তামিমকে সেঞ্চুরি করতে দিল না জিম্বাবুয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের প্রথম ইনিংসেই ফর্ম ধরে রাখার ইঙ্গিত তামিমের। ছবি: প্রথম আলো
বছরের প্রথম ইনিংসেই ফর্ম ধরে রাখার ইঙ্গিত তামিমের। ছবি: প্রথম আলো

এ কী করলেন—এমন একটা শিরোনামের কাজ প্রায় করেই ফেলেছিলেন আম্পায়ার শরফদ্দৌলা! গ্রায়েম ক্রেমারের করা ১৯তম ওভারের চতুর্থ বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। বলটা ফ্লিক করতে চেয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু টাইমিং হয়নি।

জিম্বাবুয়ের ফিল্ডাররা কট বিহাইন্ডের আবেদন করতেই আঙুল তুলে দিলেন শরফদ্দৌলা! তামিম রিভিউ নিলেন। টিভি রিপ্লেতে দেখা গেল বল ব্যাটে লাগেইনি, প্যাডেরও ধারেকাছে ছিল না। ভাগ্যিস, রিভিউ নিয়েছিলেন। না হলে কি আর ৮৪ রানে অপরাজিত থাকতে পারতেন তামিম! তাঁর সুন্দর ইনিংসটার অপমৃত্যু হতো ৩৬ রানেই।
ত্রিদেশীয় সিরিজের আগে ৬ জানুয়ারি দুই ভাগে ভাগ হয়ে যে প্রস্তুতি ম্যাচটা খেলেছিল বাংলাদেশ দল, সেটিতে সেঞ্চুরি করে তামিম বার্তা দিয়েছিলেন নতুন বছর শুরু করতে চান দুর্দান্ত ব্যাটিংয়ে। সেটি তিনি করেছেনও। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই করলেন ফিফটি। সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন। হলো না জিম্বাবুয়ের কারণে—সফরকারীদের স্কোরটা যে যথেষ্ট ছিল না! বড় লক্ষ্য পেরোতে গিয়ে তামিমেরও হয়তো তিন অঙ্ক ছোঁয়া হতো। সাকিব আল হাসান ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তাই বললেন, ‘আমাদের পারফরম্যান্স প্রত্যাশিত। আমাদের ধারণা ছিল ওরা আরেকটু ভালো ব্যাটিং করবে, তারা সেটা করতে পারেনি। আমাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে।’
২০১৫ বিশ্বকাপের পর থেকে তামিম ধারাবাহিকতার প্রতিচ্ছবি। গত তিন বছরে ক্রিকেটের তিন সংস্করণেই তিনি দুর্দান্ত। ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর—এই তিন বছরে ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান, সেঞ্চুরি, ফিফটি, গড়—সবই তামিমের। এই সময়ে ৩৯ ওয়ানডেতে ৫ সেঞ্চুরি, ১১ ফিফটিতে করেছেন ১৭৯৫ রান। আর ৭ রান হলেই তিন সংস্করণে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে করবেন ১১ হাজার রান।
গত তিন বছরে আইসিসির যে দুটি টুর্নামেন্ট খেলেছেন, দুটিতেই সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে ছিলেন। গত জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে চার ম্যাচে করলেন ১২৮, ৯৫, ০, ৭০—২৯৩ রান। অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরটা শেষ করতে পারলেন না চোটে পড়ে। তবু গত বছর ১২ ওয়ানডেতে ২ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৬৪.৬০ গড়ে ৬৪৬ রান করে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনিই সবার ওপরে।
তামিম যে এবারও সবার ওপরে থাকতে চান, ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই বার্তাটা দিয়ে রাখলেন।