তামিমের চাই বিশ্বকাপ সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা তামিমকে নিয়ে গত দুই দিন নেটে অনেকটা সময় কাটিয়েছেন কোচ হাথুরুসিংহে l প্রথম আলো
চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা তামিমকে নিয়ে গত দুই দিন নেটে অনেকটা সময় কাটিয়েছেন কোচ হাথুরুসিংহে l প্রথম আলো

তুলে মারা একটা শট ঠিকমতো খেলতে পারলেন না, চন্ডিকা হাথুরুসিংহে এগিয়ে গেলেন। কিছু একটা বুঝিয়ে দিলেন। পরের বল ব্যাটে লাগল ঠিকঠাক, উড়ে গেল সীমানায়। এবার কোচের ‘থাম্বস আপ’ পেলেন তামিম ইকবাল।
সতীর্থরা কাল যখন লম্বা সফরের আগে একান্তে সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে, আর ব্যস্ত শেষ মুহূর্তের টুকটাক প্রস্তুতিতে, তামিম তখন ব্যস্ত মিরপুরের সেন্টার উইকেটে। আগের দিনও সতীর্থরা যখন বিসিবিতে বুঝে নিচ্ছেন পোশাক-সরঞ্জাম, তামিম সময় কাটাচ্ছেন মাঠে। চোট থেকে ফেরার পর গত পরশুই প্রথম পুরোদমে ব্যাটিং করেছেন তামিম। সেদিন খেলেছেন শুধু বোলিং মেশিনে। কাল মেশিনের সঙ্গে খেললেন নেট বোলারদেরও।
ব্যাটিংয়ে এখন অস্বস্তি নেই খুব একটা। যেটুকু অস্বস্তি, তা মনে। দল ব্রিসবেনের উদ্দেশ্যে দেশ ছেড়েছে গত রাতেই। তামিম যাবেন আজ রাতে, একা। এই একাকী যাত্রাই তামিমের মনোবেদনা, ‘একটু তো খারাপ লাগছেই। এত বড় একটা ইভেন্টে সবাই একসঙ্গে গেলে অন্য রকম ভালো লাগা কাজ করে। তবে কিছু করার নেই, চিকিৎসার ব্যাপার। এটাও আমার জন্য গুরুত্বপূর্ণ। শেষ ইনজেকশনটা নেওয়ার পর আশা করি অনেকটাই ফিট হয়ে উঠব।’
ব্রিসবেন নয়, আজ তামিম উড়াল দেবেন মেলবোর্নের পথে। সেখানেই ওই ইনজেকশনটা নেবেন ২৭ জানুয়ারি। পরদিন ব্রিসবেন গিয়ে আশা করছেন দলের সঙ্গে অনুশীলন করবেন ২৯ জানুয়ারি। ফিট হওয়ার পথে বড় একটি পরীক্ষা অপেক্ষা করছে অস্ট্রেলিয়ায়। কাল সকালে মাঠে এসে ব্যাটিংয়ের আগে ১২ চক্কর দৌড়েছেন। তবে অস্ট্রেলিয়ায় গিয়ে যখন স্প্রিন্ট শুরু করবেন, প্রকৃতপক্ষে তখনই বোঝা যাবে তামিমের হাঁটুর সত্যিকার অবস্থা। এই চোটে ব্যাটিংয়ে খুব একটা সমস্যা হয় না। রানিং বিটুইন দ্য উইকেট আর ফিল্ডিংয়েই সমস্যা। কোচ আগেই জানিয়ে দিয়েছেন শতভাগ ফিট না হলে বিবেচনা করা হবে না তামিমকে। আগের দিনের মতো কাল অস্ট্রেলিয়া-যাত্রার দিনেও পুরো সময় তামিমকে বাজপাখির চোখে দেখেছেন হাথুরুসিংহে।
পুরো ফিট না হলে শরীরের ওপর জোর খাটিয়ে খেলতে চান না তামিম নিজেও, ‘শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংটাও খেলায় খুব গুরুত্বপূর্ণ। আমি দলের জন্য বোঝা হতে চাই না। শতভাগ ফিট হয়েই খেলব।’ কোচ অন্তত দুটি প্রস্তুতি ম্যাচে খেলাতে চান এই বাঁহাতি ওপেনারকে। তামিম নিজে ভাবছেন আরও এগিয়ে, ‘অন্তত দুটি প্রস্তুতি ম্যাচ তো খেলাই উচিত। সম্ভব হলে ব্রিসবেনেও একটি খেলতে চাই। ওখানকার উইকেটই তো একটি বেশি গতির ও বাউন্সি। হাঁটুর অবস্থা বুঝে সিদ্ধান্ত নেব।’
আপাতত ফিট হওয়াই প্রধান লক্ষ্য। তবে যেভাবে উন্নতি হচ্ছে, তাতে বিশ্বকাপে শুরু থেকেই খেলবেন বলে আত্মবিশ্বাসী। নিজের একটা লক্ষ্যও ঠিক করে ফেলেছেন, ‘বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি নেই বিশ্বকাপে। এবার আমি সেই খরা ঘোচাতে চাই। আর আমি যদি না-ও পারি, আশা করব আমাদের কেউ একজন অন্তত পারবে।’ ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোহাম্মদ আশরাফুলের ৮৭ রানের সেই অসাধারণ ইনিংসটিই বিশ্বকাপে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ।
সেবারই বিশ্বকাপ অভিষেক তামিমের। ভারতের বিপক্ষে ১৭ বছরের তরুণের দুর্বিনীত ব্যাটিং চমকে দিয়েছিল ক্রিকেট-বিশ্বকে। খেলেছেন দেশের ২০১১ বিশ্বকাপেও। বয়সে তখনো তরুণ, কিন্তু তত দিনে দলের বড় ভরসা। এবার নিজের বয়স, আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স, ম্যাচসংখ্যা, সব মিলিয়েই অনেক অভিজ্ঞ। পথচলায় পেছন ফিরে তাকিয়ে আয়নার সামনে দাঁড়ালেন এই তামিম, ‘প্রথম বিশ্বকাপে কোনো লক্ষ্য ছিল না। ওই বয়সে বিশ্বকাপ খেলতে পেরেই ছিলাম অত্যন্ত খুশি। গত বিশ্বকাপে লক্ষ্য ছিল, ঘরের মাঠে সেটা ছুঁতে পারিনি। সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে যায়। এখন আমি পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করি। বিশ্বকাপেও সেটাই করব। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে শুরু থেকে শট খেল কঠিন। চেষ্টা করব প্রথম ১০ ওভার দেখে খেলতে, পরে এগিয়ে যেতে। এবারের লক্ষ্যের কথা তো আগেই বলেছি। যদিও শুরুটা ভালো হয়নি, ইনজুরি। আশা করব শেষটা সুন্দর হবে।’
তামিমের সুন্দর সমাপ্তি মানেই তো বাংলাদেশের সুন্দর শুরু!