তামিমদের ধসিয়ে দিলেন দুই 'আল আমিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফতুল্লায় মোহামেডানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন আল আমিন। ফাইল ছবি
ফতুল্লায় মোহামেডানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন আল আমিন। ফাইল ছবি

সকালে ফতুল্লায় বৃষ্টিবাধায় মোহামেডান-প্রাইম ব্যাংকের ম্যাচ বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টা। যখন খেলা শুরু হলো তখন আরেক বৃষ্টি—উইকেট বৃষ্টি! প্রাইম ব্যাংকের দুর্দান্ত বোলিংয়ে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান অলআউট ১৪২ রানে।

বৃষ্টিতে খেলা বন্ধের আগে মোহামেডানের রান ছিল ১৯ ওভারে ২ উইকেটে ৬৭। তামিম ইকবাল অপরাজিত তখন ৩৬ রানে। বৃষ্টিবাধায় ম্যাচ নেমে আসে ৪১ ওভারে। নিজেদের আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম এগোচ্ছিলেন ধীর-লয়েই। প্রাইম ব্যাংকের অফ স্পিনার আল আমিনের শিকার হয়ে দলের ৮৭ রানে মোহামেডান অধিনায়ক (৬৭ বলে ৪৬ রান) ফেরার পরই তাঁদের উইকেট-বৃষ্টি শুরু! পরের ৪১ রানের মধ্যে মোহামেডানের আরও যে চারটি উইকেট পড়েছে সবগুলোই আল আমিনের। আগের ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন, আজ দেখালেন তাঁর বোলিং-জাদু!
এরপর পেসার আল আমিন মোহামেডানের শেষের দুটি উইকেট তুলে নিয়ে মুড়ে দেন ইনিংসটা। মাঝে অবশ্য তাইজুল ইসলামকে আউট করেন রুবেল হোসেন। ৫৫ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে মোহামেডান ৩৬.১ ওভারে অলআউট ১৪২ রানে।
অফ স্পিনার আল আমিন ৬ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। পেসার আল আমিন ৭.১ ওভারে ২৬ রানে ২ আর রুবেল ৯ ওভারে ১৫ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। দুই আল আমিনই ধসিয়ে দিয়েছেন মোহামেডানের ইনিংসটা।
বিকেএসপিতে অবশ্য ফতুল্লার মতো বৃষ্টির উপদ্রব ছিল না। মেহরাব জুনিয়র, তুষার ইমরান ও মুক্তার আলীর ফিফটিতে ভিক্টোরিয়ার বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৯ রান করেছে কলাবাগান ক্রীড়াচক্র। বিকেএসপির অন্য মাঠে পারটেক্সের বিপক্ষে অমিত মজুমদারের সেঞ্চুরির সৌজন্যে খেলাঘর করেছে ২৮৮ রান।