তামিমকে নিয়ে শঙ্কা নেই
একই সঙ্গে দুঃসংবাদ এবং সুসংবাদ দুটোই পাওয়া গেল কাল। সুসংবাদটাই আগে দেওয়া যাক—আঙুলের চোট কাটিয়ে পুরোপুরি অনুশীলনে ফিরেছেন তামিম ইকবাল। আর দুঃসংবাদ হলো, কাল ঢাকার অ্যাপোলো হাসপাতালে করানো এমআরআইয়ে তাসকিনের পাঁজরে সমস্যা ধরা পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, তাঁর বোলিংয়ে ফিরতে অন্তত দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে।
কলকাতার এস কে আচার্য মেমোরিয়াল টুর্নামেন্ট থেকে চোট নিয়ে ফেরা পেসার তাসকিনের এমআরআই রিপোর্ট দেওয়ার কথা আজ। তবে এমআরআই করানোর পর প্রাথমিকভাবে ডাক্তাররা তাঁর পাঁজরে সমস্যা দেখেছেন। তাসকিন নিজেই কাল মুঠোফোনে জানালেন, ‘ডাক্তাররা বলেছেন সমস্যা আছে। চোটমুক্ত হতে দুই সপ্তাহের মতো সময় লেগে যেতে পারে।’ দুই সপ্তাহের মধ্যে চোট কাটিয়ে উঠলেও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাসকিনকে না পাওয়া যাওয়ার আশঙ্কাই বেশি। মাঠে ফেরার আগে বোলিংয়ের জন্য শারীরিকভাবেও তো ফিট হতে হবে তাঁকে।
এদিকে ঢাকায় অনুশীলনের সময় পাওয়া আঙুলের চোট কাটিয়ে উঠেছেন তামিম। কাল শেখ আবু নাসের স্টেডিয়ামের নেটে অনেকটা সময়ই তিনি কাটিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। চোট পাওয়া আঙুলের অবস্থা বুঝতে প্রথমে স্পিন বল খেলে পরে খেলেছেন পেস বল। কোনোটাতেই সমস্যা বোধ করেননি তামিম।