তামিমের দারুণ ক্যাচে 'ডাবল' হলো না মেন্ডিসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনের প্রথম উইকেট পেয়েছেন মিরাজ, কৃতিত্বটা অবশ্য তামিমের। ছবি: এএফপি
দিনের প্রথম উইকেট পেয়েছেন মিরাজ, কৃতিত্বটা অবশ্য তামিমের। ছবি: এএফপি

প্রথম ডাবল সেঞ্চুরিটা ছয় মেরেই পূর্ণ করতে চেয়েছিলেন কুশল মেন্ডিস। লং অনে উড়িয়ে মারলেন। সেখানে অপেক্ষায় তামিম ইকবালের অভিজ্ঞ হাতজোড়া। শেষ পর্যন্ত তামিমের অভিজ্ঞতা আর বুদ্ধিমত্তার জয় হলো। ভাগ্যে সওয়ার হয়ে শূন্য থেকে ১৯৪ রানে পৌঁছান মেন্ডিস শেষ পর্যন্ত তীব্র হতাশা নিয়েই ফিরলেন। ১৯৪ রানে আউট হওয়ায় ‌‘কত পেলামে’র চেয়ে ‘কত পেলাম না’-র আক্ষেপই তো বড় হয়ে যায়!

গল টেস্টের দ্বিতীয় দিনের ১৬তম ওভারে এসে অবশেষে প্রথম আঘাত হানল বাংলাদেশ। ২২তম ওভারে মেহেদী মিরাজ সেঞ্চুরি-বঞ্চিত করেছেন ডিকভেলাকেও। ৭৬ বলে ৭৫ করা লঙ্কান উইকেটরক্ষকও মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে মাহমদুউল্লাহর হাতে ক্যাচ দিয়েছেন। ১১১ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৪৪০। সবচেয়ে বেশি খরুচে মিরাজই এখন পর্যন্ত সফল। ১০৩ রানে নিয়েছেন ৩ উইকেট।

তামিমের ক্যাচটাই বাংলাদেশ শিবিরে যেন প্রাণ ফিরিয়ে দিয়েছে। মেহেদী মিরাজের শর্ট বলটা উইকেটে নেমে এসে সপাটে চালিয়েছিলেন মেন্ডিস। কাল নিজের প্রথম ছক্কাটা লং অনের ওপর দিয়েই মেরেছিলেন। এবারও ভাবলেন সীমানা পার করতে পারবেন। বল উড়ে গেল তামিমের কাছে, সীমানা ঘেঁষে।

তামিম প্রথমে বলটা লুফে নিলেন। ভারসাম্য ধরে রাখতে পারবেন না ভেবে দ্রুতই বল হাওয়ায় ভাসিয়ে সীমানার ওপারে চলে গেলেন। ভারসাম্য সামলে আবারও ফিরলেন ভেতরে। নিরাপদে লুফে নিলেন মাটিতে নেমে আসা বল। মিরাজের চেয়ে এই উইকেট তামিমেরই বেশি!

কাল প্রথম বলেই ক্যাচ দিয়ে নো বলের সৌজন্যে জীবন ফিরে পেয়েছিলেন মেন্ডিস। সেই সুযোগটা কাজে লাগিয়েছেন কী দারুণভাবে। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটাকে ডাবলে রূপ দিতে পারলে অন্য রকম গর্ব হতো। তাঁর আগের সেঞ্চুরিটাও ১৭৬ রানের। সেঞ্চুরি পেলে সেখানেই না থেমে ইনিংসটা লম্বা করার কৌশল জানা আছে এই ২২ বছর বয়সীর। সাঙ্গা-জয়াবর্ধনের যোগ্য উত্তরসূরি হওয়ারই প্রতিশ্রুতি আছে ব্যাটে।
বাংলাদেশের বোলাররা ভালোই বুঝল তা।