তামিমের এক মাসের অপেক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব ঠিকঠাক থাকলে তামিম ইকবাল খেলার ফিটনেস ফিরে পাবেন এক মাসের মধ্যেই। কাল মেলবোর্ন থেকে টেলিফোনে তামিমই দিয়েছেন সুসংবাদটা। ‘এখন হাঁটাহাঁটি করতে পারছি। ডা. ডেভিড ইয়াং আমাকে বলেছেন, চার সপ্তাহ পর চাইলে খেলায়ও ফিরতে পারব। এই সময়ের মধ্যে ম্যাচ ফিটনেস ফিরে পাব আমি’—মুঠোফোনে বলেছেন বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার।
গত সোমবার মেলবোর্নের অ্যাভিনিউ হাসপাতালে তামিমের বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করেন ডেভিড ইয়াং। অস্ত্রোপচারে মিনিসকাসের সমস্যা দূর হলেও এখনই দেশে ফেরা হচ্ছে না তামিমের। আগামী দুই সপ্তাহ অস্ট্রেলিয়াতেই চলবে পুনর্বাসন প্রক্রিয়া। তামিমই জানালেন, ‘এই দুই সপ্তাহ চিকিৎসার পাশাপাশি ট্রেনিং, সাইক্লিং এসবও চলবে। তবে এক সপ্তাহ পর ডেভিড ইয়াংয়ের সঙ্গে আবার দেখা করব।’ দেশে ফেরার সময়টাও তখনই ঠিক হতে পারে বলে জানিয়েছেন তিনি।