তামিমদের জিততে দিলেন না শহীদ

প্রথম বলেই উইকেট পেতে পারতেন মোহাম্মদ শহীদ। কিন্তু অধিনায়ক সাকিব আল হাসান হাতে নিয়েও ধরে রাখতে পারলেন না মাহমুদুল হাসানের ক্যাচ। ম্যাচ জয়ের পর এসব কে আর মনে রাখে! ৩টি উইকেট নিয়ে ১৯ রানে ম্যাচ জিতিয়ে এসব হয়তো মনেই রাখতে চাইবেন না শহীদ।
১৪৮ রান করেও ১৯ রানে জিতেছে ঢাকা ডায়নামাইটস। এটুকু শুনেই মনে হতে পারে, না জানি ব্যাটসম্যানদের কোন বধ্যভূমিতে খেলা হচ্ছে! সে ভুল ভেঙে দিলেন চট্টগ্রাম ভাইকিংসের জহুরুল ইসলাম, ‘এই উইকেটে ১৪৯ রান করাই যেত। উইকেটটা ভালো।’ একই সুর শহীদের কণ্ঠেও, ‘এটা (১৪৮) যথেষ্ট না। কিন্তু আমরা ভালো বল করায় এটা যথেষ্ট হয়ে গেল। উইকেট যেমন ছিল, তাড়া করতেই পারত।’
এমন ভালো উইকেটেও ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন শহীদ। তিন উইকেট নিয়েছেন ৯ বলের মধ্যেই। মোহাম্মদ নবী, গ্র্যান্ট এলিয়ট ও নাজমুল হোসেন—যে তিন ব্যাটসম্যানকেই জয়ের শেষ ভরসা ভাবছিল চট্টগ্রাম। কাজটা সহজ ছিল না, ‘এখানে অনেক বৈচিত্র্য নিয়ে বল করতে হয়। ব্যাটসম্যান বুঝে বল করতে হয়। শুধু জোরে বল করেই ভালো করা যাবে না।’ বুঝে বল করেই এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি ‘টেস্ট বোলারের’ তকমা গায়ে সেঁটে যাওয়া শহীদ। মাত্র ১০.৩৬ গড়ে ১১ উইকেটও পেয়েছেন মাত্র ৯.৩ স্ট্রাইক রেটে।
বৈচিত্র্য না বাড়িয়েও উপায় নেই। কারণ চট্টগ্রামের উইকেটের চরিত্রটা সংবাদ সম্মেলনে একটু আগেই জানিয়ে গেছেন জহুরুল, ‘বল ব্যাটে আসছে, ভালো টাইমিং হয়।’
ভালো টাইমিং যে হয় সেটা দিনের শুরুতেই বুঝিয়ে দিয়েছেন মেহেদী মারুফ। সঙ্গী কুমার সাঙ্গাকারাকে দর্শক বানিয়ে আবারও ঝোড়ো শুরু এনে দিয়েছেন। ২০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৩ রান করে যখন ফিরছেন, অপর প্রান্তে সাঙ্গাকারার রান মাত্র ৭! এতেই এবারের বিপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০০ রান হয়ে গেছে তাঁর। কিন্তু মারুফের এই আত্মবিশ্বাস মোসাদ্দেক হোসেন কিংবা প্রথম ৩ বলে ১১ রান করা নাসির হোসেনের মধ্যে কিছুটা দেখা গেলেও অন্য ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থ। এতেই ভালো উইকেটেও ১৪৮ রানেই সন্তুষ্ট থাকতে হয়েছে ঢাকাকে।
১৪৯ রানের সহজ লক্ষ্যটাই কঠিন করে তুলেছে চট্টগ্রাম। চিটাগং ভাইকিংস অধিনায়ক তামিম ইকবাল দোষ দেখছেন ব্যাটসম্যানদের, ‘আরেকটু দায়িত্ব নিয়ে, হিসাব করে ব্যাটিং করা দরকার ছিল।’ সে দোষে দুষ্ট তামিম ইকবাল নিজেই। ছোট লক্ষ্যে একপ্রান্ত আগলে রাখার ইচ্ছেটা বোঝা যাচ্ছিল। ১৩তম ওভারে আউট হওয়ার আগে ৩৪ বলে ২৬ রান, তাতে চার মাত্র ২টি। দলের রান তখন মাত্র ৬৬। এরপর তো শহীদের ওই স্পেল ম্যাচের ফল নিয়ে যাবতীয় অনিশ্চয়তা দিয়েছে মুছে।
কড়া রোদেও দুপুর ১২টায় স্টেডিয়ামে জড়ো হওয়া স্থানীয় দর্শকদেরও তাই দেখতে হলো ‘ঘরের’ দলের পরাজয়। এ নিয়ে টানা ৪ ম্যাচে হারল চট্টগ্রাম। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিগগিরই তাদের ভাগ্য বদলাতে হবে। কিন্তু জহুরুলের কণ্ঠে যে আশার ছিটেফোঁটাও পাওয়া গেল না!
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৪৮/৯ (মারুফ ৩৩, সাঙ্গাকারা ১৭, নাসির ২০, মোসাদ্দেক ৩৫, সাকিব ১৩, ব্রাভো ৩, প্রসন্ন ৮, কোলস ৪, আলাউদ্দিন ৫, সানজামুল ৭*; মিলস ৩/২৫, শুভাশিস ০/৪২, নবী ৩/১৮, মাহমুদুল ০/১২, সাকলাইন ০/২৬, ইমরান ১/২৩)।
চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১২৯/৮ (তামিম ২৬, জহুরুল ৬, এনামুল ১৭, মাহমুদুল ২০, নবী ১৫, এলিয়ট ৮, নাজমুল ১৩, সাকলাইন ৯, মিলস ৪, ইমরান ৫; নাসির ১/২৬, সাকিব ০/৯, কোলস ১/২৩, ব্রাভো ১/২৫, প্রসন্ন ০/১৭, শহীদ ৩/২৩)।
ফল: ঢাকা ১৯ রানে জয়ী।
ম্যাচ অব দ্য ম্যাচ: মোহাম্মদ শহীদ।