তামিমের হতাশা, তামিমের মন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন গত বিশ্বকাপে বাংলাদেশের নায়ক মাহমুদউল্লাহ। পাশেই হাসিমুখে এনামুল হক, যিনিও আছেন ফেরার অপেক্ষায়  l শামসুল হক
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন গত বিশ্বকাপে বাংলাদেশের নায়ক মাহমুদউল্লাহ। পাশেই হাসিমুখে এনামুল হক, যিনিও আছেন ফেরার অপেক্ষায় l শামসুল হক

তামিম ইকবালের সঙ্গে কথা বললে এই একটা সুবিধা। কথার সূত্র ধরে আপনি দলের ভেতরের অবস্থাটা পড়ে ফেলতে পারবেন। কোথায় আত্মবিশ্বাসটা একটু নড়ে গেছে, কোথায় বা পাপড়ি মেলেছে প্রত্যয়ের নতুন ফুল। তাঁর চোখে সবই পরিষ্কার। 
তামিমের কথায় দল পায় সঞ্জীবনী, নতুন করে মাথা তোলার সাহস। কথার টেবিলে কখনো তিনি দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কান্ডারি, কখনো সমালোচনা সইবার ঢাল।
মিরপুরে অনুশীলনের আগে কাল সেই তামিমই সংবাদ সম্মেলনে। টি-টোয়েন্টির হতাশা, ওয়ানডেতে দলের আত্মবিশ্বাস, সীমিত ওভারের ক্রিকেটের নতুন নিয়ম—এমন আরও অনেক বিষয়েই কথা বললেন দলের হয়ে—

এখানেই শেষ নয়
হার দিয়ে সিরিজ শুরু হওয়া যে ভালো নয়, সেটা তামিমও মানেন। তবে বিশ্বাস করেন, টি-টোয়েন্টি সিরিজে আরও ভালো খেলার সামর্থ্য বাংলাদেশের ছিল। দক্ষিণ আফ্রিকা সিরিজ হার দিয়ে শুরু হলেও আত্মবিশ্বাসের তাই কমতি নেই, ‘দুটি হারের কারণেই যদি সবকিছু শেষ হয়ে যায়, তাহলে তো হবে না। যে ফরম্যাটে আমরা সবচেয়ে বেশি শক্তিশালী, সেই ফরম্যাটের খেলা আসছে। এর জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’
বাংলাদেশ দলের ড্রেসিংরুমে তাই নতুন শুরুর বাতাবরণই বইয়ে দেওয়ার চেষ্টা চলছে এখন।

এই ব্যাটের দিকে শুধু তামিমই তাকিয়ে নেই l প্রথম আলো
এই ব্যাটের দিকে শুধু তামিমই তাকিয়ে নেই l প্রথম আলো

ওয়ানডে মানেই স্বস্তি!
তামিম ঠিক তা মনে করছেন না। টানা ভালো খেলায় ওয়ানডেতে দলটা একটু বেশি আত্মবিশ্বাসী, তাই বলে বাংলাদেশের ক্রিকেটাররা টেস্ট বা টি-টোয়েন্টি পারেই না, এটা মানতে রাজি নন। টি-টোয়েন্টিতে সমস্যা দেখেন একটাই, ‘আমরা ঘরোয়া ক্রিকেটে খুব কম টি-টোয়েন্টি খেলি। এমনও হয়, বছরে হয়তো একটা ম্যাচই খেলেছি। বলার জন্য বলা নয়। আমার কাছে আসলে এটাই কারণ মনে হয়। দল হিসেবে আমরা হয়তো এখনো এই খেলাটা বুঝে উঠতে পারিনি।’
ক্লান্তি আমার ক্ষমা করো...
গত বছরের জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু। এরপর টানা খেলেই যাচ্ছে বাংলাদেশ দল। টানা খেলার ক্লান্তি খারাপ পারফরম্যান্সের একটা কারণ হতেই পারে। তামিমের চোখে অবশ্য পেশাদার ক্রিকেটে ক্লান্তির কোনো স্থান নেই, ‘আমরা পেশাদার দল। সবাই সবার দায়িত্ব বোঝে। আমি চেষ্টা করি, ম্যাচের আগে যতটা সম্ভব সবল থাকতে। সবাই সেভাবেই চেষ্টা করে। ক্লান্তি এখানে কোনো বিষয় নয়।’
এগিয়ে ভারত, পাকিস্তানই
যে যা-ই বলুক, তামিম উপমহাদেশে ভারত-পাকিস্তানকেই বেশি শক্তিশালী প্রতিপক্ষ মনে করেন। দক্ষিণ আফ্রিকার পেশাদারি, র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা, সব মাথায় রেখেই বললেন, ‘পাকিস্তান, ভারতকে হারাতে আমাদের যে পরিমাণ কষ্ট করতে হয়েছে, এদেরও ওভাবেই হারাতে হবে। তাদের জন্য কোনো কিছুই কম বা বেশি করা লাগবে না।’ তামিমের বিশ্বাস, বিশ্বকাপ থেকে নিয়ে আসা ফর্ম ধরে রাখা গেলে ভারত, পাকিস্তানের মতো হারানো সম্ভব দক্ষিণ আফ্রিকাকেও, ‘বিশ্বকাপ থেকে শুরু করে শেষ দুই সিরিজে আমরা যেভাবে সব কাজ ঠিকঠাক করে আসছি, সেটা করতে পারলে অবশ্যই ম্যাচ জেতা সম্ভব।’
স্পিনের লড়াই
তামিমের দৃষ্টিতে দক্ষিণ আফ্রিকার স্পিনারদের চেয়ে বাংলাদেশের স্পিনাররা সব দিক দিয়েই এগিয়ে, ‘আমি আমাদের স্পিনারদের ৫-৬ গুণ এগিয়ে রাখব। সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার, বোলারদের র্যাঙ্কিংয়েও শীর্ষ দশের মধ্যেই আছে।’ তবে একটু ভয় আছে ইমরান তাহিরকে নিয়ে, ‘ও যেখানেই খেলছে, ভালো করছে। ওর বল সতর্কভাবে সামলাতে হবে। লেগ স্পিন যেকোনো দলের জন্যই আক্রমণের একটা বাড়তি অস্ত্র।’

ওয়ানডের নতুন নিয়ম
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে অভিষেক হচ্ছে ওয়ানডের নতুন নিয়মের। নিয়মটার ভালো-খারাপ দুই দলের কাছেই অজানা। তামিম যেমন বলে রাখলেন, ‘আমরা এটা নিয়ে কাজ করার সময় পাইনি। এ নিয়মের ব্যাপারে পুরোপুরি প্রস্তুত নই। নিয়মটা বুঝতে দুই-তিনটা ম্যাচ তো লাগবেই।’ উদাহরণও দিলেন একটা, ‘চারটা ফিল্ডার বাইরে, একটা বাড়তি ফিল্ডার ভেতরে; এই নিয়ম যখন শুরু হলো, প্রথমে কিন্তু সবাই এক-দুই-তিন ম্যাচ দ্বিধাদ্বন্দ্বে ছিল।’

সৌম্যর সঙ্গে জুটি
ক্যারিয়ারে অনেকের সঙ্গেই ওপেনিং জুটি গড়েছেন। সৌম্য সরকারের মতো আক্রমণাত্মক সঙ্গী কি পেয়েছেন? নবীন এই ওপেনারের সঙ্গে ব্যাটিংটা ভালোই উপভোগ করছেন অভিজ্ঞ তামিম, ‘দুই পাশ থেকেই যদি তাড়াতাড়ি রান আসে, তাহলে বোলারদের কাজ কঠিন হয়ে যায়। তা ছাড়া একদিন হয়তো আমার খুব ভালো টাইমিং হবে, আরেক দিন আরেকজনের হবে। এভাবেই জুটি হয়।’ ওপেনিং জুটিতে দুই পাশ থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে তাই সুবিধাই দেখছেন। প্রশংসায় ভাসালেন সৌম্যকেও, ‘সৌম্য যেভাবে ব্যাটিং করে, সেটা আমি খুবই পছন্দ করি। ওকে বলেছি, ও যেভাবে শুরু করে...এরপর রানটা যদি বড় করতে পারে, তাহলে ওর ক্যারিয়ারের জন্য খুবই ভালো হবে।’