তামিমের ব্যাটে রান ছুটছেই

ভারতের বিপক্ষে সিরিজে প্রথম ওয়ানডেতেই ফিফটি পেয়েছিলেন। এর পর ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা ১২ ইনিংসে মাত্র দুটি ফিফটি। নামটা তামিম ইকবাল বলেই একটুতেই সবাই অধৈর্য হয়ে যায় যেন। তামিম নিজের সেরা ছন্দে ফেরার আভাস দিচ্ছেন বিপিএলের শুরু থেকেই। শুধু তা-ই নয়, নিজের খেলার ধরনটা বদলে ফেলে অনেকটাই সুস্থির হয়েছিলেন। বিপিএলে যেন আবার সেই বিধ্বংসী তামিম।
কাল রংপুর রাইডার্সের বিপক্ষে ২৯ বলে ফিফটি করেও দলকে জেতাতে পারেননি। আজ যেন সেই ঝাল মিটিয়েছেন সিলেট সুপার স্টারসের ওপর। ৩৩ বলে ফিফটি করা তামিম ৪৫ বলে ৬৯ করে আউট হয়েছেন অজন্তা মেন্ডিসের বলে। টানা দুই ম্যাচে ফিফটি করলেন। তিলকারত্নে দিলশান সুপার ফ্লপ হওয়ার পরও চিটাগং ভাইকিংসকে আবারও ভালো শুরু এনে দিয়েছেন তামিম। তাঁর এনে দেওয়া ভিত্তি কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৮০ তুলেছে চিটাগং। অধিনায়কের পর ফিফটি পেয়েছেন ইয়াসির আলি। ৪ ছক্কায় ও ১ চারের সাজানো ৬৩ রানের ইনিংসটি গড়তে ৫২ বল খেলেছেন তিনি।
আজ ম্যাচের শুরু থেকে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল। কাগজপত্রের সেই সব জটিলতায় ম্যাচ শুরু হয়েছে প্রায় এক ঘণ্টা পরে। চট্টগ্রামের অধিনায়ক তামিম নিজেও যেন ভীষণ বিরক্ত ছিলেন ব্যাপারটায়। সেই ঝাঁজই হয়তো মেটালেন বোলারদের ওপর।
প্রথম ওভারে মোহাম্মদ শহীদকে চার মেরে যেন হাত মকশো করেছিলেন। চতুর্থ ওভারে শুভাশিস রায়কে ছক্কাও মেরেছেন। তবে সবচেয়ে বিস্ফোরক ছিলেন পঞ্চম ওভারে। মুনাবীরার ওই ওভারে মেরেছেন চারটি চার। এক সময়ের রহস্য বোলার অজন্তা মেন্ডিসকেও পর পর দু বলে চার ও ছক্কা মেরেছেন। পরের ওভারটি করতে আসা নাজমুল ইসলামকে মেরেছেন পর পর দুটো ছক্কা। শেষ পর্যন্ত মেন্ডিসেরই শিকার হয়ে ফিরেছেন।