তামিমের 'প্রথম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের মাঠে প্রথম সেঞ্চুরি হাঁকালেন তামিম। ছবি: শামসুল হক
ঘরের মাঠে প্রথম সেঞ্চুরি হাঁকালেন তামিম। ছবি: শামসুল হক

তাঁর কিছু উদযাপন তো বিখ্যাত হয়েই আছে। লর্ডসের সেই ‘আমার নাম লিখে দাও’, কিংবা টানা চার ফিফটির পর ‘ওয়ান-টু-থ্রি-ফোর’। আজ সে রকম কোনো উদযাপন হলো না। তবে তামিম ইকবাল চাইলে অন্য রকম উদযাপন করতেই পারতেন। চট্টগ্রামে, ঘরের মাঠে, নিজের আঁতুড়ঘরে এটাই যে তাঁর প্রথম সেঞ্চুরি!
সুযোগ তামিম কম পাননি। এর আগে টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টি মিলিয়ে ৩২ বার ব্যাট করতে নেমেছেন। কিন্তু নিজের ঘরের ছেলেটাকে সেঞ্চুরি উদযাপন করতে দেখার সৌভাগ্য চট্টলাবাসীর হয়নি। চার বছর আগে এই জিম্বাবুয়ের বিপক্ষেই একবার সেঞ্চুরিটা একদম ছুঁতে ছুঁতে মুঠো গলে বেরিয়ে গিয়েছিল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সেই ওয়ানডেতে তামিম করেছিলেন ৯৫ রান।
২০১০ সালেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ৮৬ করেছিলেন। শুধু তা-ই নয়, ২০০৮ সালের মার্চে, নিজের জন্মদিনের মাত্র কদিন আগে এ মাঠে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচে খেলতে নেমে ৮২ রানও করেছিলেন। কিন্তু কেন জানি সেঞ্চুরি ছোঁয়া তাঁর হচ্ছিল না কিছুতেই। সেই অপেক্ষার পালা প্রায় সাড়ে ছয় বছর পর ঘোচালেন তামিম।
এমনিতে ঘরের মাঠের সঙ্গে কিন্তু খুব একটা সখ্য ছিল না তামিমের। এই ম্যাচের আগে টেস্টে তাঁর ব্যাটিং গড় যেখানে ছিল ৩৬.৭০, সেখানে ঘরের মাঠে সেটি ছিল ২৫.৭৭! ওয়ানডেতে অবশ্য গড়টা তুলনামূলক ‘ভালো’। কিন্তু সেটি স্বস্তি হবে কী করে! এ মাঠে সর্বশেষ ছয় ওয়ানডেতে তিনটি যে শূন্য মেরেছেন তামিম! সব মিলিয়ে এ ম্যাচের আগপর্যন্ত ৩২ ইনিংসে মাত্র ৫টি ফিফটি—তামিমও জানতেন, নাড়িপোঁতা মাঠটায় কেন জানি হাসে না তাঁর ব্যাট। আজ থেকে কী নতুন সম্পর্কই শুরু হলো তবে?
ঘরের মাঠের সঙ্গে সখ্যের দিক দিয়ে মাহেলা জয়াবর্ধনে যেন ক্রিকেট ইতিহাসেরই একটা উদাহরণ। কলম্বোতে জন্ম নেওয়া জয়াবর্ধনে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ২৭ ম্যাচে ১১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, আছে নয়টি ফিফটিও। এ মাঠে টেস্টে তাঁর রান (দুই হাজার ৯২১) একটা রেকর্ড। সুনির্দিষ্ট একটি মাঠে আর কোনো ব্যাটসম্যান এত রান করতে পারেননি।
কেপটাউনে জন্ম নেওয়া জ্যাক ক্যালিসও নিজের শহরে ব্যাট করতে নামলেই কিছু না কিছু করে ফেলতেন। কেপটাউনের নিউল্যান্ডসে ২২ টেস্টে নয়টি করে সেঞ্চুরি আর ফিফটি আছে তাঁর। রান হাঁকিয়েছেন দুই হাজার ১৮১।