে ড্র ভারতকে টেস্ট র্যাঙ্কিংয়ে তিন থেকে পিছিয়ে দেবে এক ধাপ।
মুমিনুলের বিশ্ব রেকর্ড ছোঁয়া হলো না। তবে কাল ওটুকু খেলার মধ্যেও রেকর্ড একটা ঠিকই হলো। হাবিবুল বাশারের কাছ থেকে বাংলাদেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি কেড়ে নিলেন তামিম ইকবাল। বাংলাদেশের পক্ষে বলার মতো যা কিছু ব্যাটিং রেকর্ড, সবই নিজের করে নিয়েছিলেন আগেই। বাকি ছিল এই একটাই। বাকি সবাই এই টেস্ট ভুলে যেতে চাইলেও তামিম ইকবাল মনে হয় না তাতে রাজি হবেন!
চতুর্থ দিনের শেষে
ভারত ১ম ইনিংস: ৪৬২/৬ ডি.
বাংলাদেশ ১ম ইনিংস: ১১১/৩