তামিমের 'বুদ্ধিভ্রম'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌম্য সরকারের বিরুদ্ধে শ্রীলঙ্কানদের এলবিডব্লুর আবেদন। কাল গলে এ রকম পরিস্থিতিতে আরও বেশ কয়েকবার পড়েছেন বাংলাদেশ দলের ওপেনার। তবু ৬৬ রানে অপরাজিত থেকে স্বস্তি নিয়েই শেষ করেছেন দিনটা l এএফপি
সৌম্য সরকারের বিরুদ্ধে শ্রীলঙ্কানদের এলবিডব্লুর আবেদন। কাল গলে এ রকম পরিস্থিতিতে আরও বেশ কয়েকবার পড়েছেন বাংলাদেশ দলের ওপেনার। তবু ৬৬ রানে অপরাজিত থেকে স্বস্তি নিয়েই শেষ করেছেন দিনটা l এএফপি

প্রশ্নটা উঠতেই মুখের জ্যামিতিটা একটু বদলে গেল। হতাশ, খুব হতাশ চন্ডিকা হাথুরুসিংহে। কী আর বলবেন বাংলাদেশের কোচ! তামিম যেভাবে রানআউট হয়েছেন, এভাবে কেউ রানআউট হয়? এটি একেবারেই আত্মাহুতি।

না, ড্রেসিংরুমে তাঁর সঙ্গে কোনো কথাই হয়নি কোচের। তবে কোচ জানেন, এটি হলো বুদ্ধিভ্রম—‘ব্রেন ফেড’। ক্রিকেটে এটি ঘটতেই পারে।

কিন্তু এটি এমন এক সময় ঘটল, বাংলাদেশ যখন একটি দিনকে লাল হরফে চিহ্নিত করতে চলেছে। স্কোরকার্ড বেশ স্বাস্থ্যবান, বিনা উইকেটে ১১৮। দিনের বাকি মাত্র ১০ ওভার। আর ৩টি মাত্র রান করতে পারলে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি হয়ে যায়। তিন দিন আগে এই গল স্টেডিয়ামে দাঁড়িয়েই যেমনটি বলেছিলেন, মনে হচ্ছিল তামিম তা সত্যি করে তুলতে চলেছেন। বলেছিলেন যেকোনো ম্যাচেই তাঁর লক্ষ্য থাকে সেঞ্চুরি করা এবং প্রথম ইনিংসেই। সেদিকেই এগোচ্ছিলেন। আর সেঞ্চুরিটি করে ফেলতে পারলে শ্রীলঙ্কা-ভূতটা দূর হতো।

কিন্তু কী যে হয়ে গেল ৩৬তম ওভারের শেষ বলটিতে। চায়নাম্যান বোলার লক্ষ্মণ সান্দাকানকে গ্ল্যান্স করে পাঠাতে চাইলেন সীমানার দিকে। বোলার ও উইকেটকিপার নিরোশান ডিকভেলা আপিল করলেন কট বিহাইন্ডের। আম্পায়ার আলিম দার সাড়া দেননি। বল তখন ডিকভেলার হাতে। তিনি দৌড়ে ১ রান নিতে বেরিয়ে এলেন। পেছনে ফিরে দেখলেন বেল উৎপাটিত। ভেবেছিলেন হয়তো বল উইকেটকিপারের হাতে নেই। চলে গেছে দূরে। অতএব...

হতাশায়, অবিশ্বাসে মাথা নুয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটতে লাগলেন বাংলাদেশের ইতিহাসসেরা ওপেনার। সামান্য চল্লিশ-পঞ্চাশ গজ রাস্তাটাকে তাঁর কাছে নিশ্চিতই মনে হচ্ছিল অন্তহীন।

কেন এমন করলেন তামিম? ব্যাখ্যা নেই। ব্যাখ্যা যা দেওয়ার হাথুরুসিংহেই দিয়ে দিয়েছেন। তবে তামিমকে যাঁরা চেনেন তাঁরা বলবেন, একটা চাপ থেকে দ্রুতই মুক্তি পেতে চাইছিলেন তিনি। এর আগে তাঁর সর্বশেষ ফিফটিটি একেবারে প্রস্তর-যুগের নয়। মাত্রই পাঁচ ইনিংস আগে। কিন্তু যেভাবে ইদানীং আউট হচ্ছিলেন, সেটি তাঁকে সমালোচনার কাঁটায় বিদ্ধ করছিল অবিরত। এই তো মাত্রই একটি ইনিংস আগে, ভারতের বিপক্ষে হায়দরাবাদে ২৪ রানে রানআউট হলেন বিশ্রীভাবে।

এই সমালোচনার সঙ্গে ছিল শ্রীলঙ্কা নামের অব্যাখ্যাত এক অন্ধকূপ। সব প্রতিপক্ষকেই মোটামুটি বুঝিয়ে দিতে পেরেছেন তিনি কোন মাপের ব্যাটসম্যান। কিন্তু লঙ্কানরা সামনে এলেই কোথায় যেন পালাতে চায় তাঁর ব্যাট। সেই পলায়নপর চরিত্র এবার ঝেড়ে ফেলার মুখে গিয়েই এই বুদ্ধিভ্রম কিংবা মতিভ্রম।

এর আগে দুই পেসার সুরঙ্গা লাকমল ও লাহিরু কুমারা, বা আগের দুই স্পিনার দিলরুয়ান পেরেরা ও রঙ্গনা হেরাথকে ভালোই সামলেছেন। সিটি প্রান্ত থেকে চায়নাম্যান বোলার সান্দাকান আসতেই কেমন যেন একটু ছটফটানি দেখা যাচ্ছিল। সান্দাকানের করা ২৮তম ওভারে একবার তো রানআউট হতে হতে বেঁচে গেছেন। শেষ পর্যন্ত ওই সান্দাকানের ওভারেই হাস্যকর রানআউট।

এ নিয়ে ৯১টি টেস্ট ইনিংস খেলা হয়ে গেল তামিমের। চতুর্থবার কাটা পড়লেন রানআউটে। সংখ্যাটি খুব বড় কিছু নয়। তবে ইদানীং রানিং বিটুইন দ্য উইকেটে তাঁকে কেমন যেন একটু অমনোযোগী মনে হচ্ছে। কোন অকুস্থল থেকে যেন একটা দ্বিধা আর সিদ্ধান্তহীনতার কুয়াশা তাঁকে ঘিরে ধরছে। সেই কুয়াশা ঘন হয়ে ওঠার আগেই নিশ্চয় সেটি কভার ড্রাইভ করে মাঠছাড়া করবেন তামিম। তা না পারলে তিন সংস্করণের ক্রিকেটেই বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক হতে পারতেন না!

স্কোরকার্ড

শ্রীলঙ্কা ১ম ইনিংস

(প্রথম দিন শেষে, ৩২১/৪; মেন্ডিস ১৬৬*, ডিকভেলা ১৪*)

                                                                                                                  রান                                                 বল                            ৪                           ৬

মেন্ডিস ক তামিম ব মিরাজ                                              ১৯৪                              ২৮৫                 ১৯                  ৪

ডিকভেলা ক মাহমুদউল্লাহ ব মিরাজ                                     ৭৫                                ৭৬                  ৬                   ১

দিলরুয়ান এলবিডব্লু ব মিরাজ                                            ৫১                                 ৭৭                  ৭                   ১

হেরাথ ক সৌম্য ব মোস্তাফিজ                                            ১৪                                 ১৯                  ৩                  ০

লাকমল রানআউট                                                          ৮                                ২৯                   ১                  ০

সান্দাকান ক মিরাজ ব সাকিব                                              ৫                                 ১৫                  ০                  ০

কুমারা অপরাজিত                                                           ০                                   ১                  ০                  ০

অতিরিক্ত (বা ৪, লেবা ১০, ও ৪, নো ৫)                               ২৩

মোট (১২৯.১ ওভারে অলআউট)                                      ৪৯৪

উইকেট পতন: ৪-২৮৮ (গুনারত্নে, ৮২.৫ ওভার), ৫-৩৯৮ (মেন্ডিস, ১০৩.৩), ৬-৪৩২ (ডিকভেলা, ১০৯.৬), ৭-৪৫৭ (হেরাথ, ১১৬.২), ৮-৪৮০ (লাকমল, ১২৫.৩), ৯-৪৯৪ (দিলরুয়ান, ১২৮.৫)।

বোলিং: মোস্তাফিজ ২৫-৫-৬৮-২ (নো ১), তাসকিন ২১-৩-৭৭-১ (নো ২, ও ২), শুভাশিস ২৪-৪-১০৩-১ (নো ২, ও ১), মিরাজ ২২-১-১১৩-৪, সাকিব ৩২.১-৫-১০০-১, সৌম্য ৩-০-৯-০ (ও ১), মাহমুদউল্লাহ ২-০-১০-০।

বাংলাদেশ ১ম ইনিংস

তামিম রানআউট                                                          ৫৭                                ১১২                  ৬                  ০

সৌম্য ব্যাটিং                                                              ৬৬                               ১৩৩                  ৭                   ১

মুমিনুল এলবিডব্লু ব দিলরুয়ান                                             ৭                                 ১৭                   ১                  ০

মুশফিক ব্যাটিং                                                              ১                                 ১৪                  ০                  ০

অতিরিক্ত (লেবা ১, ও ১)                                                  ২

মোট (৪৬ ওভারে, ২ উইকেটে)                                       ১৩৩

উইকেট পতন: ১-১১৮ (তামিম, ৩৫.৬), ২-১২৭ (মুমিনুল, ৪০.৩)।

বোলিং: লাকমল ৫-০-১৫-০, কুমারা ৭-০-৩৮-০ (ও ১), দিলরুয়ান ১৩-৩-৩২-১, হেরাথ ১১-১-৩০-০, সান্দাকান ১০-৫-১৭-০।