তামিমের ম্যান অব দ্য ম্যাচ মিরাজও
ক্রিজে তখন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড মিলার। মারকুটে এই ব্যাটসম্যানকে আউট করতে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজকে ইনিংসের ২১তম ওভারে বল তুলে দেন অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু সেঞ্চুরিয়নের ব্যাটিং সহায়ক উইকেটে উপমহাদেশীয় লাইন-লেংথ বল করে বেধড়ক পিটুনি খান এই অফ স্পিনার। প্রথম স্পেলের ৪ ওভারেই ৩৮ রান দিয়ে বসেন।
এরপর মিলার ক্রিজে থাকা অবস্থায় মিরাজকে বোলিং আনার সাহস পাচ্ছিলেন না তামিম। শেষ পর্যন্ত মিরাজের জোরাজুরিতেই তাঁকে বল তুলে দিয়েছেন। এর পরের গল্পটা এতক্ষণে সবার জানা। নিজের দ্বিতীয় স্পেলে টানা ৫ ওভার বোলিং করে মাত্র ২৩ রান দিয়েছেন, ৪ উইকেট নিয়ে ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের মোড়। যার মধ্যে মিলারের উইকেটও ছিল।
বাংলাদেশ দলের ৩৮ রানের জয়ের ম্যাচে সাকিব আল হাসান সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। কিন্তু দ্বিতীয় স্পেলে দুর্দান্ত বোলিংয়ের কারণে মিরাজকেও পুরস্কারটার দাবিদার মানছেন অধিনায়ক তামিম।
ম্যাচ শেষে তামিম বলছিলেন, ‘আমি মনে করি, সব দলে মিরাজের মতো চরিত্রের প্রয়োজন আছে। কারণ প্রথম ৪ ওভারে ৪০ রান দেওয়ার পর সে আমার কাছে এসে বলে, আমাকে বল দিন, আমি খেলা বদলে দেব, আমি খেলা বদলে দেব। সে খুবই আত্মবিশ্বাসী ছিল। এটি অধিনায়কের কাজ সহজ করে দেয়, যখন আপনার খেলোয়াড়রা নিজেদের ওপর আত্মবিশ্বাসী থাকে। আমার মতে, সে-ও আমার ম্যান অব দ্য ম্যাচ।’
তবে দলের বাকিদের কৃতিত্ব দিতে ভুললেন না তামিম। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম জয়ের পেছনে দলীয় প্রচেষ্টাকেই মূল কারণ মনে করেন তিনি, ‘এটি অনেক বড় জয় আমাদের জন্য। দক্ষিণ আফ্রিকায় (দ্বিপক্ষীয় সিরিজে) আগে কখনো জয় পায়নি, তাই এটি বিশেষ জয়। ছেলেদের ওপর অনেক গর্বিত, সবাই যেভাবে খেলেছে। শুরুতে লিটন ও আমি ভালো একটা ভিত গড়ে দিয়েছি। সাকিব ও ইয়াসির অবিশ্বাস্য খেলেছে। আমার মতে, ইয়াসিরের ইনিংস স্পেশাল ছিল। যেভাবে সে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামলেছে। শেষে মিরাজের দুই ছক্কা, আফিফের একটি করে চার-ছক্কা, রিয়াদের ২৫ রান...সবকিছুই গুরুত্ব বহন করে।’