তামিম-সাকিব জুটিতে বড় রানের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কী সুন্দর একটা দিনই না শুরু হবে আজ! তামিম ইকবাল আর সাকিব আল হাসানের হাত দিয়ে হবে সেই শুরু। প্রথম দিন শেষে ধৈর্যের পরীক্ষায় লেটার মার্কস পেয়ে উত্তীর্ণ তামিমের ব্যাট আজ নিশ্চয়ই সেঞ্চুরির দিকে ধাবিত হবে। আর সাকিবের ব্যাটে তো সব সময়ই লুকিয়ে থাকে অপার সম্ভাবনা! খুলনা টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশ শুরু করবে দলের অন্যতম সেরা দুই ব্যাটিং-স্তম্ভের হাত ধরে। কতই না সুন্দর হতে পারে দিনটি!
সিরিজ জয়ের ম্যাচের প্রথম দিন শেষের স্কোরকার্ড কাল এ রকমই সুখকল্পনা জাগাচ্ছিল মনে। দিন শেষে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান। উইকেটে থাকা দুই অপরাজিত ব্যাটসম্যানের নাম তামিম-সাকিব। মুশফিকুর রহিম, শুভাগত হোম চৌধুরীরা তখনো প্যাড পরার অপেক্ষায়। প্রথম দিন শেষের সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ যে ৪৫০-৫০০ রানের সম্ভাবনার কথা শুনিয়ে গেলেন, আজ দিনের শুরুতে সেটাকে কি অবাস্তব মনে হচ্ছে? একদমই না। শেখ আবু নাসের স্টেডিয়ামের ব্যাটিং গালিচায় নিশ্চয়ই রানের পাহাড় গড়বে বাংলাদেশ।
আবারও বলতে হয়, এসবই সুখকল্পনা। আর এসবই নির্ভর করছে কিছু ‘যদি’র ওপর। ‘যদি’ আজ প্রথম সেশনটা উইকেট না হারিয়ে ভালোভাবে কাটিয়ে দেওয়া যায়। ‘যদি’ ধারাবাহিকতা ধরে রাখতে পারেন পরের ব্যাটসম্যানরাও। বাংলাদেশের ৩ উইকেটে ১৯৩ রান করা যে আসলেই একটি সুন্দর সম্ভাবনার ইঙ্গিত ছিল, সেটিকে সত্যি প্রমাণ করার ভার ওই ‘যদি’গুলোর ওপর। আর যদি আজ দিনের শুরুটাই হোঁচট খেয়ে হয়, তাহলে ওই সুন্দর সম্ভাবনার কোনো মানেই থাকবে না। মনে হবে, ইশ্, প্রথম দিনেই যদি আরও কিছু রান করে রাখা যেত...যদি আরও দু-একটি উইকেট কম পড়ত! যদি অন্য ব্যাটসম্যানরাও হয়ে উঠতেন তামিমের মতো ধৈর্যের প্রতীক!
প্রথম দিনের শুরুটা যদিও হোঁচট খেয়েই। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ১০৬ আর ৪৫ রান করার পর থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন শামসুর রহমান। পরের ছয়টি টেস্ট ইনিংসে তাঁর রান ৩৫, ৪, ১, ৩৯, ৮ ও ০। ব্যর্থতার তালিকাটাকে আরেকটু লম্বা করে কাল তিনি আউট ২ রানেই। এল্টন চিগুম্বুরার বলে এলবিডব্লুর আপিল ছিল। আম্পায়ার প্রথমে আঙুল না তুললেও ডিআরএসে আউট হয়ে ফিরে যান শামসুর। মুমিনুল হকের শুরুটা ভালো ছিল। কিন্তু তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটিতেই থেমে গেলেন তিনিও। উইকেেট সারা দিনে যে কয়টি বল অস্বাভাবিক আচরণ করল, তার একটিতে বোলার তিনাশে পানিয়াঙ্গারার বলে তাঁর হাতেই ক্যাচ তুলে দেন মুমিনুল। একটু লাফিয়ে উঠেছিল বলটা। এমনিতে ব্যাটিং উপযোগী হলেও উইকেটে বল এর পরও মাঝে মাঝে লাফ দিয়েছে, কখনো হয়েছে নিচু। ভাগ্য ভালো, সেগুলোতে কোনো অঘটন ঘটেনি। প্রথম দিনে আর যে উইকেটটি পড়েছে সেটি পানিয়াঙ্গারার দুর্দান্ত এক বলে মাহমুদউল্লাহর এলবিডব্লুতে।
টেস্টে নিজের দশম ফিফটিটাকে বড় ইনিংসে রূপান্তর করতে না পারলেও তৃতীয় উইকেটে তামিমের সঙ্গে ৯৫ রানের জুটি হয়েছে মাহমুদউল্লাহর। প্রথম দিনটা যে নিজেদের পরিকল্পনামতো গেছে বলে দাবি করতে পারছে বাংলাদেশ, তাতে বড় অবদান ওই জুটির। লাঞ্চের পর নবম ওভারে দলের ৭৮ রানে পড়েছিল মুমিনুলের উইকেট। এরপর তামিম-মাহমুদউল্লাহ মিলেই চা-বিরতির মধ্যে স্কোরটা নিয়ে যান ১২৭-এ।
তামিম যে তাঁর ব্যাটিংটা একটু একটু করে খোলসের ভেতর ঢুকিয়ে ফেলছেন, সেটা তাঁর গত কয়েকটি ইনিংসেই পরিষ্কার। এর ভালো-খারাপ নিয়ে একটা গোলটেবিল আলোচনা হতেই পারে। তবে কাল তাঁর ধৈর্যের প্রতিমূর্তি হয়ে আবির্ভূত হওয়ার বোধ হয় দরকারই ছিল। দলের জন্য তো বটেই, নিজের জন্যও। খুলনা টেস্টের আগে সর্বশেষ ১২টি টেস্ট ইনিংসে চারটি ফিফটি করেছেন, যার মধ্যে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে গত বছর ঢাকা টেস্টে করা ৯৫ আর ৭০ রানের ইনিংসও। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ফিফটি আছে দুটি। অথচ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে রান না পাওয়ায় তাঁকে নিয়ে কতই না সমালোচনা! সারা দিন ব্যাট করেও অপরাজিত তামিম সেই সমালোচনার জবাব দিতে গিয়ে কাল খেলে ফেললেন বল-রান দুই দিক দিয়েই নিজের দীর্ঘতম ইনিংসটি। ফিফটি করতে খেলেছেন ১৬৯ বল, দিন শেষে ৭৪ রানে অপরাজিত ২৫০ বল খেলে আর ৩৬৫ মিনিট উইকেটে থেকে। ক্যারিয়ারের দীর্ঘতম ইনিংসটাকে তামিম শেষ পর্যন্ত কত দূর টেনে নিয়ে যান, কৌতূহল এখন সেটাই। এই কৌতূহল যত দেরিতে মেটে, বাংলাদেশের জন্য তা ততই ভালো।

১ম দিন শেষে
বাংলাদেশ ১ম ইনিংস: ১৯৩/৩