তামিমের টানা দ্বিতীয় 'ষাট'

বিপিএল গড়িয়ে চলার সঙ্গে আরও চওড়া আর ক্ষুরধার হয়ে উঠছে তামিম ইকবালের ব্যাট। আজ দিনের শেষ ম্যাচে খুলনা টাইটানসের ১১১ রান তাড়া করতে নেমে কুমিল্লার হয়ে তামিমের একার অবদানই ৪২ বলে অপরাজিত ৬৪ রান। একপেশে এ ম্যাচে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।
কুমিল্লার আগের ম্যাচেও তরবারি হয়ে উঠেছিল তামিমের ব্যাট। ৪৫ বলে তাঁর ৬৩ রানের ইনিংসটি শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেনি। আজ অবশ্য ভিক্টোরিয়ানসের বোলাররা খুলনাকে স্বল্প রানে বেঁধে ফেলায় ব্যাটসম্যানদের ওপর চাপ কম ছিল। তামিম এ সুযোগের সদ্ব্যবহার করেই মাত্র ৩০ বলে তুলে নেন এবারের বিপিএলে তাঁর টানা দ্বিতীয় ফিফটি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৬ বলে ফিফটি করার কীর্তি আছে তামিমের। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে তাঁর খেলা ৮৩ রানের ইনিংসে ফিফটি এসেছিল ৩৬ বলে। আজ ঘরোয়া আসরে সেটাও ছাপিয়ে গেলেন তামিম। বিপিএলে এটা তাঁর দ্বিতীয় দ্রুততম ফিফটির কীর্তি। ২০১৫ সালে চিটাগংয়ের হয়ে ২৯ বলে ফিফটি তুলে নিয়েছিলেন তামিম। আজ ১২ বাউন্ডারিতে ইনিংসটি সাজান কুমিল্লার এ ওপেনার। ৭.২ ওভারে দলীয় ৬৪ রানে আরেক ওপেনার লিটন দাস (২১) আউট হওয়ার পর তামিম আর ইমরুল কায়েস মিলে আর কোনো উইকেট পড়তে দেননি। ২১ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন ইমরুল।
কুমিল্লার পেসার আল আমিন আমিন এবং স্পিনার শোয়েব মালিকের সামনে দাঁড়াতেই পারেনি খুলনা। ৩টি করে উইকেট নেন এ দুই বোলার। সর্বোচ্চ ২৪ রান এসেছে আরিফুল হকের ব্যাট থেকে। ১৪ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। হারলেও ১০ ম্যাচে মোট ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল খুলনা। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এল কুমিল্লা।