তামিমের অদ্ভুত আউটের আগে জুটির রেকর্ড

২০১৩ সালের মার্চে আনন্দদায়ী অনেক স্মৃতি নিয়ে গল থেকে ফিরেছিল বাংলাদেশ। এবার? সময়ই বলে দেবে। তবে গল টেস্টের দ্বিতীয় দিনেই তামিম ইকবাল-সৌম্য সরকার বাংলাদেশকে এনে দিয়েছেন দুর্দান্ত এক শুরু। তামিমের শিশুতোষ রানআউট হওয়ার আগে ওপেনিং জুটিতে এসেছে ১১৮ রান। টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিং জুটিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ। এই জুটির সৌজন্যে গল টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশ শেষ করেছে ২ উইকেটে ১৩৩ রানে।
আগের রেকর্ডটির সঙ্গেও জড়িয়ে আছে তামিমের নাম। সেবার তাঁর সঙ্গী ছিলেন জহুরুল ইসলাম। ২০১৩ সালের মার্চে কলম্বোর প্রেমাদাসায় তামিম-জহুরুলের ওপেনিং জুটিতে উঠেছিল ৯১ রান। তাঁরা টপকেছিলেন ২০০৭ সালের জুনে করা শাহরিয়ার নাফীস-জাভেদ ওমরের ৮৬ রানের জুটিকে। সেটিও এসেছিল শ্রীলঙ্কাতেই। মজার ব্যাপার হলো, ওপেনিংয়ে বাংলাদেশের তিনটি সেরা জুটিই শ্রীলঙ্কার মাটিতে।
বাংলাদেশ যে ওপেনিংয়ে শতরানের খুব বেশি জুটি পেয়েছে, তাও নয়। সব মিলিয়ে এটি মাত্র সপ্তম শতরানের উদ্বোধনী জুটি। সর্বশেষ শতরানের ওপেনিং জুটিও প্রায় দুই বছর আগে। ২০১৫ সালে খুলনা টেস্টে তামিম-ইমরুলের ৩১২ রানের পর এই প্রথম ওপেনিং জুটিতে শতরানের এল বাংলাদেশের। দলের প্রথম ইনিংসে যেকোনো দলের বিপক্ষে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি।
তামিম-সৌম্য দুজনই অবশ্য একবার করে সুযোগ পেয়েছেন। সুরঙ্গা লাকমালের বলে গালিতে ক্যাচ তুলে দেন সৌম্য। কিন্তু বলটা হাতে জমাতে পারেননি পেরেরা। সৌম্যর রান তখন ৪। দিলরুয়ান পেরেরার বলে ২৮ রানে ‘জীবন’ পান তামিম। সুযোগটা আরও কাজে লাগানোর সুযোগ ছিল তামিমের। কিন্তু অদ্ভুত আউটে বেশি দূর এগোতে পারলেন না বাঁহাতি ওপেনার।
লক্ষ্মণ সান্দাকানের বলটা কট বিহাইন্ডের আবেদন করেন ডিকভেলা। আবেদন শুনেই তামিমের বোঝা উচিত ছিল বলটা উইকেটকিপারের গ্লাভসে। কিন্তু সেটি আন্দাজই করতে পারলেন না তামিম! অহেতুক দৌড় শুরু করলেন বাংলাদেশের ওপেনার। রান আউটে কাটা পড়ে ৫৭ রানে দারুণ ইনিংসটার অপমৃত্যু। সৌম্য অপরাজিত ৬৬ রানে। তামিমের পর ৭ রান করে এলবিডব্লু হয়ে ফিরেছেন মুমিনুল হক।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী জুটি
| রান | মাঠ | সাল | |
| সৌম্য-তামিম | ১১৮ | গল | ২০১৭ |
| জহুরুল-তামিম | ৯১ | কলম্বো (প্রেমাদাসা) | ২০১৩ |
| জাভেদ-শাহরিয়ার | ৮৬ | কলম্বো (এসএসসি) | ২০০৭ |
| শামসুর-তামিম | ৭১ | চট্টগ্রাম | ২০১৪ |
| জাভেদ-নাফীস | ৫২ | বগুড়া | ২০০৬ |