তামিমের আক্ষেপ, তামিমের তৃপ্তি

মাত্র কটা বল, কিছুটা সময় কাটিয়ে দিলেই যখন চলে, তখন এমন ধাক্কা! লাঞ্চের আগের ওভারে আউট হলেন ইমরুল কায়েস ও মুমিনুল হক। ধাক্কাটা অবশ্য পরে কাটিয়েও ওঠে বাংলাদেশ। তবে চা-বিরতির আগে মাহমুদউল্লাহ আর দিনের খেলা শেষ হওয়ার ১৫ বল আগে মুশফিকুর রহিমের আউট বড় আফসোসের কারণ হলো বাংলাদেশের কাছে। দিন শেষে ‘দিনটা আমাদের’—কথাটা তাই জোর দিয়ে বলতে পারছেন না তামিম ইকবাল।
তামিম জানালেন, বিরতির আগে আউট হওয়ার এই প্রবণতা অবশ্য মনস্তাত্ত্বিক নয়। তবে কেন সামান্য সময়টুকু পার করে দেওয়া যায় না, সেটির ব্যাখ্যা জানা নেই বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনারের, ‘এটার ব্যাখ্যা কীভাবে দেব বুঝতে পারছি না। এমনটা না হলে হয়তো আমরা আরও ভালো অবস্থানে থাকতে পারতাম। ওই সময় রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই, বিশেষ করে মুশফিক যদি আউট না হতো আমাদের জন্য ভালো একটি দিন যেত। তবে খারাপ যে গেছে সেটাও বলব না। মুশফিক যেভাবে খেলছিল তাতে আরও ভালো হতে পারত।’
মুশফিক-মাহমুদউল্লাহ থিতু হয়ে আউট হলেও তামিমের সেঞ্চুরি করারই সুযোগ ছিল। যদিও স্বভাবসুলভ আক্রমণাত্মক চেহারায় তাঁকে দেখা যায়নি। উইকেটের চরিত্র বুঝে ধীরলয়েই এগিয়েছেন। ব্যাটিংয়ের ধরন যেমনই হোক ‘প্রিয়’ প্রতিপক্ষ ইংল্যান্ডের সঙ্গে তামিমের ব্যাট কালও দারুণ কিছুর ইঙ্গিতই দিচ্ছিল। কিন্তু তাঁকে ফিরতে হলো সেঞ্চুরি থেকে খানিকটা দূরে থেকেই। ১৭৯ বলে ৭৮ রান—এ নিয়ে অবশ্য আক্ষেপ নেই তামিমের, ‘আজ খুব কষ্ট করে রান করেছি। যদি ভুল করে আউট হতাম কষ্ট লাগত। আমার কাছে মনে হয় যেভাবে খেলছিলাম সব আমার নিয়ন্ত্রণেই ছিল। সেঞ্চুরিটা হয়নি এ নিয়ে খুব বেশি চিন্তিত না। সামনে চেষ্টা করব এমন পরিস্থিতি যত লম্বা ইনিংস খেলা যায়।’
নিজের ইনিংস নিয়ে ‘সন্তুষ্ট’ হলেও রানটা তিন অঙ্ক ছুঁলে যে দ্বিতীয় দিনে বাংলাদেশ আরও ভালো অবস্থানে থাকত, সেটি আবার মানছেন তামিম। তবে এখনো আশা হারাচ্ছেন না বাঁহাতি ওপেনার, ‘যদি আরও রান করতাম তাহলে দলের জন্য ভালো হতো। আমি এখনো আশাবাদী। আমাদের সাকিব ও আরও দুজন ব্যাটসম্যান আছে। ওরা যদি জুটি বাঁধে আমাদের জন্য ভালো হবে।’
প্রথম ইনিংসে লিড নিতে হলে বাংলাদেশকে বড় জুটি আজ গড়তেই হবে।
প্রিয় প্রতিপক্ষ
টেস্টে তামিম ইকবালের ব্যাটিং গড় ৩৯.৯৫। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তা ৬৪.৭৭!