জয় দেখছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরি দিয়ে এখন সবার ওপরে তামিম ইকবাল। ছবি: শামসুল হক
সেঞ্চুরি দিয়ে এখন সবার ওপরে তামিম ইকবাল। ছবি: শামসুল হক

বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি শুধু সিরিজ জেতার নয়; হিরের চেয়েও দামি মূল্যবান ৪টি রেটিং পয়েন্ট ধরে রাখার। আর সেই লড়াইয়ে দারুণভাবে দলকে এগিয়ে রাখলেন তামিম ইকবাল। এবার আর ফিফটিটাকে সেঞ্চুরি বানাতে ভুল হয়নি। তামিমের ১১৮, সাব্বিরের ৬৫ আর দ্বিতীয় উইকেটে দুজনের ১৪০ রানের জুটি বাংলাদেশকে ভিত্তিটা এনে দিয়েছিল। সেই ভিত্তিতে দাঁড়িয়ে যতটা ঝড় ওঠার কথা ছিল শেষ ১০ ওভারে, তা হয়নি। তবে শেষ দিকে মাহমুদউল্লাহর ৩২ রানের ইনিংসে বাংলাদেশ পেল ২৭৯ রানের স্কোর।
২৭৯ রানের জবাবে আফগানিস্তানের ব্যাটিংয়ের শুরুটা মোটেও ভালো হয়নি। দলের ৫ রানেই মাশরাফির বলে বোল্ড হন মোহাম্মদ শেহজাদ। তবে দ্বিতীয় উইকেটে নওরোজ মঙ্গল ও রহমত শাহ ৪৭ রানের জুটি গড়ে শুরুর ক্ষতিটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ৫২ রানের মাথায় ​বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন বলে নওরোজ এলবি’র শিকার হন। ৫২ রানেই তামিম ইকবালের ক্যাচে মোশাররফ হাশমতউল্লাহ শাহিদীর উইকেট তুলে নিলে বিপর্যয়ে পড়ে যায় আফগানিস্তান। এরপর আসগর স্টাইনকজাই, সামিউল্লাহ শেনওয়ারি ও মোহাম্মদ নবী দ্রুত বিদায় নিলে ম্যাচ পুরোপুরিই হেলে পড়েছে বাংলাদেশের দিকে। এই প্রতিবেদন লেখার সময় আফগানিস্তানের সংগ্রহ ৩০ ওভারে ছিল ৭ উইকেটে ১১৯। বাংলাদেশের পক্ষে ৩টি উইকেটপ মোশাররফের। ব্যাট হাতে ব্যর্থতাটা ভালোই পুষিয়ে দিয়েছেন তিনি। মাশরাফির এক উইকেটের পাশাপাশি তাসকিন তুলে নিয়েছেন ২ উইকেট। শততম জয়টা কাছেই দেখছে বাংলাদেশ।
এর আগে, দারুণ সেঞ্চুরিতে বাংলাদেশকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলেন তামিম। সঙ্গী সৌম্য সরকার ১১ রান করে ফিরে গেলে সাব্বিরের সঙ্গে দারুণ এক জুটি গড়েন তামিম। এই জুটি পার করে দেয় ২৪.৪ ওভার। এই জুটির কারণেই ৩০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ১৫৭। সাধারণত হাতে এত উইকেট থাকলে ৩০ ওভারের স্কোরটি শেষের দিকে দ্বিগুণ হয়। তবে ৩৮ ওভারের পর থেকে বাংলাদেশ যেভাবে শামুকে সওয়ার হলো, তাতে ২৭৯-ই মনে হচ্ছিল অনেক বড় স্কোর।
সমান বলে ১১৮ রান করা তামিম ৩৯ ওভারে যেই ফিরলেন, বাংলাদেশও যেন ধুঁকতে শুরু করল। এর আগে সাব্বিরও ফিরে গেছেন ৩১তম ওভারে। সাকিবকে পেছনে ফেলে বাংলাদেশের পক্ষে এককভাবে সর্বোচ্চ সাতটি ওয়ানডে সেঞ্চুরি করা তামিম নিজের কাজটা ঠিকমতো করলেও দলের বাকিরা হাল ধরতে পারলেন না।
সাকিব-মুশফিক সেট হয়েও ফিরেছেন। গত ওয়ানডেতে নজরকাড়া মোসাদ্দেক সেটই হতে পারলেন না। আট বছর পর ওয়ানডে খেলতে নামা মোশাররফ আউট হওয়ার পর দর্শক কেন এত হাততালিতে মেতে উঠল, সেটা ২৮.৫৭ স্ট্রাইক রেটই বলে দিচ্ছে। ৩৯ থেকে ৪৭—এই ৯ ওভারে বাংলাদেশ তুলল মাত্র ৩৫ রান, ৪ উইকেট হারিয়ে।
২২ বলে ৩২ করা মাহমুদউল্লাহর কারণেই শেষ ৩ ওভারে বাংলাদেশ ৩৩ তুলেছে। না হলে স্কোরটা তো আরও কমেই আটকে যায়! আফগানদের বিপক্ষে নিজেদের নতুন সর্বোচ্চ স্কোরটা পেয়েছে বাংলাদেশ। এবার শততম জয়ের অপেক্ষা। ৪ পয়েন্ট ধরে রাখার অপেক্ষা। আর অপেক্ষা ইংল্যান্ডের বিপক্ষে মিশন শুরুর আগে নিখুঁত সমাপ্তি!