করতে চেয়েছিলেন 'মেসি', হয়ে গেছে 'রোনালদো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্য এবার ২-০, তাই আগামীকালের ম্যাচে দৃষ্টি মাশরাফির। ছবি: শামসুল হক
লক্ষ্য এবার ২-০, তাই আগামীকালের ম্যাচে দৃষ্টি মাশরাফির। ছবি: শামসুল হক

এক উদ্‌যাপন দিয়ে আবার আলোচনায়। যেমন আলোচনার জন্ম দিয়েছিলেন লর্ডসে, মিরপুরে। কালকে তামিমের অমন উদ্‌যাপনের রহস্য কী? কাল সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম এক রকম উত্তর দিয়েছেন বটে। তবে বিষয়টির তাতে মন ভরেনি কারও। ফলে প্রশ্নটা আজ আবার ধেয়ে গেল মা মাশরাফি বিন মর্তুজার দিকে। বাংলাদেশ অধিনায়ক ব্যাখ্যা দিলেন, অবশ্যই তাঁর মতো করে।

আজ হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। সেখানেই ঘুরেফিরে এল তামিমের উদ্‌যাপন প্রসঙ্গে। মাশরাফি জানালেন তেমন কোনো কারণ নেই, এটা ছিল রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর অনুকরণে উদ্‌যাপন, ‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে (বিশ্বকাপে) আমি ক্রিস্টিয়ানো রোনালদোর একটা স্টাইলে উদ্‌যাপন করেছিলাম। কিন্তু আমি তো মেসি-ভক্ত। পরে তামিম বলেছে, সে মেসির মতো উদ্‌যাপন করবে। তো গতকাল ও হাত উঁচু করে মেসির মতোই কিছু করতে চেয়েছিল, কিন্তু রোনালদোর মতো করে ফেলেছে! এর বাইরে আর কিছু নেই। তবে ওর মধ্যে অন্য কিছু যদি থাকে, সেটা সে-ই ভালো জানে। আমার সঙ্গে ওর যতটুকু কথা হয়েছে, তাতে মনে হয়েছে রোনালদোর স্টাইলেই উদ্‌যাপন করেছে। রোনালদো যখন অনেক কষ্টের পর গোল করে তখন এভাবে উদ্‌যাপন করে। ও আমাকে বলেছে, এভাবে করতে চেয়েছিলাম, এর ভেতরে অন্য কিছু নেই।’

তিন ম্যাচের সিরিজে ১-০ হয়ে গেল। আরেকটি ম্যাচ জিতলেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি। এ সুযোগ কাজে লাগাতে পারবে বাংলাদেশ? মাশরাফি বললেন, ‘আমাদের সামনে দারুণ এক সুযোগ। গতকাল পারফেক্ট ম্যাচ ছিল আমাদের জন্য। কোথাও বড় কোনো ত্রুটি ছিল না। তবে বোলিংটা আরও একটু ভালো হতে পারত। আমার মনে হয়, যে উইকেটে খেলা হয়েছে, সেখানে দুদলই ৩০০ রানের ওপরে করতে পারত। তার পরও মনে হয় ম্যাচটি পারফেক্ট। তবে এ রকম প্রতি ম্যাচেই খেলা সম্ভব নয়। এ রকম খেলতে পারলে যেকোনো দলের বিপক্ষে যেকোনো সময় জেতা সম্ভব; জেতা সম্ভব মানে জেতাই যায়। ইনশা আল্লাহ আগামী ম্যাচে যদি আমরা গতকালের মতো ভুল ত্রুটি কম করে খেলতে পারি, তবে জেতার সুযোগ থাকবে।’
আগামীকালের ম্যাচ জিতলেই স্বপ্নের পরিধি বিস্তৃত হবে অনেকখানি। আপনা-আপনি চলে আসবে বাংলাওয়াশ-প্রসঙ্গ। মাশরাফি এখনই অত দূরে তাকাতে চান না। আপাতত ভাবনায় দ্বিতীয় ম্যাচ নিয়ে, ‘আসলে একটা জিনিস হয়ে গেছে, আমরা যখন দেশে খেলি এবং প্রথম ম্যাচ জিতে যাই, তখনই হোয়াইটওয়াশ বা বাংলাওয়াশ নিয়ে কথা উঠে। এগুলো আমার কাছে মনে হয় অতিরিক্ত চাপ। আমরা কোনো সিরিজ খেলতে নামলে প্রত্যেকটি ম্যাচই জেতার চেষ্টা করি। এই মুহূর্তে আমাদের জন্য পরের ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আপনারাও এই কথা আশা করছিলেন! এবং এটিই সত্যি কথা; পরের ম্যাচটি আমরা জিততে চাই। এটা জিতলেই আমরা সিরিজ জিতে যাব। তারপরের ম্যাচেও নিশ্চয় আমরা হারের জন্য নামব না। আপাতত পরের ম্যাচ নিয়েই ভাবতে চাই।’
বিশ্বকাপে ভারতের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে গতকাল ছিলেন না দলে। বাংলাদেশের এ স্মরণীয় জয়ে দলে না থাকতে পেরে একটু আক্ষেপ কি তৈরি হয় না মাশরাফির মনে? বাংলাদেশ অধিনায়ক মাঠে না থাকতে পারলেও দলের সঙ্গে থাকায় খুশি, ‘দলের অংশ হতে পারলে সব সময় ভালো লাগে। মাঠে খেলতে পারিনি, তবে দলে থাকতে পেরে খুবই আনন্দিত। ১৬ বছর পর আমরা পাকিস্তানের বিপক্ষে জিতলাম, এটা আমার জন্য খুবই আনন্দের ব্যাপার।’