তামিমের রেকর্ড গুঁড়িয়ে দিলেন রকিবুল

বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনী-মোহামেডানের দ্বৈরথটা দেখতে খুব বেশি দর্শক ছিলেন না। রকিবুল হাসানের ১৯০ রানের দুর্দান্ত ইনিংসটাও তাই দেখা হয়নি খুব বেশি মানুষের। যাঁরা দেখেছেন, তারা কিন্তু প্রাণভরেই উপভোগ করলেন অনেক দিন মনে রাখার মতো এক ব্যাটিং-বীরত্ব। আবাহনীর ৩৬৬ রানের জবাবে তাঁর ইনিংসটিই তো মোহামেডানকে প্রায় জিতিয়েই দিচ্ছিল। ম্যাচটা শেষ পর্যন্ত মোহামেডান হেরেছে ২৭ রানে। কিন্তু লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ম্যাচের সেরা খেলোয়াড় কিন্তু রকিবুলই।
প্রিমিয়ার ক্রিকেট লিগে এর আগে সর্বোচ্চ ইনিংস ছিল শ্রীলঙ্কান ব্যাটসম্যান চামারা কাপুগেদারার—১৬১। বাংলাদেশের মাটিতে লিস্ট ‘এ’ ম্যাচে যেকোনো দেশের ব্যাটসম্যানদের এটাই ছিল সর্বোচ্চ ইনিংস। আর বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে রেকর্ডটা ছিল তামিম ইকবালের। কিছুদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে ১৫৭ রান করেছিলেন তামিম। রকিবুলের তাঁর ১৯০ রানের ইনিংসে নিজেকে নিয়ে গেলেন আরও অনেক দূর। কাপুগেদারা আর তামিম দুজনেরই রেকর্ড ভাঙল আজ।
আবাহনীর ইনিংসে সেঞ্চুরি করেছেন দুজন—লিটন দাস ও নাজমুল হোসেন। লিটনের ১০৩ বলে ১৩৫ রানের ইনিংসটি অনন্য। দুর্দান্ত নাজমুলের ১০০ বলে ১১০ রানের ইনিংসটিও। কিন্তু শেষ বিকেলে রকিবুল ১৩৮ বলে ১৯০ রান করে নিজেকে নিয়ে গেলেন অন্য উচ্চতায়। রকিবুল তাঁর ইনিংসটি সাজিয়েছেন ১৭টি চার আর ১০ ছক্কায়।
একেবারেই স্বভাব-বিরুদ্ধ ব্যাটিং। ২০০৮-২০১১ পর্যন্ত জাতীয় দলের নিয়মিত সদস্যই ছিলেন। দ্রুত রান তুলতে পারেন না বলে ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল থেকে বাদ পড়েছিলেন। এ নিয়ে কত নাটক! ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেয়েও প্রথম টেস্টের আগে রাগে-ক্ষোভে আন্তর্জাতিক ক্রিকেটকে ‘বিদায়’ বলে দিয়েছিলেন তিনি।
পরে সিদ্ধান্ত পরিবর্তন করে আবার ফেরেন জাতীয় দলে, কিন্তু বেশি দিন টিকতে পারেননি। গত ৬ বছর ধরেই নিজের সঙ্গে এক ধরনের লড়াই চালিয়ে যাচ্ছেন এই ব্যাটসম্যান। খুব আহামরি যে তাঁর পারফরম্যান্স, সেটিও নয়। আবাহনীর বিপক্ষে তাঁর আজকের ইনিংস কিন্তু অবাক করে দেওয়ার মতোই।
তাঁর ব্যাটিং-সামর্থ্য নিয়ে কখনোই প্রশ্ন ছিল না। প্রথম শ্রেণির ক্রিকেটে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড কিন্তু তাঁরই। ২০০৭ সালে জাতীয় ক্রিকেট লিগে বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে তাঁর অপরাজিত ৩১৩ রানের ইনিংসটিই কিন্তু তাঁকে নিয়ে এসেছিল পাদ-প্রদীপের আলোয়। আজ তাঁর ১৯০ তাঁকে নিয়ে গেল অন্য উচ্চতায়।
আরও পড়ুন:
আবাহনীর জয় ছাপিয়ে রকিবুলের ১৯০