তামিমের হাতের অবস্থা বুঝতে স্ক্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিন রিজার্ভের নেটে কাল হালকা ব্যাটিং অনুশীলন করেছেন তামিম ইকবাল। ব্যাটিং অনুশীলন বলতে কোচ চন্ডিকা হাথুরুসিংহের ছুড়ে মারা বলে ব্যাট লাগানো আর কি!
কিন্তু এই আয়েশি ব্যাটিংয়ের ফলাফলও আশাব্যঞ্জক নয়। ‘ব্যথা বেশি নেই। ব্যাটিং করার পর জায়গাটা আবার একটু ফুলেছে। কালো হয়ে গেছে’—কাল রাতে বলছিলেন তামিম। তবে তাঁর আশা, এটুকু সমস্যায় খেলতে অসুবিধা হওয়ার কথা নয়।
বিষয়টা পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়ার কথা আজ সকালে। তামিমই জানালেন, ‘কাল (আজ) সকালে স্ক্যান করাব। ফ্র্যাকচার-জাতীয় বড় সমস্যা হলে তাতে ধরা পড়বে। তবে আমার বিশ্বাস, খারাপ কিছু হবে না।’
মাউন্ট মঙ্গানুইয়ের শেষ টি-টোয়েন্টি বাংলাদেশকে ভালোই ধাক্কা দিয়েছে। ওই এক ম্যাচে চোট পান মাশরাফি বিন মুর্তজা, তামিম ও আরেক ওপেনার ইমরুল কায়েস। ইমরুলের সমস্যা মোটামুটি সেরে গেছে বলেই মনে হলো। সকালে নেটে পুরোদমে ব্যাটিং করেছেন। আর মাশরাফি পরিবার নিয়ে গেছেন অকল্যান্ডে। সেখানে আজকালের মধ্যে আরেকবার চিকিৎসক দেখানোর কথা তাঁর। সর্বশেষ অবস্থা জানার জন্য দলের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাঁকে।