তামিমের উইকেট পেয়ে খুশি ব্যাটি
মোহাম্মদ আশরাফুলের পর তামিম ইকবাল—গ্যারেথ ব্যাটির দুই টেস্ট উইকেটের মাঝে কেটে গেছে ১১ বছর। এর মধ্যে ইংল্যান্ড খেলে ফেলেছে ১৪২ টেস্ট। ইংলিশ অফ স্পিনার সর্বশেষ টেস্ট খেলেছেন বাংলাদেশের বিপক্ষেই। ২০০৫ সালে সেই চেস্টার-লি-স্ট্রিট টেস্টে ব্যাটি পেয়েছিলেন শুধু আশরাফুলের উইকেটটি। দীর্ঘ বিরতিতে টেস্টে ফিরে কালও পেলেন বাংলাদেশ দলের খুবই গুরুত্বপূর্ণ একটি উইকেট। আউট করেছেন ৭৮ রান করা তামিম ইকবালকে।
দিনের সেরা হয়তো নন, তবু কাল দলের প্রতিনিধি হয়ে ব্যাটিই এলেন সংবাদ সম্মেলনে। তখন তামিমের সংবাদ সম্মেলন শেষ হয়নি। এই সময়ে বেশ আমুদে চেহারায় দেখা গেল অপেক্ষারত ব্যাটিকে। সংবাদ সম্মেলনকক্ষে নীরব থাকার নিয়মটা ভুলে বুটের স্পাইকের তালে অদ্ভুত ভঙ্গিমায় শরীর দোলাতে থাকলেন ৩৯ বছর বয়সী ইংলিশ অফ স্পিনার! বোঝা গেল বেশ আনন্দেই আছেন। এই আনন্দ কি ডায়াসে বসে থাকা খেলোয়াড়টিকে আউট করে? ব্যাটির সরল স্বীকারোক্তি, ‘আপনি যখন গড়পড়তা মানের খেলোয়াড় হবেন তখন সামান্য সাফল্যও উপভোগ করবেন। আমাদের মনে হচ্ছিল ওকে কিছুটা থিতু করে দিচ্ছি। দারুণ এক ব্যাটসম্যানকে আউট করে অবশ্যই ভালো লাগছে।’
তামিমের উইকেট তো ছিলই, তবে ব্যাটির উচ্ছ্বাস নিশ্চয়ই দীর্ঘদিন পর ইংল্যান্ডের হয়ে খেলতে নেমে, ‘এটা অসাধারণ এক অনুভূতি। খুব নার্ভাস ছিলাম। আমি আসলে এমন নই। ক্যারিয়ারে এর আগে এভাবে কখনো চিন্তা করিনি। কারণ আপনি এখানে ভালো করতে চান। মানুষ হিসেবে এমনটা হওয়াই স্বাভাবিক।’
কাল ব্যাটির আরও একটি নতুন অভিজ্ঞতা হয়েছে—অধিনায়ক তাঁকে আক্রমণে নিয়ে এসেছেন শুরুতেই। নতুন বলে বোলিং করে বেশ রোমাঞ্চিত তিনি, ‘আগে কখনোই নতুন বলে বোলিং করিনি। এ কারণেই একটু নার্ভাস ছিলাম। প্রথম বলটা তাই একটু বাজে হয়েছে। তবে কিছু বল ভালো ছিল। আরও কিছু বল ভালো হতে পারত।’