তামিমের একলা লড়াই

দলের সবাই উড়ে এসেছেন ঢাকা থেকে। তামিম ইকবাল একা দুবাই থেকে উড়ে এসে যোগ দিয়েছেন দলের সঙ্গে। দুবাইয়ে খেলছিলেন পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএলে। চাইলে পিএসএলে খেলতে যাওয়া অন্য দুই বাংলাদেশ-সতীর্থ সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর মতো ঢাকা ঘুরে আসতে পারতেন। বুড়ি ছোঁয়া ছুঁয়ে আসতে পারতেন দেশের মাটি। কিন্তু সেটি তিনি করেননি। দুবাই থেকে একাকী চলে এসেছেন শ্রীলঙ্কায়। এবারের শ্রীলঙ্কা সফরটা যে তাঁর একলা একটা লড়াই। নিজের সঙ্গে লড়াই।
সব দেশের সঙ্গেই রান পেয়েছেন। সব দলের বোলাররাই বুঝেছেন তাঁর ব্যাট কেমন রানপ্রসবা, কেমন প্রমত্ত। শুধু লঙ্কানরাই এই বাঁহাতির ব্যাটকে লাগাম পরিয়েছেন। খেলাটা যখন টেস্ট এবং প্রতিপক্ষের নাম শ্রীলঙ্কা, তামিম কোথায় যেন হারিয়ে যান। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন ধরনের ক্রিকেটেই বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক শ্রীলঙ্কার সঙ্গে ৫ টেস্ট ও ১০টি ইনিংস খেলে রান করেছেন মাত্র ১৯৮। গড় ১৯.৮। ফিফটি মাত্র একটি। সেটি গত সফরে, প্রেমাদাসা স্টেডিয়ামে। লজ্জাবনত এই পরিসংখ্যান তামিম নিজেও জানেন।
এই লজ্জাটাকে মুছে ফেলতে ৪৮তম টেস্টেই কি বিশেষভাবে উদ্যোগী বাংলাদেশের ওপেনার? এ জন্যই কি নেটে একটু বেশি সিরিয়াস দেখা গেল তাঁকে? একেবারেই আদর্শ বা সঠিক সময়ে একটি সেঞ্চুরি দিয়ে নতুন করে শুরু করবেন ক্যারিয়ারের শ্রীলঙ্কাপর্ব? মাত্র দ্বিতীয়বার নেট থেকে ফিরে এসেছেন। দরদর করে ঘাম ঝরছে কপাল থেকে। গা জ্বলানো রোদে গল স্টেডিয়ামের এক প্রান্তে দাঁড়িয়ে তামিম দূরের ডাচ দুর্গটার দিকে তাকালেন। পতপত করে কয়েকটি পতাকা উড়ছে। তাঁর ঠোঁটের কোণ দিয়ে তিরতির করে বয়ে গেল একটু হাসি, ‘সঠিক সময় কি বেঠিক সময়, জানি না। আমি সব রান করতে চাই। প্রথম টেস্টের প্রথম ইনিংসেই রান করতে চাই। কিন্তু সব সময় যেটি বলি, আমাদের প্রসেসগুলো ঠিক রাখতে হবে।’
প্রসেস বা প্রক্রিয়াগুলো আসলে কী? এটা হলো ব্যাটিংয়ের ব্যাকরণ, টেস্ট ব্যাটিংয়ের ব্যাকরণ। উইকেটে থিতু হতে হবে। বলের গুণাগুণ বুঝে শট খেলতে হবে। এই তো! এত দিন পরও তামিমকে বোধ করি অ আ ক খ-য়ের মতো শিখতে হবে না।
তারপরও তামিমকে মনে হলো, এগুলো তিনি মনের মধ্যে গেঁথে নিয়েই গল টেস্টে নামতে চাইছেন। আর কোচ চন্ডিকা হাথুরুসিংহে কড়া হেডমাস্টারের মতো শুধু তামিম নন, সব ব্যাটসম্যানকেই এই প্রক্রিয়াগুলো ঝালিয়ে নিতে বাধ্য করছেন। তামিম যে দ্বিতীয়বার নেটে ব্যাট করলেন কাল, সে শুধু নিজের সিরিয়াসনেসের জন্যই নয়। প্রথমবার ব্যাটিংয়ে কোথায় কী খামতি ছিল, ভিডিওতে বিশ্লেষণ করার পর তা শোধরাতেই ব্যাটিংয়ে নামতে হয়েছিল দ্বিতীয়বার।
গল স্টেডিয়ামের মধ্যখানে দাঁড়ালেই সবার মনে পড়ে যাচ্ছে চার বছর আগের এক মার্চ মাস। বাংলাদেশের টেস্ট ইতিহাসের কতগুলো জ্বলজ্বলে পাতা। সাঙ্গাকারা, জয়াবর্ধনে, দিলশানসমৃদ্ধ শ্রীলঙ্কান দলের ওপর ছড়ি ঘুরিয়ে ৬৩৮ রান। মুশফিকের ব্যাটে বাংলাদেশের প্রথম ব্যক্তিগত ডাবল সেঞ্চুরির জন্ম। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম লিড। আর শেষে তাদের ম্যাচ ড্র করতে বাধ্য করা। দেশের এমন গৌরবের একটি ঘটনায় তামিমের তেমন অবদান নেই। এটি নিঃসন্দেহে তাঁকে পোড়ায়। এ জন্যই কি চার বছর আগের অতীতে ডুব দিতে মন চায় না? এ জন্যই তাঁর মনের আয়নায় এক বছর আগের অতীতই বেশি ছায়া ফেলে?
‘পিএসএলের অভিজ্ঞতা ভালো। সব সময় ভালোই থাকে। তারপরও বলব আমার আরও ভালো খেলা উচিত ছিল’—পিএসএল প্রসঙ্গ উঠতেই সেটিকে তামিমে মিলিয়ে দিলেন তাঁর গত বছরের সোনালি দিনগুলোর সঙ্গে, ‘গত বছরটা আমার স্পেশাল ছিল। এ বছরটা এখনো তত ভালো নয়। ৭ তারিখের জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছি।’
‘এখনো তত ভালো নয়’—মানে বছরটাকে ভালো করে তুলতে হবে। আর ৭ তারিখ মানে ৭ মার্চ, গল টেস্ট শুরুর দিন। তামিমের বছর ভালো করার অভিযান শুরু হচ্ছে তাহলে গল টেস্ট থেকেই। বলা ভালো, অভিযান শুরু হয়ে গেছে প্রস্তুতি ম্যাচে অপরাজিত ১৩৬ রানের দুর্দান্ত একটি ইনিংস দিয়ে। যদিও তামিমের কাছে প্রস্তুতি ম্যাচের গুরুত্ব খুব বেশি নয়।
তামিম যখন কথা দেন, অপেক্ষায় বোধ হয় থাকাই যায়। তাঁর ব্যাট কথা বলতে শুরু করলে ২২ গজে কী ঘটে, একটু-আধটু আমরা সবাই তা জানি।