তামিমের জবাব ব্যাট আর হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতের মুদ্রায় কী বোঝাতে চাইলেন তামিম ইকবাল। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l প্রথম আলো
হাতের মুদ্রায় কী বোঝাতে চাইলেন তামিম ইকবাল। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l প্রথম আলো

সাঈদ আজমলের বলে লং লেগ দিয়ে চারটা মেরেই খানিক দৌড়ে গেলেন। তারপর ব্যাট মাটিতে রেখে হাত থেকে খুলে নিলেন গ্লাভস। গম্ভীর মুখে দর্শকদের উদ্দেশে দুই হাত দিয়ে সেঞ্চুরি উদ্যাপনের যে ভঙ্গিটা করলেন তার অর্থ হতে পারে একটাই—‘অনেক তো কথা বলেছ...পারলে আরও বলো।’ ব্যাটসম্যানের নাম তামিম ইকবাল।
এর ঠিক ১০ ওভার পর আরেকটা সেঞ্চুরি দেখল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। এবারও আজমলের বলে চার মেরে সেঞ্চুরি। কিন্তু উদ্যাপন ভিন্ন। মুখে বিস্তৃত হাসি নিয়ে ব্যাট তুললেন মুশফিকুর রহিম। জড়িয়ে ধরলেন অপর প্রান্ত থেকে এগিয়ে আসা সাকিব আল হাসানকে।
তামিম-মুশফিকের সেঞ্চুরি উদ্যাপনের এই পার্থক্য চোখে পড়ার মতোই। মুশফিকের উদ্যাপনের ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। শতরানের পর একজন ব্যাটসম্যানের ও রকম আনন্দে ভাসাই স্বাভাবিক। প্রশ্ন হলো তামিমের উদ্যাপন নিয়ে। সেঞ্চুরির উল্লাসে তিনি কিনা প্রতিপক্ষ বানালেন দর্শকদের! যেন সমালোচনার জবাব ব্যাট হাতে দিয়ে পুরো তৃপ্ত হননি। কাজে লাগাতে হলো হাত দুটোকেও।
ওয়ানডেতে সর্বশেষ সেঞ্চুরি শ্রীলঙ্কার বিপক্ষে, ২০১৩ সালের মার্চে হাম্বানটোটায়। মাঝখানে দুই বছরের বিরতি কত না প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিল তামিমকে! যেকোনো ব্যাটসম্যানের জন্যই এটা মানসিক চাপ। খেলোয়াড়দের এসব চাপ কাটিয়ে ওঠার উপায়গুলোর মধ্যে একটা হলো বাইরের কথায় কান না দেওয়া। কিন্তু তামিমের ঘনিষ্ঠ মহলের দাবি, তাঁর বেলায় নাকি উল্টোটাই হয়েছে। কে কী বলল, কোন পত্রিকায় কী লেখা হলো, এমনকি উন্মুক্ত আকাশের এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় কী ভাষায় সমালোচনা হচ্ছে, তাঁর মাথায় ঝড় তুলতে লাগল সেসবও। সাধারণ ক্রিকেটপ্রেমীদের অক্রিকেটীয় সব বিশ্লেষণ হুল হয়ে ফুটতে লাগল শরীরে। চারদিকে শুধু ‘শত্রু’ দেখতে লাগলেন তামিম। এ রকম পরিস্থিতিতে যা হয়, তাঁর বেলায়ও তাই হলো। মাঠের মতো মাঠের বাইরেও যেন নিজেকে হারিয়ে খোঁজা এক মানুষ তামিম!
অবশ্য তামিমের প্রতিও খুব একটা ন্যায়বিচার হয়নি। সাম্প্রতিক সময়ের কথাই ধরুন। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৮ রান তাড়া করে জেতায় যে তামিমের ৯৫ রানের ইনিংসের মুখ্য ভূমিকা ছিল, সেটা তো ভুলেই গিয়েছিল সবাই! বিশ্বকাপের পরের ম্যাচগুলোর পর বিসিএলের দুই ম্যাচ ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ব্যর্থতায় তিনি রীতিমতো কাঠগড়ায়। বিভিন্ন সংবাদ ওয়েবসাইট আর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তামিম কেন জাতীয় দলে’ এমন অদ্ভুত প্রশ্নও উঠতে লাগল। কোচ-অধিনায়কের সংবাদ সম্মেলনে প্রশ্নের উপজীব্য হয়ে এল তামিমের ‘বাজে ফর্ম’।
অথচ তামিম যে রকম ওয়ানডেতে ২১ ইনিংস পর সেঞ্চুরি পেয়েছেন, মুশফিকের কালকের সেঞ্চুরিটাও কিন্তু ১৯ ইনিংস পর। এটা ঠিক যে দুই সেঞ্চুরির মাঝের সময়ের পারফরম্যান্সে মুশফিক এগিয়ে। তাঁর ফিফটি যেখানে আটটি, তামিমের চারটি। মোট রানও মুশফিকেরই বেশি। তাই বলে অতটা গঞ্জনা, অতটা সমালোচনা বোধ হয় প্রাপ্য ছিল না তামিমের মতো ব্যাটসম্যানের। খারাপ সময় যেতেই পারে, তাই বলে সেখানেই যে সব শেষ হয়ে যায় না, সেটা তো তিনিই প্রমাণ করে দেখালেন। ক্রিকেটের নিয়মিত দর্শক মানেই জানেন জ্বলে ওঠা তামিম কী জিনিস। তামিমের সেঞ্চুরি মানেই বাংলাদেশের জয়ের সম্ভাবনা। তা ছাড়া কালকের সেঞ্চুরিতে ভর করে এসেছে আরেকটা গৌরবও। সাকিবকে টপকে ওয়ানডেতে এখন বাংলাদেশ দলের সবচেয়ে বেশি রানের মালিকও তামিম।
এর আগে একবার টানা চার ফিফটির উদ্যাপনে একে একে চার আঙুল দেখিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। কাল হাতের ইশারায় যেন বলতে চাইলেন, ‘যথেষ্ট হয়েছে, এবার থামো।’ তা ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়কে মাঠের বাইরে আছড়ে ফেলা দুরন্ত সেঞ্চুরির পর অভিমানের বহিঃপ্রকাশে একটু তেজ তো থাকতেই পারে। তামিমের ওই ‘উদ্যাপন’ই বলে দিচ্ছে, খারাপ সময়ে সবচেয়ে বেশি যন্ত্রণাকাতর ছিলেন তিনি নিজেই।