তামিমের অনন্য অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গড়বড়টা করলেন সাকিব আল হাসান!
সাকিবের জন্যই যে অনন্য এক ‘ট্রেবল’ হলো না তামিম ইকবালের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান সাকিবের। কাল হাবিবুল বাশারকে ছাড়িয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি টেস্ট রানের মালিকের আসনে বসা তামিম পিছিয়ে শুধু এখানেই। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৫৪ রানের ইনিংসটা সেই ২০০৯ সালেই খেলেছিলেন তামিম। গত পাকিস্তান সিরিজ থেকে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানও তাঁর। ওই সিরিজেই খুলনায় ২০৬ রান করে সর্বোচ্চ টেস্ট ইনিংসের মালিকও তামিম। টি-টোয়েন্টিতে বাংলাদেশে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও তামিমের (৮৮*)। তামিমের নাম যে শুধু ওপরে নেই টি-টোয়েন্টির সবচেয়ে বেশি রানের তালিকাতেই।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান নাই-বা হলো, কিন্তু একই সঙ্গে টেস্ট ও ওয়ানডেতে নিজ দলের হয়ে সবচেয়ে বেশি রান ও সর্বোচ্চ ইনিংসের মালিক আর কেই-বা আছে! তামিমের আগে টেস্ট ও ওয়ানডে দুই ধরনের ক্রিকেটেই দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক সাতজন—ভারতের শচীন টেন্ডুলকার, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। তবে ওয়ানডেতে দেশের হয়ে সর্বোচ্চ ইনিংসের মালিক এঁরা কেউ নন। টেস্টেও ব্যতিক্রম শুধু লারা। টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বেশি রানের মালিকের দখলেই দেশের সর্বোচ্চ টেস্ট ইনিংসটাও। অ্যান্টিগায় করা লারার অপরাজিত ৪০০ রানের ইনিংসটা তো সেই ২০০৪ সাল থেকেই টেস্ট ইতিহাসের সর্বোচ্চ।