তামিমও প্রস্তুত

কোনো রাখঢাক করলেন না মিসবাহ-উল হক। সংবাদ সম্মেলনে সরাসরি প্রকাশ করে ফেললেন তামিমভীতি। এ-ও জানিয়ে দিলেন, আজ শুরু দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনারের জন্য থাকছে বিশেষ ছক। বার্তা আছে এপাশ থেকেও। তামিম নিজেও পাকিস্তানের যেকোনো পরিকল্পনা নস্যাৎ করতে তৈরি।
খুব খারাপ ফর্মে না থাকলেও গত বিশ্বকাপ থেকেই বাড়তি প্রত্যাশার চাপে ন্যুব্জ তামিম। স্কটল্যান্ডের বিপক্ষে খেলা ৯৫ রানের ইনিংসের ওপরও পড়ছিল ধুলোর আস্তরণ। আলোচনার বিষয় হয়ে দাঁড়াল, কেন পরের তিন ম্যাচে তাঁর ব্যাটে রান নেই? অযাচিত সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছিল তামিমের সামর্থ্য। জবাব দিতে দেরি হয়নি। নিজেকে পুরোপুরি ফিরে পেতে বেছে নিলেন পাকিস্তান সিরিজ। ওয়ানডে সিরিজে টানা দুটি সেঞ্চুরি করে সিরিজসেরা। খুলনার প্রথম টেস্টে তো ডাবল সেঞ্চুরি করে টেস্টে বাংলাদেশের পক্ষে সেরা ইনিংসটাই খেলে ফেললেন!
বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের মধ্যে তামিম একজন, সিরিজের আগে তা অজানা ছিল না পাকিস্তানের টেস্ট অধিনায়কের। তবে এবারের সিরিজে যেন তামিমকে নতুন করে চিনলেন মিসবাহ, ‘তামিম খুব ভালো ফর্মে আছে। ওঁকে থামাতেই হবে আমাদের। তাই উন্নতি আনা চাই আমাদের বোলিংয়ে।’
খুলনার অভিজ্ঞতার পর আজ শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তামিমকেই বড় বাধা মানছেন পাকিস্তান অধিনায়ক। সেই বাধার দেয়াল ভাঙার সম্ভাব্য সব পরিকল্পনাও নাকি আছে তাঁর দলের, ‘ওঁর জন্য আমাদের আলাদা পরিকল্পনা আছে। অবশ্য এমন নয় যে আগেও আমরা সেগুলো কাজে লাগানোর চেষ্টা করিনি। তবে ও যেহেতু সেরা সময় কাটাচ্ছে, সবকিছুই ভালোভাবে সামলে নিয়েছে। তাই কিছু নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছি আমরা।’
মিসবাহর কথাটা মুঠোফোনে শোনাতেই বিনয়ী হয়ে উঠলেন তামিম, ‘প্রতিপক্ষ হিসেবে তারা পরিকল্পনা করতেই পারে। তা নিয়ে ভাবছি না। আমি নিজের সেরা খেলাটাই খেলতে চাই। উপভোগ করতে চাই ব্যাটিং।’ তামিমের ঘনিষ্ঠ মহলের তথ্য, মিসবাহদের পরিকল্পনা নাকি আঁচ করতে পারছেন বাংলাদেশ ওপেনার। দ্বিতীয় টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন সেভাবেই। তামিম অবশ্য কোনো মন্তব্য না করে শুধু বললেন, ‘আমার একটাই লক্ষ্য, ভালো ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রাখা।’
খুলনা টেস্টে ব্যাটিং করার সময় জুনায়েদের ইয়র্কারে পায়ে চোট পেয়েছিলেন তামিম। একদিন আগেও তা কিছুটা সংশয় ছড়িয়েছে। অধিনায়ক মুশফিকুর রহিম কাল অবশ্য স্পষ্ট করে দিলেন, তামিমের চোট আর যাই হোক তাঁর খেলায় বাধা হবে না।
আস্তিনে যত অস্ত্রই থাকুক, তামিমকে নিয়ে ভয়টা তাই থাকছেই মিসবাহদের।