তামিমের সামান্য চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিম ইকবালের মনে খুব দুঃখ। এ আর বলার কী আছে! মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি না পেলে কোন ব্যাটসম্যানের মনে না দুঃখ বাসা বাঁধবে!
অস্ট্রেলিয়ায় আসার আগেই বলে এসেছেন, বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিটি করতে চান। এত কাছে গিয়েও তা করতে না পারার দুঃখ তো পোড়াবেই। তবে তামিমকে কুরে কুরে খাচ্ছে যে দুঃখ, সেটি সেঞ্চুরি পাওয়া না-পাওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। দু-তিনটি ম্যাচে খারাপ করলেই সবাই যেভাবে তাঁর দিকে সমালোচনার তির ছুড়তে শুরু করে, সেটি তামিমকে খুব কষ্ট দেয়।
এই গত নভেম্বরেই বাংলাদেশের সর্বশেষ দুটি টেস্টে সেঞ্চুরি করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও একটা ৭৬ আছে। অথচ বিশ্বকাপে এসে দুটি ম্যাচে রান না পাওয়াতেই তাঁকে নিয়ে প্রশ্ন উঠে যাওয়াটা তামিমকে যারপরনাই ব্যথিত করেছে। পেশাদার খেলোয়াড়েরা এসব ক্ষেত্রে নিজের চারপাশে একটা বলয় তৈরি করে নেন, যাতে বাইরের কিছু স্পর্শ না করে। তামিমও চেষ্টা করেন, কিন্তু পারেন না। মানুষ হিসেবে একটু বেশিই আবেগপ্রবণ, স্পর্শকাতরও। কয়েক দিন আগেই কথায় কথায় বলছিলেন, একেক জনের ধরন একেক রকম। সাকিবকে যেমন কোনো কিছুই স্পর্শ করে না, আমি আবার সমালোচনায় খুব কাতর হয়ে পড়ি।
কোনো ব্যাটসম্যান ৯৫ রানে আউট হলে ৯৫ রান করার আনন্দের চেয়ে আর ৫ রান করতে না পারার দুঃখটাই বড় হয়ে ওঠে। কাল ম্যাচ শেষে ফুরফুরে তামিমকে দেখে মনে হলো, তাঁর কাছে প্রথমটিই বড়। এতে যে সমালোচনার ঝড়টা আপাতত থামবে। পেতে পেতেও সেঞ্চুরি হারিয়ে ফেলার হতাশার কথা বলার সময়ও মুখে তাই হাসি ফুটিয়ে তুলতে পারলেন। এত বড় একটা স্কোর তাড়া করে দল জিতেছে, এটাও অবশ্য একটা কারণ।
টেস্টে ৬টি সেঞ্চুরি আছে, ৩৮.০৯ গড়ে ২,৭৪৩ রান। ওয়ানডেতে সাকিবের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে কাল চার হাজার রান পূর্ণ করলেন। সাকিবের চেয়ে মাত্র একটি ইনিংসই বেশি লাগল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনারের আসনে প্রায় তর্কাতীত তাঁর অধিষ্ঠান। অথচ একটু খারাপ করলেই চারপাশ থেকে এমন সব কথাবার্তা উঠতে শুরু করে যেন বাংলাদেশের রাস্তাঘাটে হাজারো তামিম ইকবাল ঘুরে বেড়াচ্ছে। এসব দেখে-টেখে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তাই প্রশ্নটা করলেন, একটু খারাপ করলেই তামিমকে নিয়ে সমালোচনাটা একটু বেশিই হয় কি না। তামিমের উত্তরে অভিযোগের বদলে অনুনয়ের সুর, ‘আমি পেশাদার ক্রিকেটার। খারাপ করলে সমালোচনা হবেই, এটা আমি মেনেই নিই। তবে আমি শুধু একটাই অনুরোধ করতে চাই। সবাই যেন একটু ধৈর্য ধরে। আমি তো প্রতি ইনিংসেই ভালো করতে চাই। প্রতি ম্যাচেই চেষ্টা করি যেন এক শ করতে পারি। কিন্তু সেটি তো আর সম্ভব নয়। খারাপ সময়ে সমালোচনার বদলে সমর্থন পেলে ফিরে আসাটা সহজ হয়।’
সতীর্থদের কাছ থেকে তা সব সময়ই পান। এবার যেমন সবচেয়ে বেশি পেয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাছ থেকে। পাশে বসে থাকা মাশরাফির প্রতি তাই বারবার কৃতজ্ঞতা জানালেন, ‘দুই ম্যাচে রান না পেয়ে আমি খুব ভেঙে পড়েছিলাম। মাশরাফি ভাই আমাকে অনেক সাহায্য করেছেন। আজ ব্যাটিং করতে নামার সময় বলেছেন, তুই সময় নিয়ে খেল। ৬০ বলে ২০ রান করলেও কোনো সমস্যা নেই। শেষ পর্যন্ত যদি তুই ৬০/৭০/৮০ রান করতে পারিস, আমরা ঠিকই ম্যাচ জিতব। এটা শুনে আমি অনেক নির্ভার হয়ে খেলতে পেরেছি।’
তামিমকে এমন ‘স্বাধীনতা’ দিয়ে দেওয়ার কারণটা পরে জানা গেল মাশরাফির কাছ থেকে, ‘ও এমন ব্যাটসম্যান, ওর উইকেটে থাকা মানেই প্রতিপক্ষ বোলারদের চাপে থাকা। কারণ ওরা জানে, তামিম যেকোনো মুহূর্তে ব্যাটিংয়ের গিয়ার বদলাতে পারে।’ ব্যর্থ হলেই সমালোচনা—এই ভয়েই কি না তামিমকে তামিমের রূপে ইদানীং কমই দেখা যায়। কালকের ৯৫-ও ঠিক তামিমীয় নয়। তার পরও স্ট্রাইক রেট এক শর কাছাকাছি। তবে এত বড় একটা স্কোর তাড়া করতে নেমে আরেকটু আক্রমণাত্মক রূপই তো প্রত্যাশিত ছিল। তামিমের গেম প্ল্যানটাই যে ছিল অন্য রকম, ‘কোচ আমাকে বলেছেন, রান তাড়া করছ ভাবার দরকার নেই। আমরা প্রথমে ব্যাটিং করলে যেভাবে খেলতাম, সেভাবেই খেলো।’
এর আগে বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটি বলতে গেলে তামিমের একক কৃতিত্বধন্য। ২০০৯ সালে জিম্বাবুয়ের ৩১২ রান টপকে জয় এসেছিল তামিমের ১৫৪ রানের ইনিংসটির কল্যাণে। সেই স্মৃতি কাল অনুপ্রাণিত করেছে তাঁকে, ‘এর আগেও আমরা তিন শ তাড়া করেছি। আর এখানে তো উইকেট ছিল খুব ভালো। আউটফিল্ডও খুব দ্রুত, মারলেই বল উড়ে গেছে।’
স্কটল্যান্ডের বিপক্ষে জয়টি তামিমের কাছে আরও তৃপ্তিকর হয়ে উঠছে তা সম্মিলিত প্রচেষ্টায় এসেছে বলে, ‘আজ আমাদের ব্যাটিং ছিল পুরো দলীয় প্রচেষ্টা। আমি বেশি রান করেছি ঠিকই; কিন্তু রিয়াদ ভাই, মুশফিক, সাকিব, সাব্বির সবারই অবদান আছে এই জয়ে। আমাদের দল এমন নয় যে, একজনই ভালো খেলে এত বড় রান তাড়া করে ফেলবে।’
ইংল্যান্ডের বিপক্ষে তাঁর রেকর্ড খুব ভালো। সেই ইংল্যান্ডই এখন কোয়ার্টার ফাইনালে ওঠার বৈতরণিতে পরিণত। তামিম অবশ্য শুধু ইংল্যান্ডকে টার্গেট করে চাপটা বাড়িয়ে তুলতে চান না, ‘আমি যা বুঝি, বাকি দুটি ম্যাচের একটি জিততেই হবে, যদি না ইংল্যান্ড আফগানিস্তানের কাছে হেরে যায়। এটুকু বলতে পারি, ইংল্যান্ড ম্যাচের জন্য এর চেয়ে ভালো প্রস্তুতি আর হতে পারত না।’
আগামী সোমবার অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে মহারণে নির্ভার তামিম ইকবালকে পাওয়া—বাংলাদেশের জন্যও এর চেয়ে ভালো আর কী হতে পারত!