তামিমের পাশে সাকিব একটু ম্লান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ম্যাচটাকে বিবেচনায় নিলে নিখুঁত বিনোদনের সব উপকরণই ছিল। দুই দলের ১৮০-এর আশপাশের স্কোর। ম্যাচের নিষ্পত্তি শেষ বলে, যাতে ৩ রানে করাচি কিংসকে হারিয়েছে পেশোয়ার জালমি। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে কি ম্যাচটা অতটা উপভোগ্য হয়েছে? দুই দলে দুই বাংলাদেশি—পেশোয়ারে তামিম ইকবাল, করাচিতে সাকিব আল হাসান। পিএসএলে প্রথমবারের মতো মুখোমুখি দুজনের দল, অথচ দুজনই ম্লান!
সাকিব ব্যাটিং-বোলিং কোনোটিতে জ্বলে উঠতে পারলেন না। ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার বল হাতে কাল পুরো ৪ ওভার কোটাই পূরণ করতে পারেননি। ২ ওভারেই যে ২৬ রান দিয়ে বসেছিলেন, উইকেটও পাননি। ব্যাট হাতেও ৪ বলে ১ রান করে আউট। তুলনায় তামিম কিছুটা উজ্জ্বল। ৩৫ বলে ৩৭ রান করেছেন বাংলাদেশি ওপেনার। ইনিংসটা যদিও ঠিক তামিম-সুলভ ছিল না। দলীয় সিদ্ধান্তের কারণেই কি না, হাফিজকে মেরে খেলার সুযোগ করে দিতে পুরো টুর্নামেন্টেই একটু রয়েসয়ে খেলছেন তামিম। কালও তাঁর ইনিংসে চার ছিল মাত্র ৩টি।
দুজনের মুখোমুখি ‘লড়াই’ও খুব বেশিক্ষণ জমেনি। সাকিবের মাত্র চারটি বল খেলেছেন তামিম। তাতে ১ চারে ৮ রান করেছেন বাঁহাতি ওপেনার। ক্রিকইনফো।