তামিমের রান-তৃষ্ণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পরের ম্যাচে আমাকে শূন্য থেকে শুরু করতে হবে। কাল (পরশু) ৪০ রান করেছিলাম। অবশ্যই বড় একটা সুযোগ হাতছাড়া হয়েছে। পরের ম্যাচগুলোয় চেষ্টা করব বড় ইনিংস খেলার

সংবাদ সম্মেলনটা হয়ে গেল মাঠেই। কেন্দ্রে তামিম ইকবাল, দুপাশে সার বেঁধে দাঁড়িয়ে সাংবাদিকেরা। হেমন্তের মিষ্টি বিকেলে সংবাদ সম্মেলনটা হলো বেশ প্রাণবন্তই। আত্মবিশ্বাসের সঙ্গে একের পর এক উত্তর দিলেন বাঁহাতি ওপেনার। তামিম ইকবালের চোখে-মুখে ফুটে উঠল পুরো দলের আত্মবিশ্বাসী চেহারাটাই।

সিরিজের প্রথম ওয়ানডেতে দল জয় পেয়েছে। তবে তাতে বড় হতে হতেও খুব বড় অবদান থাকল না তামিমের। থিতু হয়েও কেন সিকান্দার রাজার বলে ওভাবে উড়িয়ে মেরে লং-অনে ধরা পড়লেন? ৪০ কেন ৫০ হলো না কিংবা কেন রূপ নিতে পারল না তিন অঙ্কে? প্রশ্নটা উঠছে তিনি বাংলাদেশের এক ব্যাটিং-নায়ক বলেই।
মানছেন ভুল হয়েছে! ইনিংসটাকে বড় করতে না পারার আক্ষেপ তামিমকেও পুড়িয়েছে, ‘শটের ধরন খুব একটা ভালো ছিল না। ওই সময় সেট ছিলাম। উচিত ছিল আরও বেশি সময় ব্যাটিং করা। চাওয়াটা ঠিক ছিল। তবে প্রয়োগের প্রক্রিয়াটা ভুল ছিল। ইচ্ছে ছিল কাভারের ওপর দিয়ে খেলার। কিন্তু বল ওই শট খেলার মতো ছিল না। যেটা মারা উচিত ছিল, সেটা মারিনি। আবার যেটা মারা উচিত ছিল না, সেটাই মেরেছি! ভুল হয়ে গেছে!’

সময়টা খুব ভালো যাচ্ছে না মাহমুদউল্লাহর, সিরিজের শুরুটাও ভালো হয়নি। কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছ থেকে টোটকা নিলেন রানে ফেরার l প্রথম আলো
সময়টা খুব ভালো যাচ্ছে না মাহমুদউল্লাহর, সিরিজের শুরুটাও ভালো হয়নি। কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছ থেকে টোটকা নিলেন রানে ফেরার l প্রথম আলো

বিশ্বকাপটা তাঁর কাছে অম্ল-মধুর স্মৃতি, সেটি বাদ দিলে এ বছরটা দারুণ কাটছে বাংলাদেশের ইতিহাসসেরা ওপেনারের। তামিমের ব্যাট থেকে এসেছে বেশ কটি বড় ইনিংস। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পেয়েছেন টানা দুটি সেঞ্চুরি,  টেস্টে একটি ডাবল। পরশুও তাঁর ইনিংসটি হতে পারত দুর্দান্ত এক উপহার।
যা হওয়ার হয়েছে। পেছনের ভুল থেকে শিক্ষা নিয়ে তামিমের দৃষ্টি এবার বড় ইনিংসে, ‘পরের ম্যাচে আমাকে শূন্য থেকে শুরু করতে হবে। কাল (পরশু) ৪০ রান করেছিলাম। অবশ্যই বড় একটা সুযোগ হাতছাড়া হয়েছে। পরের ম্যাচগুলোয় চেষ্টা করব বড় ইনিংস খেলার।’
দেশের মাটিতে টানা সিরিজ জয়ের অনন্য এক রেকর্ডের দুয়ারে দাঁড়িয়ে মাশরাফি বিন মুর্তজার দল। এই বছরে টানা চারটি, আর গত বছরের নভেম্বর থেকে হিসাব করলে টানা পাঁচটি সিরিজ জয়—এমন সাফল্য বাংলাদেশ পায়নি আগে কখনো। এর আগে এক বছরে বাংলাদেশ চারটি সিরিজ জিতেছিল ২০০৯ সালে। তবে সেই চারটির দুটি ছিল ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মাটিতে।
তামিমের চোখেও দুলছে সিরিজ জয়ের স্বপ্ন। তবে অতটা ভাবছেন না এখনই। আপাতত ভাবনার সীমানাটা আজকের ম্যাচে পর্যন্তই, ‘বছরটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো গেছে। সিরিজ জেতা বা রেকর্ড নিয়ে খুব একটা চিন্তা করছি না। চিন্তা কেবল কালকের (আজ) ম্যাচ নিয়ে। এ ম্যাচটি আমরা জিততে চাই। এটা জিতলেই জেতা হবে সিরিজও। ফলে আমাদের পরিকল্পনায় থাকবে প্রক্রিয়াটা ঠিক রাখা।’
সংবাদ সম্মেলন শেষেই ছুটলেন অনুশীলনে। ঐচ্ছিক অনুশীলনে তাঁর না এলেও চলত। কিন্তু তামিমের চোখে যে তীব্র রান তেষ্টা! উইকেটের পাশ দিয়ে দ্রুতপায়ে হেঁটে চললেন ইনডোরে। চলতি পথে একবার কি আড়চোখে দেখে নিলেন ২২ গজ? ওখানেই যে ইতিহাস গড়ার কাজটা করতে হবে আজ।