তামিমের ব্যাটে ফিরে আসার বার্তা

এটাই কি সেই ইনিংস! সেই আলোর রেখা? যেটি দেখে আবারও উজ্জীবিত হয়ে উঠবেন তামিম ইকবাল! আবারও রানের হাসিতে ঝলমলিয়ে উঠবে তাঁর ব্যাট! এই ১৩৬-ই কি সেই...?
বিদেশের মাটির প্রস্তুতি ম্যাচে হার-জিতের চেয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যটাই বড় থাকে। আর ম্যাচটি দুই দিনের হলে তো সেটাই মূল লক্ষ্য। যত পারো সময়টাকে কাজে লাগাও, সুযোগের সদ্ব্যবহার করো। মোরাতুয়ার ডি জয়সা স্টেডিয়ামে কাল তামিম এই কাজে দশে দশ পেয়েছেন। তাঁর হার না-মানা ১৩৬ রানের সৌজন্যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে প্রথম দিন শেষে ৭ উইকেটে ৩৯১ রান করেছে বাংলাদেশ দল।
আন্তর্জাতিক ক্রিকেটে রানখরায় ভুগতে থাকা তামিম পিএসএলের প্রথম ম্যাচে অপরাজিত ৬২ রান করে কিছুটা গা-ঝাড়া দিয়ে উঠেছিলেন। কিন্তু পরের চার ম্যাচে ৪, ১৬, ৫ আর ৭ করে পেশোয়ার জালমির তামিমও হয়ে পড়লেন নিষ্প্রভ। শ্রীলঙ্কায় গিয়ে প্রথম সুযোগেই সেই নিষ্প্রভতা কাটিয়ে তিনি ফিরলেন স্বরূপে।
প্রথম ফিফটি পর্যন্ত বেশ সংযত ব্যাটিংই করেছেন তামিম। ১০৭ বলে ফিফটি। কিন্তু পরের ফিফটিতে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন মোরাতুয়ায়। আর মাত্র ৩৭ বল খেলে ১৪৪ বলেই করে ফেলেন সেঞ্চুরি। এর মধ্যে শেষ ২৪ রান করেছেন বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমার করা ইনিংসের ৪৬তম ওভারে। ওই ওভারেই মেরেছেন তিন ছক্কা আর এক বাউন্ডারি। শেষ বলের ছক্কায় পূর্ণ করেছেন সেঞ্চুরি। পরে আরেক বাঁহাতি স্পিনার লাসিথ আমবুলদেনিয়ার এক ওভারেও মেরেছেন দুটি।
ওপেনার সৌম্য সরকার আউট হয়ে যান দলের ২৬ রানে। এরপর তামিম আর মুমিনুল হক মিলে প্রতিরোধের যে দেয়াল তুললেন, সেটি বেয়েই দিন শেষে বাংলাদেশের রান ৩৯১। দ্বিতীয় উইকেটে ১৪৩ রান যোগ করেছেন দুজন। ৪২তম ওভার পর্যন্ত উইকেটে ছিলেন তামিম-মুমিনুল। অন্যদের ব্যাটিংয়ের সুযোগ দিতে ৭৩ রান করে উঠে যান মুমিনুল। তবে আত্মবিশ্বাস ফিরে পেতে তামিমের দরকার ছিল আরও বড় কিছু। হয়তো সে জন্যই তিনি ড্রেসিংরুমে ফিরেছেন সেঞ্চুরির পরও আরও কিছুক্ষণ ব্যাটিং করে।
তবে তামিম, মুমিনুলের দেওয়া সুযোগ ভালোভাবে কাজে লাগাতে পারেননি মিডল অর্ডার ব্যাটসম্যানদের কেউ। অধিনায়ক মুশফিকুর রহিম (২১), সাকিব আল হাসান (৩০), মাহমুদউল্লাহরা (৪৩) ভালো শুরু করেও পারেননি ইনিংস বড় করতে। তবে দলে ফেরা লিটন দাসের সামনে সুযোগটা আছে। ৬৪ বলে ১০ বাউন্ডারিতে ৫৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন লিটন। সঙ্গে তাইজুল ইসলাম অপরাজিত ছিলেন ৪ রান নিয়ে।
লিটন-তাইজুলরা বাংলাদেশের ইনিংসটা শেষ পর্যন্ত যেখানেই নিয়ে যান, ম্যাচের ফলাফল অবধারিতভাবেই ড্র। তবে এই ম্যাচ থেকে যা পাওয়ার পাওয়া হয়ে গেছে কালই। সেটা হলো, সেঞ্চুরি দিয়ে তামিমের ফিরে আসার বার্তা।
প্রস্তুতি ম্যাচের সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৯১/৭ (তামিম অবসর ১৩৬, সৌম্য ৯, মুমিনুল অবসর ৭৩, মুশফিক ২১, সাকিব ৩০, মাহমুদউল্লাহ ৪৩, লিটন ৫৭*, মিরাজ ১, তাইজুল ৪*, করুনারত্নে ৩/৬১, সামারাকুন ১/৭০, আমবুলদেনিয়া ১/৫৭)।