তামিমের চেয়ে নাসিরের আক্ষেপটাই কি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার লিগে নাসির ও তামিম দুজনই আউট হলেন নব্বইয়ের ঘরে। ফাইল ছবি
প্রিমিয়ার লিগে নাসির ও তামিম দুজনই আউট হলেন নব্বইয়ের ঘরে। ফাইল ছবি

৫০তম ওভার চলছে, আর মাত্র দুই বল বাকি। সেঞ্চুরি করার জন্য নাসির হোসেনের দরকার ৩ রান। কিন্তু দেওয়ান সাব্বিরের বলে মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিলেন। ৯৭ রানেই ফিরে যেতে হলো নাসিরকে। তামিমও ‘নড়বড়ে নব্বইয়ে’র শিকার, আউট হয়ে গেছেন ৯০ রানে। ঢাকা প্রিমিয়ার লিগে দুজনেই তাই একটু আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছেন।


প্রাইম দোলেশ্বরের নাসিরের দুঃখটাই একটু বেশি। ৪৮ ওভার শেষে যখন তাঁর রান ৮৬, সেঞ্চুরির স্বপ্নটা দূরেই ছিল। কিন্তু কলাবাগান ক্রীড়াচক্রের মাশরাফি বিন মুর্তজার ওই ওভার থেকে একাই নিলেন ৮ রান। সাব্বিরের পরের ওভারেও স্ট্রাইক পেয়েছিলেন। কিন্তু দ্বিতীয় বলে মাত্র ১ রান নিতে পারলেন। চতুর্থ বলে আবার স্ট্রাইক পেলেন, এবার ২ রান নিয়ে আরেকটু উজ্জ্বল করলেন আশা। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হলো না।

২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরপর দুই টেস্টে নব্বইয়ের ঘরে আউট হয়ে গিয়েছিলেন নাসির। অবশ্য শ্রীলঙ্কার সঙ্গে পরের টেস্টেই সেঞ্চুরি করেছিলেন। সেটা ভেবেই একটু সান্ত্বনা পেতে পারেন। নব্বইয়ের ঘরে আউট হওয়ার দুঃখ অবশ্য পুরোনো হয় না কখনো। প্রতিবারই তা এনে দেয় নতুন হতাশা।

ফতুল্লার নিষ্প্রাণ উইকেটে শুরু থেকেই বেশ স্বচ্ছন্দে খেলছিলেন নাসির। দোলেশ্বরের ১২৭ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর নেমেছিলেন। ৯৭ রানের ইনিংসে ১১টি চার ও একটি ছক্কা—৫০ রানই এসেছে বাউন্ডারি থেকে। তার আগে শুরুতে ৭৩ রানের ইনিংস খেলে করে ভালো একটা শুরু এনে দিয়েছিলেন ইমতিয়াজ হোসেন। দোলেশ্বর ৫০ ওভারে করতে পেরেছে ২৮৭।

কাকতালীয়ই বটে, মিরপুরে আবাহনীও করতে পেরেছে ওই ২৮৭-ই। তামিমের সেঞ্চুরিটা সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। কিছুদিন ধরেই রান আসছে ব্যাটে, মিরপুরের রানপ্রসবা উইকেটে তামিমের কাছ থেকে বড় কিছুই প্রত্যাশিত ছিল। শেখ জামালের বিপক্ষে ৩১ ওভারেই পৌঁছে গিয়েছিলেন নব্বইয়ের ঘরে। কিন্তু ৯০ রানে উড়িয়ে মারতে গিয়ে মাহমুদউল্লাহর বলে লং অনে ক্যাচ দিয়ে ফিরে যান।

নাসিরের সঙ্গে একটা জায়গায় মিল আছে, দুজনেই মেরেছেন ১১টি চার। ৯১ বলের ইনিংসে তামিমের অবশ্য কোনো ছয় নেই।

তামিমের ইনিংসের পরও আবাহনীর রান হয়তো এত বেশি যেত না। সেটা ২৮৭ পর্যন্ত যাওয়ার কৃতিত্ব নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেনের। নাজমুল করেছেন ৫০ বলে ৫২, আর মোসাদ্দেক খেলেছেন ২৯ বলে ৪৬ রানের ঝোড়ো একটা ইনিংস। দুইটি ছক্কা মেরেছেন মোসাদ্দেক, এর মধ্যে মুক্তারের বলে মারা ছয়টি আবার সুইচ হিটে!

এবারের প্রিমিয়ার ​লিগটা না​সিরের জন্য বড় পরীক্ষার মঞ্চও। জাতীয় দলের স্কোয়াডে থেকেও একাদশে জায়গা না পাওয়ার অভিজ্ঞতা হচ্ছে বারবার। নাসির নিজের জায়গার দাবি জোরালো করতে পারেন কেবল ব্যাটেই।