তামিমের হতাশায় যোগ 'স্কুলের ছেলে' কামরানও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশি তারকাদের অনুজ্জ্বলতার ভিড়ে নিজে ব্যাট হাতে দলকে টান​ছিলেন। আজ তাও পারলেন না তামিম। ছবি: শামসুল হক
বিদেশি তারকাদের অনুজ্জ্বলতার ভিড়ে নিজে ব্যাট হাতে দলকে টান​ছিলেন। আজ তাও পারলেন না তামিম। ছবি: শামসুল হক

টি-টোয়েন্টিতে তিলকরত্নে দিলশান কাঙ্ক্ষিত এক নাম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান সংগ্রহে যিনি দুইয়ে, তাঁকে যেকোনো দলই নিতে চাইবে। বিপিএলে দিলশানকে দলে ভেড়াতে তাই একই সঙ্গে চেষ্টা চালিয়েছিল রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। শেষমেশ চিটাগংয়ের জয় হয়েছে।

তবে যে আশায় দিলশানকে দলে নেওয়া হয়েছিল, তা এখনো পর্যন্ত পূরণ হয়েছে সামন্যই। ২০.৮০ গড়ে ৫ ম্যাচে চিটাগং ওপেনারের রান ১০৪। দিলশানের সর্বশেষ তিন ইনিংস—১৯, ২০, ৩৬। থিতু হচ্ছেন কিন্তু ইনিংস বড় হচ্ছে না।
টি-টোয়েন্টিতে আরেক উজ্জ্বল নাম কামরান আকমল। গত জুলাইয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে ত্রিনিদাদ ও টোবাগোকে জেতানোর নায়ক ছিলেন এ পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটসম্যান। এ বিপিএলে আজ প্রথম নামলেন মাঠে। শূন্য রানে যেভাবে রান আউট হয়েছেন, তামিম ইকবালের ভাষায় ‘স্কুলের ছেলেদের মতো’!
বিশ্বের অন্যতম সেরা ‘ক্লিন হিটার’ এলটন চিগুম্বুরার পারফরম্যান্সও বলার মতো নয়। ব্যাট হাতে ২ ম্যাচে রান ৬, বল হাতে উইকেট মাত্র দুটি। বরিশাল বুলসের বিপক্ষে চিটাগংয়ের হারার পেছনে দায়ী করা যেতে পারে চিগুম্বুরার বাজে বোলিং। বোলিংয়ে সাঈদ আজমল, জীবন মেন্ডিসের পারফরম্যান্সও তথৈবচ। বিদেশিদের মধ্যে চিটাগংয়ে একমাত্র উজ্জ্বল মুখ মোহাম্মদ আমির। পাকিস্তানি পেসার ৫ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট।
সব মিলিয়ে এখনো পর্যন্ত বিপিএলে চিটাগংয়ের বিদেশি খেলোয়াড়েরা বড় অনুজ্জ্বল। অথচ দেশি-বিদেশি মিলিয়ে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলই ভাবা হচ্ছিল চিটাগংকে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিবর্ণ পারফরম্যান্সের প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। ৫ ম্যাচে হার ৪টিতেই। দ্বিতীয় ম্যাচটি জয়ের পর জিততেই ভুলে গেছে তামিমের দল!
বিদেশি খেলোয়াড়দের পারফরম্যান্সে অসন্তুষ্টি লুকালেন না চিটাগং অধিনায়ক তামিম, ‘যতই টাকা দিয়ে খেলোয়াড় কিনুক, পারফরম্যান্স তো কেনা যায় না। পারফরম্যান্স এমন জিনিস, বলে-কয়ে কেউ করতে পারে না। আজ কামরানের রান আউট নিয়ে আমার কোনো উত্তর নেই। দিলশান যেভাবে ব্যাটিং করছে...টি-টোয়েন্টিতে রেকর্ড-পরিসংখ্যান দেখলে দিলশান-গেইল শীর্ষ দুই ব্যাটসম্যান। সে ধারাবাহিক ভালো করলে আমরা অন্য পর্যায়ে থাকতাম। দায়িত্বে ঘাটতি আছে। আমরা তাদের ওপর অনেক নির্ভরশীল। কারণ, তারা বিশ্বমানের খেলোয়াড়। তাদের দায়িত্ব নিতে হবে।’
অধিনায়কের বার্তাটা নিশ্চয় বুঝতে পারছেন দিলশান-কামরানরা।