তামিমের ব্যাটে ডাচদের চ্যালেঞ্জ বাংলাদেশের

ইনিংসের প্রথম ওভারেই জীবন পান সৌম্য সরকার। পঞ্চম বলে মুদাস্সর বুখারির বলে থার্ডম্যানে তাঁর ক্যাচ ফেলে দেন হল্যান্ডের ফিল্ডার। কিন্তু জীবন ফিরে পেয়েও তার পূর্ণ সদ্ব্যবহার করতে পারেননি তিনি। মাত্র ১৫ রানেই শেষ তাঁর ইনিংস।
সাব্বিরও দারুণ শুরু করেছিলেন। বেশ আত্মবিশ্বাসীই দেখাচ্ছিল তাঁকে। একটি চার ও একটি ছয়ে জানান দিচ্ছিলেন নিজের দুর্দান্ত ফর্মটা। কিন্তু বড় অসময়েই শেষ তাঁর ইনিংস।
এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স দিয়েই ব্যাটিং অর্ডারে নিজের স্থানটি ওপরে নিয়ে এসেছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু তিনিও আজ ব্যর্থ। ১০ রানেই ফিরেছেন তিনি।
সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের ফর্ম আগেই উদ্বেগ ছড়িয়ে রেখেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেও বাজে ফর্মের ঘেরাটোপ থেকে বের হতে পারলেন না দলের ব্যাটিংয়ের বড় দুই ভরসা। ফন ডার গুগটেনের একই ওভারে এই দুজন আউট। সাকিব ফিরেছেন ৫ রানে। মুশফিক রানের খাতাই খুলতে পারেননি।
এই ব্যর্থতার মধ্যেও আশ্চর্য ব্যতিক্রম তামিম ইকবাল। এশিয়া কাপের প্রথম দিকে সন্তান জন্মের কারণে ছুটিতে ছিলেন। শেষ দুটি ম্যাচে দলে ফিরেও তেমন কিছু করতে পারেননি। কিন্তু আজ হিমালয়ের কোলে কী অসাধারণ ব্যাটিংটাই না করলেন তিনি। অপরাজিত ৮৩ রানের ঝকঝকে এক ইনিংসে হল্যান্ডের বিপক্ষে দলের ব্যাটিংয়ের প্রাণভোমড়াই হয়ে রইলেন তিনি। চার বছর পাওয়া তাঁর প্রথম ফিফটিতেই স্কোরবোর্ডে শেষ অবধি মোটামুটি বড় সংগ্রহ বাংলাদেশের। ৫৮ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। এতে ছাছে ৬ চার আর ৩ ছয়ের মার।
১৫৩ রানের সংগ্রহটা কতটুকু চ্যালেঞ্জিং হলো, সেটা সময়ই বলে দেবে। কিন্তু আপাতত এই সংগ্রহে অখুশি হওয়ার কিছু নেই। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ড্রেসিংরুমে তামিমকে বিশেষ সম্ভাষণ আজ জানাতেই পারেন। ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে তাঁর এই দুর্দান্ত ইনিংসেই কিন্তু হল্যান্ডকে চোখ রাঙাতে পারছে বাংলাদেশ।
ব্যাটিংয়ে তামিম দারুণ করেছেন। এখন বোলিংয়ে আরেকজন ‘তামিম’ পাওয়া গেলেই সন্ধ্যাটা নিজেদেরই মনে করতে পারে বাংলাদেশ।