তামিমদের অপেক্ষায় সরফরাজরা
অবশেষে ফুরাচ্ছে সরফরাজদের আক্ষেপ। ফুরাচ্ছে অপেক্ষাও। দেশের মাটিতে দেশের ক্রিকেটপ্রেমীদের সামনে আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বপ্ন পূরণ হচ্ছে তাঁদের। একটি-দুটি নয়, তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান, বিশ্ব একাদশের বিপক্ষে! যে বিশ্ব একাদশে হাশিম আমলা, ড্যারেন স্যামিদের সঙ্গে খেলবেন বাংলাদেশের তামিম ইকবালও। নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি। কোচ হিসেবে আছেন অ্যান্ডি ফ্লাওয়ার। তিন ম্যাচের এ সিরিজে খেলতে গতকালই দুবাই থেকে পাকিস্তান উড়াল দেওয়ার কথা বিশ্ব একাদশের।
২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর হামলার পর থেকেই কার্যত নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে না পাকিস্তান। ২০১৫ সালে জিম্বাবুয়ে সফর দিয়ে সীমিত ওভারের ক্রিকেট ফিরেছিল। কিন্তু এরপর আর কোনো টেস্ট দল পাকিস্তান সফরে যায়নি।
পাকিস্তান নিজেদের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে অন্যদের নিশ্চিত করতে এর মধ্যে অনেক উদ্যোগই নিয়েছে। গত মার্চে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল হয়েছিল লাহোরে। তাতে স্যামি, মারলন স্যামুয়েলস, ক্রিস জর্ডানদের সঙ্গে খেলতে গিয়েছিলেন বাংলাদেশের এনামুল হকও। এরপর আইসিসিও যোগ দেয় সেই উদ্যোগে। সেটারই অংশ এই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। যার প্রথমটি আগামীকাল, বাকি দুটি ১৩ ও ১৫ সেপ্টেম্বর। সবগুলোই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। যে স্টেডিয়ামের বাইরেই শ্রীলঙ্কা দলের ওপর হামলাটা হয়েছিল।
যেহেতু আইসিসির উদ্যোগ, তাই ম্যাচ তিনটি পেয়েছে আন্তর্জাতিক মর্যাদা। এই সিরিজের জন্য ১৬ জনের যে পাকিস্তান দল ঘোষণা করা হয়েছে, তার মধ্যে শুধু পাঁচজনেরই আছে দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। অধিনায়ক সরফরাজ আহমেদ সেই পাঁচজনের একজন। এ সিরিজে পাকিস্তানি খেলোয়াড়েরা স্থানীয় দর্শকদের সামনে খেলার প্রায় ভুলে যাওয়া অনুভূতি আবার ফিরে পাবেন বলে আশাবাদী তিনি, ‘আমি নিশ্চিত, এই সিরিজ আমাদের এখানে আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার আরও খুলে দেবে।’
পাকিস্তানের একজন অবশ্য এখনই সেই স্বাদ পাচ্ছেন না। আগামী সপ্তাহে প্রথম সন্তানের বাবা হচ্ছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। স্ত্রীকে নিয়ে এখন আছেন লন্ডনে। দলে থাকলেও স্ত্রীকে রেখে এই সময়ে আমির খেলতে আসবেন কি না, সন্দেহ আছে।
সব মিলিয়ে এ সিরিজের অন্য একটা মাহাত্ম্য দেখছেন বিশ্ব একাদশের কোচ অ্যান্ডি ফ্লাওয়ারও, ‘যারা এখানে খেলবে, সবাই জানে জয়ের চেয়েও বড় ব্যাপার আছে এই সিরিজে।’ এএফপি।
বিশ্ব একাদশ: হাশিম আমলা, তামিম ইকবাল, ফাফ ডু প্লেসি, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, গ্রান্ট এলিয়ট, টিম পেইন, থিসারা পেরেরা, ইমরান তাহির, ড্যারেন স্যামি, মরনে মরকেল, স্যামুয়েল বদ্রি।