তামিমরা বেশিদূর যেতে পারেননি আজও

তামিম আজ ৩৩ রানে ফিরেছেন।ছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজও সেই একই ছবি! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্টস কাপে তিনটি দৃশ্য প্রতিদিনই দেখা যাচ্ছে—ব্যাটসম্যানদের ব্যর্থতা, বোলারদের ধারাবাহিক পারফরম্যান্স আর ম্যাচের ফাঁকে এক পশলা বৃষ্টি!

নাজমুল একাদশের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করা তামিম একাদশের ইনিংসের শুরু থেকেই ব্যাটসম্যানদের। বিকেল সাড়ে ৪টায় বৃষ্টি-বাধায় ম্যাচ থামার আগে তামিমদের রান ৪০.৩ ওভারে ৮ উইকেটে ১৫৪। দলীয় ১৪ রানে ওপেনার তানজিদ হাসান ফিরলে অধিনায়ক তামিম ইনিংসটা লম্বা করার প্রতিজ্ঞায় এগোচ্ছিলেন। ৪ বাউন্ডারিতে পৌঁছে গিয়েছিলেন ৩৩ রানে। ফিফটি তো বটেই, আজ বাঁহাতি ওপেনারের সুযোগ ছিল গত কদিনের ব্যাটিং-খিদেটা মিটিয়ে নেওয়ার। বিকেলে বিশেষজ্ঞ ধারাভাষ্য দিতে আসা হাবিবুল বাশার পর্যন্ত বললেন, ‘আজকের উইকেট গত দুই ম্যাচের চেয়ে অনেক ভালো।’

তামিমের আউটটি নিয়ে দেখা দিয়েছিল কিছুটা বিভ্রান্তি
ছবি: শামসুল হক

সেই ‘ভালো উইকেট’ কাজে লাগিয়ে তামিম পারেননি বেশি দূর এগোতে। নাঈম হাসানের অফ স্টাম্পের বাইরের বল সামনের পায়ে রক্ষণাত্মক খেলতে গিয়ে ব্যাটের কানা ছুঁয়ে চলে গেল স্লিপে রিশাদ আহমেদের হাতে। বলটা মাটি ছুঁয়েছে কিনা, তামিমের এ প্রশ্ন উড়িয়ে আম্পায়াররা নিজেদের সিদ্ধান্তেই অটল থেকেছেন। তামিমের ৩৩ রানই এখন পর্যন্ত ইনিংসের সর্বোচ্চ।

এনামুল হক (১২), মোহাম্মদ মিঠুন (৪) দ্রুত ফিরে যাওয়ার পর শাহাদাত হোসেন চেষ্টা করেছেন ইনিংস মেরামত করতে। পঞ্চম উইকেটে মোসাদ্দেক হোসেনের সঙ্গে গড়েছেন ৪০ রানের জুটি। কিন্তু শাহাদাতও আত্মহননের পথ বেছে নিয়েছেন। রিশাদের লেগ স্টাম্পের অনেক বাইরের বল হাঁটু গেড়ে পুল করতে গিয়ে আল আমিনের ক্যাচ হয়ে উইকেট উপহার দিয়ে আসেন ৩১ রান করে।

ফুরফুরে মেজাজে নাজমুল হোসেন একাদশের খেলোয়াড়েরা।
ছবি: শামসুল হক

১২৫ রানে ৮ উইকেট হারানো তামিম একাদশের স্কোর ভদ্রস্থ করার লক্ষ্যে এগোচ্ছেন লেজের দুই ব্যাটসম্যান মেহেদী হাসান ও তাইজুল ইসলাম। দুজনের অবিচ্ছিন্ন নবম উইকেটে তাঁরা যোগ করেন ২৪ রান। মেহেদী অপরাজিত ৩০ রানে আর তাইজুল আছে ৯ রানে। প্রেসবক্সে এক সাংবাদিকের রসিকতা, ‘লেজের ব্যাটসম্যানদের কাঁধে স্কোর বড় করার দায়িত্ব—এটাই কি তবে নতুন স্বাভাবিকতায় বাংলাদেশের ক্রিকেট!’

৪৩ রানে ৩ উইকেট নিয়ে আজ সেরা বোলারের পুরস্কার পাওয়ার দাবি জানিয়ে রেখেছেন নাজমুল একাদশের পেসার আল আমিন। বিচারকদের কাজ কঠিন করে তুলতে অফ স্পিনার নাঈম হাসান ১০ ওভারে ৪ মেডেনে ২৮ রানে পেয়েছেন ২ উইকেট।