তামিমের ১০ হাজার রান দেখতে চান হাবিবুল

রেকর্ডটা গড়ার সুযোগ ছিল পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টেই। কিন্তু মাত্র সাত রানের জন্য হলো না। অপেক্ষার অবসান হলো আজ ফতুল্লায়। ইশান্ত শর্মাকে লং-লেগে ঠেলে দুই রান নিয়ে রেকর্ড বইয়ে আরেকবার নিজের নাম লেখালেন তামিম। হাবিবুল বাশারকে টপকে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনিই।
২০০৮-এর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট ছিল হাবিবুলের শেষ ম্যাচ। ব্যাট-প্যাড যখন তুলে রেখেছিলেন নামের পাশে লেখা হয়েছিল ৩০২৬ রান। সাত বছর পর সে রানটাই টপকালেন তামিম। এ বছরেই গড়েছেন বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ রান (২০৬) ও সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির (সাতটি) রেকর্ড। আজ সর্বোচ্চ হলেন রানের মালিক। দারুণ সময়ই যাচ্ছে তামিমের।
তবে রেকর্ডের দিনে নিজের ইনিংসটা বড় করতে পারেননি। রবিচন্দ্রন অশ্বিনের বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে ফিরেছেন মাত্র ১৯ রানে।
হাবিবুল উত্তরসূরির কীর্তি দেখলেন ফতুল্লায় বসেই। স্বাভাবিকভাবেই তিনি খুশি। তবে হাবিবুলের মতে রেকর্ডটা ভাঙা উচিত ছিল আরও আগে, ‘অনেক আগেই রেকর্ডটা ভাঙা উচিত ছিল। আমার রেকর্ডটা তো অনেক দিন ধরেই (সাত বছর) ছিল।’
এখানেই শেষ নয়; হাবিবুল চান, তামিম অন্তত ১০ হাজার রান করবে টেস্টে, ‘প্রত্যাশা করব, যখন ক্যারিয়ার শেষ করবে, অন্তত ১০ হাজার রান যেন তার নামের পাশে লেখা থাকবে। তামিমের মতো ব্যাটসম্যান বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক, ভাবতেই ভালো লাগছে! যদি ১০ হাজার রান না করতে পারে, তখন খারাপই লাগবে।’
তামিমকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ এ মুহূর্তে কার বেশি? বলাটা যদিও কঠিন। হাবিবুল বিষয়টি ছেড়ে দিলেন তামিমের ওপরই, ‘তামিম যদি ১৫-২০ হাজার রান করে, তবে তাকে ছাড়িয়ে যাওয়া কঠিনই হবে (হাসি) ! আসলে পুরো বিষয়টি নির্ভর করছে ওর ওপরই। সে কোথায় গিয়ে থেমে, সেটিই আসল বিষয়।’
বর্তমান দলে থাকার মধ্যে দুজনের মধ্যে সম্ভাবনাটা দেখছেন হাবিবুল, ‘মুমিনুল...আসলে ও তো খুব বেশি ম্যাচ খেলেনি। তাই এখনই বলা মুশকিল। তবে সাকিব আছে আশপাশে। কেউ না কেউ হয়তো ছাড়িয়ে যাবে। রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই। ভালো খেলোয়াড় রেকর্ড গড়ে, ভালো খেলোয়াড়ই সেটা ভাঙে। কাজেই এ নিয়ে বলার কিছু নেই। তামিম রেকর্ড করবে, অন্যরাও করবে।’
হাবিবুল অবশ্য প্রত্যাশার করেন, তামিম নিজেকে এমন জায়গায় নিয়ে যান, যাতে থাকতে পারেন ধরাছোঁয়ার বাইরে, ‘আমি আমার রেকর্ডটা ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে পারিনি। আশা করি, তামিম ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাতে পারবে।’
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান:
ম্যাচ রান
তামিম ইকবাল ৪০ ৩০৩৯
হাবিবুল বাশার ৫০ ৩০২৬
মোহাম্মদ আশরাফুল ৬১ ২৭৩৭
সাকিব আল হাসান ৪০ ২৭৩২
মুশফিকুর রহিম ৪৬ ২৫৫৫