তামিমদের উড়িয়ে সাকিবের পাঁচে পাঁচ

টানা পাঁচ ম্যাচে সেরা হয়েছেন সাকিবছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন মিনিস্টার ঢাকা অধিনায়ক মাহমুদউল্লাহ, ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসানও করতে চেয়েছিলেন সেটিই। ঢাকা অবশ্য ব্যাটিংয়ে সুবিধা করতে পারল না মোটেও, বরিশাল বোলারদের সমন্বিত পারফরম্যান্সে আটকে গেল ১২৮ রানে। সাকিব আল হাসানের ২৯ বলে ৫১ রানের ইনিংসে ভর করে বরিশাল এরপর তা পেরিয়ে গেছে ৮ উইকেট ও ২৭ বল বাকি রেখে। ব্যাটিংয়ে দারুণ ইনিংসের সঙ্গে বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সাকিব। এ নিয়ে টানা পঞ্চম ম্যাচে সেরা খেলোয়াড় হলেন তিনি।

আরেকটি পঞ্চাশ পেলেন তামিম
ছবি: প্রথম আলো

মাঝে একটি পরিত্যক্ত ম্যাচ বাদ দিলে বরিশাল জিতল টানা ছয়টি ম্যাচ। আগেই প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত হয়েছে দলটির, এর আগে দারুণ প্রস্তুতিই হয়ে গেল সাকিবের দলের। অন্যদিকে জিতলেই প্লে-অফ নিশ্চিত করার সুযোগ ছিল ঢাকার, সেটি নিতে পারল না তারা। এখন আগামীকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের দুটি ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে মাহমুদউল্লাহদের। কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে খুলনা অথবা সিলেট সানরাইজার্সের কাছে চট্টগ্রাম হারলেই শুধু প্লে-অফে যেতে পারবে দলটি।

ঢাকা দলে ফিরে আজ ইনিংস উদ্বোধন করতে নামেন মোহাম্মদ নাঈম। তবে রানের দেখা পাননি। দ্বিতীয় ওভারে শফিকুল ইসলামের বলে আলগা শটে ক্যাচ তুলে ফেরেন ৯ বলে ৬ রান করে। পঞ্চম ওভারে মুজিব উর রেহমানকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড হন জহুরুল ইসলামও। মুজিব ও শফিকুলের সঙ্গে পাওয়ার প্লেতে নাজমুল হোসেনকেও আনেন সাকিব, ২ উইকেট হারানো ঢাকা প্রথম ৬ ওভারে তোলে ৩২ রান।

হতাশ মাহমুদউল্লাহ
ছবি: প্রথম আলো

তামিম একদিকে টিকে ছিলেন, তাঁর সঙ্গে জুটি গড়তে ব্যর্থ হন মাহমুদউল্লাহও। ডোয়াইন ব্রাভোকে তুলে মারতে গিয়ে ধরা পড়ার আগে ৮ বলে করেন ৩ রান। অন্যদিকে দ্রুত উইকেট হারানোয় গতি কমাতে হয় তামিমকে, অবশ্য জিয়াউর রহমানকে টানা ৩ চারে সেটি পুষিয়ে দেন। কিন্তু অন্য প্রান্তে শামসুর রহমানও ফেরেন তামিমকে রেখে, দলীয় ৬৮ রানে চতুর্থ উইকেট হারায় ঢাকা।

শুভাগত হোমের সঙ্গে তামিমের জুটিতে এরপর ওঠে ৪১ রান। সে জুটি ভাঙে মেহেদী হাসান রানার বলের তামিম উইকেটের পেছনে ক্যাচ দিলে। ১৭তম ওভারে তামিম (৬৬) ফেরার পর আর বেশি দূর এগোতে পারেনি ঢাকা, শুভাগতর ২৭ বলে ২১ রানের অপরাজিত ইনিংসে শেষ পর্যন্ত তারা তোলে ১২৮ রান। শফিকুল, ব্রাভো ও মেহেদী নেন ২টি করে উইকেট, ১টি করে নিয়েছেন মুজিব ও সাকিব।

মুনিম শাহরিয়ার
ছবি: প্রথম আলো

সর্বশেষ ৫টি ম্যাচই আগে ব্যাট করে জিতেছে বরিশাল, ফলে ১২৯ রানের লক্ষ্য হলেও কাজটা একটু ‘অপরিচিত’ই ছিল তাদের। শুরুতে আঁটসাঁট বোলিং করেছিল ঢাকা। ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে বিপিএলের এ মৌসুমে প্রথমবার খেলতে নামা শফিউল ইসলামের বলে ক্যাচ দিয়ে ফেরেন ক্রিস গেইল। মুনিম শাহরিয়ার অবশ্য আক্রমণ করেন এরপর, কায়েস আহমেদকে স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ দেওয়ার আগে এ ডানহাতি ৩৭ রান করেন ২৫ বলে। বোলিংয়ে ঢাকার সাফল্য অবশ্য শেষ সেখানেই।

দারুণ ফর্মে থাকা সাকিব প্রথম ৯ বলে করেন ৫ রান, এরপর শফিউলের বাউন্সারে মারা চারটি ছিল তাঁর প্রথম বাউন্ডারি। আবার একটু খোলসে ঢুকেছিলেন, সেটি থেকে বের হন আজমতউল্লাহ ওমরজাইয়ের করা ১২তম ওভারে। সে ওভারের শেষ ৫ বলে সাকিবের শটের ক্রম ছিল এমন—চার, ছয়, চার, চার, চার!

এক ওভার পর শফিউলকে মারেন আরেকটি ছয়। ১৬তম ওভারে মৌসুমের তৃতীয় অর্ধশতকটা পেয়ে যান সাকিব, পরের বলে জয় নিশ্চিত হয় তাঁদের।

সংক্ষিপ্ত স্কোর

মিনিস্টার ঢাকা: ২০ ওভারে ১২৮/৯ (তামিম ৬৬, শুভাগত ২১; ব্রাভো ২/১৮, মেহেদী ২/১২, শফিকুল ২/৩৬, সাকিব ১/২১, মুজিব ১/১৫)

ফরচুন বরিশাল: ১৫.৩ ওভারে ১২৯/২ (সাকিব ৫১*, মুনিম ৩৭, নাজমুল ২৮*; কাইস ১/১৫, শফিউল ১/২৬)

ফল: বরিশাল ৮ উইকেটে জয়ী