তামিমের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন পারভেজ

সেঞ্চুরির পর পারভেজ হোসেনছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটা যেন বাঁহাতিদের। মিনিস্টার গ্রুপ রাজশাহীর ওপেনার ব্যাটসম্যান নাজমুল হোসেন প্রথম ইনিংসে করলেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল করলেন ফিফটি। তবু দিনটা ছিল বরিশালের বাঁহাতি টপ অর্ডার পারভেজ হোসেনের।

মাত্র ৪২ বলের সেঞ্চুরিতে বরিশালকে ৮ উইকেটে জেতালেন তিনি। পারভেজ গড়েছেন নতুন টি-টোয়েন্টি রেকর্ড। তামিমের ৫০ বলে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের এই ওপেনার।

বড় ইনিংসের জন্য অধিনায়ক তামিমকেই হয়তো ধন্যবাদ দিতে চাইবেন পারভেজ। ইনিংসের ১৪তম ওভারে তামিম ৫৩ রানে রানআউট হন। মাঠ ছাড়ার আগে তরুণ পারভেজকে দূর থেকে ডেকে হয়তো ম্যাচটা শেষ করে আসার বার্তাই দিয়েছিলেন তামিম।


তামিমের আউটের সময় দলের রান ছিল ১৬১ ও উইকেট ২। জিততে হলে তাড়া করতে হতো ২২১ রান। আজকের উইকেটে এই রান তাড়া করা অসম্ভব ছিল না। একজন শেষ পর্যন্ত টিকে থাকলেই ম্যাচ বেরিয়ে যেত।

পারভেজ সেটিই করছেন। চোখ জুড়ানো সব শটে বাউন্ডারি বের করেছেন ঠিক সময়ে। মাঝের ওভারে মেহেদী হাসানের অফ স্পিন ছিল পারভেজদের জন্য ঝুঁকি। সে অবস্থায় বুঝে খেলেছেন এক-দুই রানে।

রানরেটের লক্ষ্য কমিয়েছেন ফরহাদ রেজাকে মেরে। ২৫ বলে ফিফটির পর সেঞ্চুরি করেছেন আরও দ্রুত। ৪২ বলে ৮টি চার ও ৭টি ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন পারভেজ। সেঞ্চুরিটি এসেছে আবার নাটকীয় ভঙ্গিতে।

পারভেজের সেঞ্চুরি ও বরিশালের জয়ের জন্য দরকার ছিল চার রান। কাভারে চার হাঁকিয়ে এক ঢিলে দুই পাখি মারেন এই তরুণ। দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি ও দলের জয় একসঙ্গে অর্জনের উল্লাসও ছিল দেখার মতো।

পারভেজের রেকর্ডগড়া সেঞ্চুরির উপদযাপন ছিল দেখার মতো
ছবি: প্রথম আলো

দ্বিতীয় ইনিংসে পারভেজের সেঞ্চুরিতে যেন কিছুটা হলেও রঙ হারাল প্রথম ইনিংসে করা মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক নাজমুলের ইনিংস। ৫৫ বলে নাজমুলের ১০৯ রানে রাজশাহী করে ৭ উইকেটে ২২০ রান।

সেঞ্চুরি পরও দলের হারে সেঞ্চুরির স্বাদ উপভোগ করতে পারছেন না নাজমুল। ম্যাচ শেষে তিনি বলছিলেন, ‘সেঞ্চুরির জায়গায় ৭০-৮০ করে ম্যাচ জিতলেও ভালো লাগত। সেঞ্চুরি করেও হারলে সেঞ্চুরির কোনো মূল্য থাকে না।’

ম্যাচ হারের কারণ হিসেবে নাজমুল বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করান, ‘বোলিংয়ে আমরা ওদের শক্তির জায়গায় বল করেছি। উইকেট ভালো ছিল ব্যাটিংয়ের জন্য। নতুন কিছু সাহায্য ছিল কিছুটা। কিন্তু বল পুরোনো হলে তেমন কিছু ছিল না। পারভেজ ভালো খেলেছেন। তামিম ভাই ভালো খেলেছেন। পারভেজ শর্ট বলে খুব ভালো। কিন্তু আমার মনে হয়েছে, আমরা আমাদের পরিকল্পনা ঠিকমতো বাস্তবায়ন করতে পারিনি।’

সেঞ্চুরিতে ম্যাচ জেতানো পারভেজ ম্যাচ শেষে বলছিলেন, ‘বড় রান তাড়া করতে হতো। চেষ্টা করেছি নিজের স্বাভাবিক খেলাটা খেলে যেতে। রান দেখার চেষ্টা করিনি। ওভার দেখেছি, ওভার দেখে খেলেছি।’

প্রায় সাড়ে ৪০০ রানের ম্যাচের উইকেটের প্রশংসা শোনা গেল পারভেজের কথা, ‘আজকের উইকেটটা ভালো ছিল। আমরা সেই অনুযায়ী ব্যাটিং করেছিলাম। অনেক ভালো লাগছে। আত্মবিশ্বাস বেড়েছে এমন ম্যাচ জিতে। আশা করি, সামনে এটা কাজে লাগবে।’

টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জিততেই হতো বরিশালের। অধিনায়ক তামিম স্বস্তি পাচ্ছেন হয়তো সে কারণেই, ‘দারুণ ম্যাচ। রাজশাহীকেও কৃতিত্ব দিতে হয়। ওরা ভালো ব্যাটিং করেছে। তেমন কোনো ভুল ওরা করেনি। পারভেজ দারুণ খেলেছে। বিশেষ করে ফরহাদ রেজাকে যখন ও মেরেছে, তখন আমাদের মনে হয়েছে, হ্যা, এখন ম্যাচ আমাদের।’

পারভেজকে অভিনন্দন জানাচ্ছেন তামিম ইকবাল
ছবি: প্রথম আলো

ম্যাচ জিতলেও বরিশালের বাজে বোলিং ও ফিল্ডিং পছন্দ হয়নি তামিমের, ‘জয় গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যেভাবে বোলিং করেছি, সেটা আমার পছন্দ হয়নি। এ জায়গায় আমাদের কাজ করতে হবে। তবে একদিক থেকে খুশি, আমাদের বাজে দিনেও আমরা জিতেছি।’

অধিনায়কের আলাদা প্রশংসা পেয়েছেন পেসার কামরুল হাসানও। শেষ ওভারে মাত্র ১০ রান খরচায় হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়েছেন তিনি।

তামিম বলছিলেন, ‘ছোট ছোট জিনিস অনেক গুরুত্বপূর্ণ। শেষ ওভারে ওরা হয়তো ১৫-২০ রান করে ফেলত। কিন্তু সেখানে হয়েছে ১০ রান। চার উইকেট নিয়েছে। ওরা যদি এখানে অতিরিক্ত কিছু রান নিত, সেটা ম্যাচ ঘুরিয়ে দিতে পারত।’