তামিমের ভাবনা চট্টগ্রামের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ কুমিল্লার বিপক্ষেও জিততে মরিয়া তামিম।    ছবি: শামসুল হক।
আজ কুমিল্লার বিপক্ষেও জিততে মরিয়া তামিম। ছবি: শামসুল হক।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারি ভরে উঠেছে প্রতিদিনই। বিপিএলের উৎসবে ভালোভাবেই মেতেছে চট্টলাবাসী। গ্যালারি ভরে ওঠার আরও একটি কারণ চট্টগ্রামের নিজেদের দলটিই—চিটাগং ভাইকিংস। যে দলকে সমর্থন করতে স্টেডিয়ামে মানুষের ঢল, তারা অবশ্য প্রথম দুই ম্যাচে হতাশই করেছে।
ঘরের মাঠে প্রথম দুই ম্যাচ হারের পর অবশেষে বুধবার চিটাগং জয়ের দেখা পেয়েছে সিলেট সুপারস্টারসের বিপক্ষে। টানা ৪ হারের পর এ জয় যেন তামিম ইকবালের কাছে স্বস্তির সুবাতাস। এ কারণেই হয়তো সংবাদ সম্মেলনেও অন্য তামিমের দেখা মিলল। গত কদিনে যে মুখটায় ভর করেছিল রাজ্যের হতাশা, সেখানে ফুটে উঠেছিল হাসির রেখা।
দল খারাপ করলেও তামিমের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে প্রশ্ন নেই। ৭ ম্যাচে ২৬৩ রান করে এখনো তিনি সবার ওপরেই। কালও দলকে নেতৃত্ব দিলেন সামনে থেকে। ফিফটির পর উদ্‌যাপনও হলো দেখার মতো। এমনিতে তামিমের উদ্‌যাপনের বিশেষ অর্থ থাকে। তবে তামিম জানালেন কাল আনন্দের কারণেই অমন হয়ে গেছে, ‘টানা ৪ ম্যাচ হেরেছি। একটা ম্যাচে জিতেছি। অবশ্যই ভালো লাগবে।’
২৩ নভেম্বর সিলেটের মালিকের সঙ্গে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল তামিমের। মজার ব্যাপার, চিটাগং যে দুটি ম্যাচ জিতেছে দুটিই সিলেটের বিপক্ষে। দুই ম্যাচেই ফিফটি পেয়েছেন তামিম। সিলেটের বিপক্ষে দারুণ খেলার পেছনে এ ঘটনা কোনো ভূমিকা পালন করেছে কিনা, প্রশ্নটা শুনেই একচোট হাসলেন, ‘ওসব ব্যাপার কি আর মাথায় থাকে! এটা আসলে বিসিবি দেখছে। আশা করি, ইতিবাচক ফলই আসবে। এ ব্যাপার নিয়ে একদমই চিন্তা করি না। এখানে ক্রিকেট খেলতে এসেছি। অন্য কিছু একদমই ভাবি না।’
কেন ভাবেন না বা ভাবা উচিত নয়, সেটিরও ব্যাখ্যা দিলেন চিটাগং অধিনায়ক, ‘‘মাঠে যখন খেলতে আসি, সমস্যার কথা ভেবে তো আর আসি না। কাউকে দেখিয়ে দেওয়া, যেমন ধরুন, ‘আমি আপনাকে দেখিয়ে দেব’, এমন চিন্তা থাকলে পারফরম্যান্সের সুযোগ কমে যায়। কারণ, এতে অতিরিক্ত চাপ তৈরি করে। ব্যাপারটা সহজভাবে নেওয়াই ভালো। অতীতে কী হয়েছে এসব নিয়ে চিন্তা না করে খেলতে এলে পারফরম্যান্সের সুযোগটা বেড়ে যায়।’’
৭ ম্যাচে মাত্র ২ জয়ে টুর্নামেন্টের শেষ চারে জায়গা করা নেওয়া চিটাগংয়ের জন্য কঠিনই। তবে তামিম বাকি ম্যাচগুলো খেলতে চান চাপ নিয়ে নয়, বরং মুক্তমনে, ‘আমরা এখন ম্যাচ বাই ম্যাচ খেলব। সুযোগ আছে। এখন নিজেদের মতোই খেলব। যদি ভাগ্যে থাকে কোয়ালিফাই (শেষ চারে) করব, না হলেও কিছু করার নেই। এটা খেলারই অংশ।’
শিরোপার আশা আপাতত না হয় দূরে থাক। ঘরের দর্শকদের মুখে হাসি ফোটানোর আরেকটি সুযোগ আজ রাতে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে। রাতটা ধূসর নয়; নিশ্চয় রঙিনই করতে চাইবেন তামিমরা।