তামিম-মুমিনুলের ব্যাটে রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তুতি ম্যাচে কাল হেসেছে মুমিনুল-তামিমের ব্যাট। যদিও তিন অঙ্ক ছুঁতে পারেননি দুজনের কেউই l প্রথম আলো
প্রস্তুতি ম্যাচে কাল হেসেছে মুমিনুল-তামিমের ব্যাট। যদিও তিন অঙ্ক ছুঁতে পারেননি দুজনের কেউই l প্রথম আলো

দিন শেষে ড্রেসিংরুমের সামনে বোলিং কোচ হিথ স্ট্রিক আর সহকারী রুয়ান কালপাগের সঙ্গে ছোটখাটো একটা সভা সেরে নিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিষয়বস্তু যা-ই হোক, কিছুটা হলেও ব্যাটসম্যানদের রান পাওয়ার স্বস্তি নিশ্চয়ই ছিল তিন কোচের আলোচনায়! সবুজ দলের হয়ে কাল দারুণ দুটি ইনিংস খেলেছেন টেস্ট দলের ওপেনার তামিম ইকবাল ও তিন নম্বর ব্যাটসম্যান মুমিনুল হক। হোক নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ, যেকোনো ম্যাচেই রান পেলে সেই আত্মবিশ্বাস সঙ্গী হয় মূল ম্যাচে। বিকেলে লাল দলের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ফিফটিতে দিন শেষ করেছেন টেস্ট দলে নামপ্রত্যাশী মোহাম্মদ মিঠুন।
তামিম-মুমিনুল দুজনই অবশ্য প্রাপ্য সেঞ্চুরিটা পাননি এবং তাতে দায় নিজেদেরই। দ্বিতীয় উইকেটে দুজনের ১৫৮ রানের জুটি ভেঙেছে মুমিনুলের আউটে। ১৫২ বলে ৮৪ করে ফিরেছেন মুমিনুল, আবুল হাসানের নতুন স্পেলে শুরুতেই সোজা বল ফ্লিক করতে গিয়ে এলবিডব্লু। মিনিট দশেক পর হাসানকেই উইকেট উপহার দিয়ে এসেছেন তামিম (১৭৮ বলে ৯২)। টেস্ট সহ-অধিনায়ক পরশু বিকেল থেকেই খেলছিলেন দারুণ, কিন্তু রান ৮০ ছোঁয়ার পর থেকেই হঠাৎ যেন খ্যাপাটে হয়ে যান। তেড়েফুঁড়ে মারতে শুরু করেন। হাসানকে তুলে মারতে গিয়ে ক্যাচ হয়েছেন মিড অনে।
সাকিব আল হাসান শুরু করেছিলেন প্রথম বলে চার দিয়ে। কিন্তু খানিকপরই রবিউলের ফুল লেংথ বলে কাভার ড্রাইভ করতে গিয়ে বোল্ড (৫)। এরপর যেটুকু সুযোগ পেয়েছেন, শুভাগত হোম (৩৪*) আর সৌম্য সরকার (৩৪*) ব্যাটিং অনুশীলন করেছেন ভালোই। দুটি উইকেট পেয়েছেন আবুল হাসান, তবে দীর্ঘ চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা পেসারকে বেশি স্বস্তি দিয়েছে হয়তো ১২ ওভার বোলিং করতে পারা। টেস্ট দলে ডাক পাওয়ার প্রত্যাশায় থাকা সাকলাইন সজীব বোলিংয়ের সুযোগ পেলেন মাত্র ৯ ওভার (১/৩৬)। খুব একটা সুবিধা করতে পারেননি তরুণ লেগ স্পিনার জুবায়ের হোসেন (০/৬৮)। ৪ উইকেটে ২৮৪ রানে ইনিংস ঘোষণা করে সবুজ দল।
লাল দলের প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা তরুণ ওপেনার লিটন দাসকে কাল ‘পেয়ার’ উপহার দিয়েছেন আল আমিন। মিঠুনের শুরুটা ছিল নড়বড়ে। সাকিবের বলে ক্যাচ দিয়ে বেঁচে গেছেন মিড অনে। অস্থির ছিলেন উইকেটে, শট খেলছিলেন তাড়াহুড়ো করে। পরে অবশ্য সামলে নিয়েছেন, দিন শেষে অপরাজিত ৭০ বলে ৫৩ করে। ১৭ রান নিয়ে সঙ্গী সাব্বির রহমান।