তামিমকে তামিমের মতো খেলতে দিন

বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে লেখাটা শুরু করতে চাই। কারণ, বড় একটা পরীক্ষাতে পাস করেছে আমাদের নায়কেরা। বিশ্বকাপ থেকে বাংলাদেশ দল যে আলোটা দেখাচ্ছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম কয়েক ম্যাচে সে আলোর ঝলকটা দেখতে পাচ্ছিলাম না। এ কারণে বাংলাদেশ দল ও প্রত্যেক খেলোয়াড় চাপের মধ্যেই ছিল।
দারুণ খেলতে খেলতে হঠাৎ এমন ছন্দপতন- স্বাভাবিকভাবেই খেলোয়াড়েরা চাপে পড়ে যায়। এ ছন্দপতনের মূল কারণ, ব্যাটসম্যানরা ভালো করতে পারছিল না।
ব্যাটিংয়ের কথা যদি বলা হয়, সবার আগে আসবে তামিম ইকবালের নাম। নতুন বলে প্রথম বলটা মোকাবিলা করে সে। বাঁহাতি এ ব্যাটসম্যান কেবল ওয়ানডে নয়, টেস্টেও বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক। কেবল তারই ছন্দপতন হয়েছে তা নয়, দলে এ মুহূর্তে আরও কয়েকজন যথার্থ পারফর্ম করতে পারছে না। গত পরশু দল জেতার পরও কয়েকজনের পারফরম্যান্স সবার মনঃপূত হয়নি। তার মধ্যে তামিম একজন।
অবশ্য তামিম গত ছয়টি আন্তর্জাতিক ম্যাচে (দুটি টি-টোয়েন্টিসহ) ঠিকমতো রান পাচ্ছে না। এই ছয় ম্যাচে তার রান-১৩, ৫, ৫, ১৩, ০ ও ৫। আশ্চর্য মিল দেখুন, ইনিংসগুলো ১৩ ও ৫ রানেই ঘুরপাক খাচ্ছে! কথা হচ্ছে, তামিম যখন এমন খারাপ সময়ের মধ্য দিয়ে যায়, তখন তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেন এত বেশি আলোচনা-সমালোচনা? বিষয়টি কখনো কখনো সীমাও ছাড়িয়ে যায়। যারা বাংলাদেশ দলকে ভালোবাসে, বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে, তাদের উচিত হবে তামিমকে তামিমের মতোই খেলতে দেওয়া।
তামিমের নতুন করে প্রমাণের কিছু নেই। তামিমের প্রতিভা, অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। সে দীর্ঘদিন দলকে সেবা দিচ্ছে। হয়তো সর্বশেষ ছয়টা ইনিংস ভালো খেলতে পারেনি। তবে এ বছর ঘরের মাঠে খেলা আট ওয়ানডেতে তার ব্যাটিং গড় কিন্তু ৫৬.৪২। এর মধ্যে আছে দুটো সেঞ্চুরিও।
এখন যে সমালোচনা হচ্ছে, এর পেছনে মূল কারণ যেটি মনে হয়েছে, তামিম যখন ব্যাট করতে নামে, তার কাছে প্রত্যাশা থাকে বিপুল। সবাই চাই তামিম বড় স্কোর করুক। কিন্তু প্রতিটি খেলোয়াড়ের পারফরম্যান্সের গ্রাফটা ওঠা-নামা করে। কখনো সে ভালো পারফর্ম করে, কখনো স্ট্রাগল করতে হয়। তামিমের এ স্ট্রাগলের সময়েই বেশি কথা ওঠে।
অবশ্য তামিমকেও বুঝতে হবে দর্শকেরা কেন তার কাছে বেশি প্রত্যাশা করে। নতুন বল প্রথম ৭-১০ ওভার ভালোভাবে সামলাতে পারলে তামিমকে আউট করা কঠিন। এ কারণে তার কাছে প্রত্যাশা থাকে, প্রথম দিকে সে দেখে-শুনে খেলবে। কিন্তু তামিম সে ধরনের খেলোয়াড় নয়। সে দ্রুত গতিতে রান তুলতে অভ্যস্ত। শুরু থেকেই আক্রমণাত্মক শট খেলে। এতে অনেক সময় প্রচুর রান আসে, কখনো আসে না।
যেমন-গত ম্যাচে প্রথম বলেই ডাউন দ্য উইকেটে চালাতে গিয়ে ব্যর্থ হয়েছিল। পরের ওভারে একই ধরনের শট খেলতে গিয়ে আউট হয়েছে। তার এ আউটের ধরনটা অনেকের হয়তো ভালো লাগেনি। এ কারণে সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এখানে যারা সমালোচনা করছে তারাও কিন্তু বাংলাদেশ দলের সমর্থক। তারা হয়তো দেখতে চায়, তামিম যেহেতু সিনিয়র খেলোয়াড়, কাজেই সে আরও দায়িত্ব নিয়ে খেলুক।
শুরুতেই একটা ভালো ইনিংস খেললে তার জন্য যেমন ভালো, দলের জন্যও ভালো। কিন্তু তার ওপর চাপ প্রয়োগ করা উচিত নয়। সে নিজের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন। বরাবরই ভয়ডরহীন ক্রিকেট খেলতে অভ্যস্ত। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ভয়-ডরহীন ক্রিকেট খেলেই ওয়ানডেতে টানা দুটো সেঞ্চুরি সে পেয়েছে। একই ধরনের ক্রিকেট খেলেই খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে সেই রেকর্ড ডাবল সেঞ্চুরি করেছে, ইমরুল কায়েসের সঙ্গে রেকর্ড জুটি গড়েছে। কাজেই বলব, তামিমকে তামিমের মতো ছেড়ে দেওয়া উচিত।
সে নিশ্চয় জানে, ভালো একটা শুরু দিলে দলও অনেক ভালো করতে পারে। তামিম দারুণ ইনিংস খেলেছে, বাংলাদেশ দল খারাপ করেছে, এমন উদাহরণ কমই আছে। তবে অনেক সময় সে এমন শট খেলে, তাতে নিজের ক্ষতি হয়, দলেরও। অবশ্য এখানে আরেকটি বিষয় বলার আছে, গত ম্যাচে যে শট খেলে সে আউট হয়েছে, ওটাতে যদি চার-ছয় হতো, তবে সবাই ঠিক তাকে প্রশংসায় ভাসাত। মানুষ বলত, ‘হোয়াট আ শট’! ওভাবে আউট হওয়াকে দুর্ভাগ্যও বলতে হবে। তবে এটা খেলার অংশ, সেটাও মানতে হবে।
তামিম দলের জন্য কতটা অপরিহার্য, নতুন করে বলার নেই। তামিমের ব্যাটিংয়ের ধরন একেবারেই ভিন্ন। তার কিছু শট দেখে বিস্ময়াবিভূত না হয়ে পারা যায় না! ডাউন দ্য উইকেটে গিয়ে অনায়াসে বল আছড়ে ফেলতে পারে সীমানার ওপরে। মিড অফ-মিড অনের ওপর দিয়ে তুলে মারতে পারে। পুল-কাটগুলোও দেখার মতো।
তবে শুরুতে উইকেটের চরিত্র বুঝে আরও সাবধানী শট খেলা উচিত। একটু সময় নিয়ে, নতুন বলটা ঠিকভাবে দেখেনিয়ে ব্যাটিং করা প্রয়োজন। বল দ্রুত নাকি ধীরে আসছে, সুইং করছে কি করছে না, বলের মুভমেন্ট আছে কি নেই, স্পিনাররা টার্ন পাচ্ছে কি পাচ্ছে না-প্রথম আট-দশ ওভার এগুলো সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হয়। তখন শট খেলার চেয়ে এক-দুই রানের ওপর থাকলে ভালো হয়। তবে হ্যাঁ, বাজে বলের প্রাপ্য দিতে হবে। কিন্তু হঠাৎ করে বলের ধরন না বুঝেই ডাউন দ্য উইকেটে গিয়ে চালিয়ে দিলে হবে না। ভালো বল সমীহ করতেই হবে।
অবশ্য এ সব পরামর্শ তার জন্য নতুন নয়। যেহেতু সে দীর্ঘ দিন ওপেন করছে, নিশ্চয় জানে। নিজের দায়িত্ব সম্পর্ক যথেষ্ট ওয়াকিবহাল। প্রত্যাশা করছি, নিজের দায়িত্ব সে যথাযথভাবে পালন করবে শেষ ওয়ানডেতে। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এমন মুহূর্ত কখনো আসেনি। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি। আশা করব, এ বিরাট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তামিম। আর তাতে চাপ নিয়ে নয়, তামিম খেলুক নির্ভার হয়েই।